'স্পন্দন' এর ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল
নৃত্যসংগঠন ‘স্পন্দন’-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল। এ উপলক্ষে কাল ৮ জানুয়ারি রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।
রোববার বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দছ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক প্রমুখ। সভাপতিত্ব করবেন স্পন্দনের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর রহমান সিনহা।
উদ্বোধনী নৃত্য দিয়ে শুরু হবে অনুষ্ঠানটি। থাকবে শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা, একুশে পদকপ্রাপ্ত রাহিজা খানম ঝুনু-কে সম্মাননা প্রদান, আলোচনা। মাহমুদ সেলিম এর গ্রন্থনায় এবং সংগঠনের প্রতিষ্ঠাতা অনিক বোস এর নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় নৃত্যনাট্য ‘জন্মেছি এই দেশে’ দিয়ে শেষ হবে অনুষ্ঠানটি।