'হ্যামলেট' দেখেছেন না দেখবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হ্যামলেট’ নাটকের একটি দৃশ্য
‘হ্যামলেট’ নাটকের একটি দৃশ্য

মঞ্চে উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘হ্যামলেট’ দেখেছেন? বিশ্বের নাট্যপ্রেমীদের কাছে নাটকটি বিশেষভাবে পরিচিত ও আদৃত। বাংলাদেশে বিয়োগান্ত এ নাটকটি প্রযোজনা বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আসছে ১৪ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে রয়েছে নাটকটির তৃতীয় মঞ্চায়ন। নির্দেশনা দিয়েছেন নাট্যজন ও নির্দেশক আতাউর রহমান।

গত ৪০০ বছর ধরে এ নাটকটি বিশ্বের বহু দেশে বিরতিহীনভাবে মঞ্চায়িত হয়ে আসছে। উইলিয়াম শেক্‌সপিয়রকে স্মরণ করতে শিল্পকলা একাডেমির বছরব্যাপী অনুষ্ঠানমালার অন্যতম আয়োজন ছিল প্রয়াত কবি সৈয়দ শামসুল হক অনূদিত ‘হ্যামলেট’। প্রযোজনাটি প্রথম মঞ্চায়িত হয় গত ১৬ এপ্রিল।
‘হ্যামলেট’ লেখা হয় ১৫১৯ ও ১৬০২ খ্রিষ্টাব্দের মাঝামাঝি। বলা হয়ে থাকে, এটি শেক্‌সপিয়ারের সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় নাটক। যুবরাজ হ্যামলেটের বাবা ডেনমার্কের রাজা হ্যামলেটের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কাহিনির শুরু। রাজার মৃত্যুর পর তাঁর ছোট ভাই ক্লডিয়াস তাঁর সিংহাসনে বসেন এবং বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করেন। বাবাকে হারানো এবং চাচার সঙ্গে মায়ের বিয়ে কিছুতেই মেনে নিতে পারে না যুবরাজ। এরই মধ্যে হ্যামলেটের বাবার আত্মা তাঁকে জানিয়ে যায়, সাপের কামড়ে নয়, বিষ খাইয়ে হত্যা করা হয়েছে তাঁকে। 
গল্পের বাকিটা থাকুক। নতুন প্রজন্মের যাঁরা এখনো ‘হ্যামলেট’ নাটকটি দেখেননি, শুক্রবার তাঁদের আমন্ত্রণ জানিয়েছে শিল্পকলা একাডেমি।