ফেসবুকের সিনেমা লিখিয়েরা
ফেসবুকে সিনেমা ও টিভি সিরিজ নিয়ে বেশ কয়েকটি গ্রুপ আছে। এসব গ্রুপে নিয়মিত লেখালেখি করে আলোচিত বেশ কয়েকজন। তাঁদের কেউ ফেসবুকে সিনেমা নিয়ে লেখার সুবাদে চাকরি পেয়েছেন, কেউ পেয়েছেন শিল্পী, পরিচালকদের প্রশংসা।
ফেসবুকের প্রায় শুরুর দিক থেকেই দেশি-বিদেশি সিনেমা, সিরিজ নিয়ে লিখেছেন সৈয়দ নাজমুস সাকিব। তিনি জানান, হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’ দেখার পর ২০১২ সালে ফেসবুকে সিনেমা নিয়ে লেখা শুরু করেন।
সাকিব যে কেবল রিভিউ লিখেছেন, তা নয়; লিখেছেন দেশ-বিদেশের অভিনয়শিল্পী, কলাকুশলী, ছবির কারিগরি দিকসহ নানা বিষয় নিয়ে। একবার যেমন তিনি লিখেছিলেন ‘দ্য ম্যাট্রিক্স’ সিনেমায় দরজার হাতলে দুজনের প্রতিবিম্বের দৃশ্য নিয়ে। হাতলে তো ক্যামেরা ছিল না, তাহলে দৃশ্যটি ধারণ করা হয়েছিল কীভাবে? তাঁর বিশ্লেষণমূলক লেখাটি তখন বেশ আলোচিত হয়েছিল নেট মাধ্যমে।
ফেসবুকে সিনেমা, সিরিজ নিয়ে নিয়মিত লেখালেখি করা আরেকজন মামুনুর রশিদ। চট্টগ্রামের এই তরুণ ২০১৬ সাল থেকে এ পর্যন্ত প্রায় এক হাজার সমালোচনা লিখেছেন। স্রেফ ফেসবুকে লেখালেখির সুবাদেই তিনি একাধিক জাতীয় পত্রিকা, অনলাইনে লেখার সুযোগ পেয়েছেন, সিনেমা নিয়ে বই প্রকাশ করেছেন, পরে লিখেছেন টিভি নাটকের চিত্রনাট্য। মামুনুর রশিদ এখন ঢাকার একটি প্রোডাকশন সংস্থায় কনটেন্ট বিভাগের সৃজনশীল তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন। তিনি মনে করেন, এ কাজ পাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে সিনেমা, সিরিজ নিয়ে ফেসবুকে তাঁর লেখালেখি।
ফেসবুকে যাঁরা লেখালেখি করেন, তাঁদের মধ্যেও আবার ভাগ আছে—কেউ কেবল টিভি সিরিজ নিয়ে লেখেন, কেউ লেখেন কেবল অ-ইংরেজিভাষী টিভি ও ওয়েব সিরিজ নিয়ে। যেমন বলা যায় তাজিম রহমানের কথা।
ফরাসি ‘দ্য ফরেস্ট’, স্প্যানিশ ‘গ্র্যান্ড হোটেল’, বেলজিয়ান ‘পাবলিক এনিমি’র মতো তুলনামূলক কম পরিচিত অনেক সিরিজ নিয়ে লিখেছেন তিনি। এ ছাড়া মামুনুর রশিদ আরেকটি ফেসবুক গ্রুপের সঙ্গে যুক্ত আছেন, যেখানে কেবল একেবারেই কম পরিচিত সিনেমাগুলো নিয়ে লেখালেখি হয়।
কুদরতে জাহান আবার বেশির ভাগ সময় লেখেন ইংরেজি সিরিজ, সিনেমা নিয়ে। আলোচিত কোনো সিরিজ এলেই হলো, তাঁর রিভিউ লেখা সারা। ২০১৬ সাল থেকে লেখালেখি করেন তিনি। সিনেমা নিয়ে লিখলে অনেকে নানা ধরনের মন্তব্য করেন, কেউ সেই সিনেমা বা সিরিজ নিয়ে তাঁদের বিশ্লেষণ তুলে ধরেন, এভাবে সমমনা অনেকের সঙ্গেই আলাপ-পরিচয় হয়। এটা তাঁকে আনন্দ দেয়। ফেসবুকে লেখালেখির কল্যাণে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে লেখার সুযোগ পেয়েছেন, পেয়েছেন অনলাইন প্ল্যাটফর্ম রোর বাংলার ‘সেরা মুভি, সিরিজ রিভিউয়ার’ পুরস্কারও। সিনেমা সিরিজ নিয়ে লেখালেখি ছাড়া কুদরতে জাহান তৈরি করেন বাংলা সাবটাইটেল।
ফেসবুকে সিনেমা নিয়ে লিখে অনেকে পেয়েছেন নির্মাতাদের প্রশংসা। মামুনুর রশিদ জানান, ‘মহানগর’ নিয়ে লেখার পর নির্মাতা আশফাক নিপুণ তাঁর প্রশংসা করেছেন, পোস্ট শেয়ার করেছেন। এ ছাড়া আরেক নির্মাতা শাফায়েত মনসুর রানাও প্রশংসা পেয়েছেন।
ফেসবুকে সিনেমা নিয়ে যাঁরা লেখালেখি করেন, তাঁদের মধ্যে আছেন অভী জিবরানও। তিনি জানান, ‘আয়নাবাজি’ নিয়ে লেখার পর ছবির অন্যতম প্রযোজক গাউসুল আলম শাওন তাঁর লেখার প্রশংসা করেন। ২০১২ সাল থেকে নিয়মিত সিনেমা, সিরিজ নিয়ে লিখছেন অভী। এ পর্যন্ত লিখেছেন হাজারের মতো সমালোচনা। শুরুতে ইংরেজিতে লিখতেন, পরে এক বন্ধুর পরামর্শে বাংলায় সমালোচনা লেখা শুরু করেন। অভী বলেন, ‘বলতে পারেন, সিনেমা নিয়ে লেখার জন্যই আমি বাংলা কি-বোর্ডে লেখা শিখেছি।’ অভী জিবরানের নিজেরই এখন আলাদা ফেসবুক পেজ আছে, যেখানে প্রায় প্রতিদিনই সিনেমা–সিরিজ নিয়ে ছোট-বড় লেখা পোস্ট করেন।
তবে কেবল প্রশংসা নয়, সমালোচকদের মুখোমুখি হতে হয়েছে নানা ঝামেলার। বিশেষ করে দেশীয় কোনো কনটেন্ট নিয়ে লিখতে সমস্যা হয় বলে জানান নাজমুস সাকিব। তিনি বলেন, দেশীয় সিনেমা, নাটক নিয়ে লেখার কারণে অনেক নির্মাতা, শিল্পী তাঁকে ফেসবুকের বন্ধুতালিকা থেকে বাদ দিয়েছেন। সাকিব বলেন, ‘অনেকেই বুঝতে চান না, আমি লিখি তাঁর কাজ নিয়ে, তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই। আসলে আমাদের এখানে অনেকে সমালোচনা নিতে চান না।’ তিনি আরও বলেন, এসব কারণে দেশি কনটেন্ট নিয়ে লেখার সময় কিছুটা সতর্ক থাকেন। সাকিব এখন ফেসবুকে সিনেমা নিয়ে সেভাবে লেখেন না, সিনেমার প্রচারণা নিয়ে একটি বাণিজ্যিক প্ল্যাটফর্মে যুক্ত তিনি। এ ছাড়া ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এ প্রতি সপ্তাহে সিনেমা রিভিউ করেন।
অভী জিবরান জানান, দেশি-বিদেশি যে কনটেন্ট নিয়ে লেখেন, ‘চাপ’ অনুভব করেন না। তিনি বলেন, ‘বলতে পারেন, আমার বেশির ভাগ লেখাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া। দেখার আগে সচেতনভাবেই কনটেন্টটি সম্পর্কে আগাম তথ্য না জানার চেষ্টা করি, দেখার সঙ্গে সঙ্গেই লিখে ফেলি। কে কী ভাবল, সেটা নিয়ে মাথা ঘামাই না।’
ফেসবুকে লেখার আরেকটি বড় সমস্যা, লেখা চুরি হওয়ার শঙ্কা। সবাই জানান, তাঁদের লেখা অনেকেই নিজের নামে চালিয়েছেন, এমন ঘটনা অনেকবারই ঘটেছে। দেশীয় সিনেমা নিয়ে লিখলে আরেকটা সমস্যা হয়, কোনো তারকার ছবির প্রশংসা করলে অন্য তারকার ভক্তরা রেগে যান। এ ছাড়া কোনো কোনো সমালোচকের বিরুদ্ধ ইচ্ছাকৃতভাবে সুনির্দিষ্ট তারকার ছবি ভালো, অন্য তারকার ছবিকে নেতিবাচকভাবে তুলে ধরার অভিযোগ আছে।
এ প্রসঙ্গে বাংলা সিনেমা, নাটক নিয়ে নিয়মিত লেখালেখি করা হৃদয় সাহা মনে করেন, নির্মোহভাবে লিখলে এ সমস্যা হওয়ার কথা নয়। তিনি জানান, লেখার সময় কনটেন্ট সম্পর্কে নিজের ভালো লাগা, মন্দ লাগা খোলামেলাভাবে লেখেন। কে রাগ করবেন আর কে খুশি হবেন, সেটি ভাবেন না।
ফেসবুকে রিভিউ লিখতে গিয়ে অনেকে আবার ‘স্পয়লার’ দিয়ে দেন। অভী জিবরান মনে করেন, লেখার শুরুতে বিষয়টি পরিষ্কার করে দিলে এই সমস্যা মিটে যায়। তিনি বলেন, ‘সিনেমা বা সিরিজ নিয়ে কেউ যদি বিশ্লেষণধর্মী লেখা লেখেন, তাহলে শুরুতেই “স্পয়লার অ্যালার্ট” দিয়ে দেওয়া উচিত।’
ফেসবুকের এই সিনেমা লিখিয়েরা মনে করেন, তাঁদের মতো আরও অনেকের লেখালেখির কারণে দেশি-বিদেশি সিনেমার প্রতি তরুণদের আগ্রহ বেড়েছে।