প্রকৃতি পর্যায়ের ২৫টি গান নিয়ে অ্যালবাম করব

অণিমা রায়
অণিমা রায়

প্রাণের মাঝে আয় অণিমা রায়–এর গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম। বেরিয়েছে গতকাল শনিবার। প্রকাশ করেছে লেজার ভিশন। ওই দিন সন্ধ্যায় রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন হলে অ্যালবামটির মোড়ক খোলার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে অণিমা রায়ের সঙ্গে কথা হয় দুপুরে। অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে তিনি জানান, মোড়ক খোলার পর ঘণ্টা দেড়েক গান করবেন তিনি। এর মধ্যে থাকবে তাঁর নতুন অ্যালবাম আর পছন্দের কিছু গান। অণিমা রায়ের ভাষায়, ‘আমার কাছে সবাই যে গানগুলো শুনতে চান, তেমনি কিছু গান করব।’
‘প্রাণের মাঝে আয়’ তো রবীন্দ্রসংগীতের প্রেম পর্যায়ের গান।
আমার এই অ্যালবামের ১২টি গানই প্রেম পর্যায়ের। এর আগে আমি প্রেম পর্যায়ের ১৩টি গান নিয়ে আরেকটি অ্যালবাম করেছি। নাম তোমার বিরহে। প্রেম পর্যায়ের ২৫টি গান করব—অনেক দিন থেকেই এমন পরিকল্পনা করছিলাম। তোমার বিরহে বেরিয়েছে এবার পঁচিশে বৈশাখ আর এবার প্রাণের মাঝে আয়।
বাইশে শ্রাবণ তো আপনার আরেকটি অ্যালবাম বেরিয়েছিল।
হ্যাঁ, প্রতীক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা নৃত্যনাট্যের ভাবনা নিয়ে। এই অ্যালবামে আমি গান করেছি আর পাঠ করেছেন কলকাতার বাচিক শিল্পী রত্না মিত্র। কলকাতায় অ্যালবামটি প্রকাশ করেছে কসমিক হারমোনি এবং ঢাকায় ফাহিম মিউজিক।
‘প্রাণের মাঝে আয়’ অ্যালবামের গানগুলোর কথা বলুন।
‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’, ‘প্রাণ চায় চক্ষু না চায়’, ‘আমার প্রাণের মাঝে’, ‘এসো আমার ঘরে’, ‘আমি তোমার সঙ্গে’, ‘যদি বারণ করো’, ‘আমি জেনেশুনে’, ‘পুরানো সেই দিনের কথা’, ‘দূরে কোথাও’, ‘আমার মন মানে না’, ‘আমার প্রাণের পরে’ আর ‘এই কথাটি মনে রেখো’। গানগুলো আগে থেকেই খুব জনপ্রিয়। সব কটি গানের সংগীতায়োজন করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। প্রাচ্য ও পাশ্চাত্যের বাদ্যযন্ত্রের মিশ্রণে ভিন্নমাত্রার সংগীতায়োজন করেন তিনি। অ্যালবামটির কাজ করেছি চলতি বছরের সেপ্টেম্বর মাসে।
‘প্রাণের মাঝে আয়’ আপনার কততম অ্যালবাম?
এটি আমার গাওয়া রবীন্দ্রসংগীতের সপ্তম অ্যালবাম।
এরপর কী ভেবেছেন?
প্রেম পর্যায়ের মতো রবীন্দ্রসংগীতের প্রকৃতি পর্যায়ের ২৫টি গান করব। দুটি অ্যালবামে থাকবে গানগুলো।
সাক্ষাৎকার: মেহেদী মাসুদ