লোকগান আমাদের শেকড়ের গান

লালন রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুই দিনের লালন উৎসব ২০১৫। বাউল সাধক ফকির লালন সাঁইজির ১২৫ তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের শেষ দিনে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আজ বিকেল সাড়ে ৫টায় লালনের গান শোনাবেন লোকগানের শিল্পী বিমান চন্দ্র বিশ্বাস। রাজধানী ও এর বাইরের লালনগীতি চর্চা ও লোকগান নিয়ে কথা বলেছেন এই শিল্পী।
গান নিয়ে কী কাজ করছেন এখন?
১০১ জন গীতিকবির গান করছি। ইতিমধ্যে প্রায় ৪০টি গান রেকর্ড করা হয়ে গেছে। নিজ উদ্যোগেই কাজটি করতে হচ্ছে। ফিউশন বা রিমেক নয়। গানগুলি রেকর্ড হচ্ছে পুরোপুরি অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র সহযোগে। গানগুলো শুনলে মাটির স্বর পাওয়া যাবে।
লোকগান চর্চার বর্তমান অবস্থাটা কেমন?
আমাদের এখানে লোকগানকে মনে করা হয় অশিক্ষিত লোকেদের গান। কিন্তু সেই গানগুলো নিয়েই এখন গবেষণা হচ্ছে। শিক্ষিতজনেরা এগিয়ে আসছেন এই কাজে। লোকগান আমাদের শেকড়ের গান। এই গানকে বিশ্বের গানের দরবারে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে যা যা করা দরকার সবাই মিলে সেই চেষ্টা করছেন।
লোকগানের শিল্পীদের জন্য কী কিছু করা হচ্ছে?
লোকগানের শিল্পীদের জন্য সরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণের চেষ্টা চলছে। শিল্পকলা একাডেমি তাঁদের গান গাইতে সেখানে আমন্ত্রণ জানাচ্ছেন। যাঁরা খুব ভালো গান করেন, তাঁদের গান রেকর্ডিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে।
‘জাগরণের গান’-এ আপনার অ্যালবামটি কেমন সাড়া ফেলেছিল?
জাগরণের গান-এর পুরো সিরিজটি বেশ সাড়া ফেলেছিল। ওই সময়ে আমার একক অ্যালবাম ‘গুরু আমায় করো করুণা’ অ্যালবামটি বেশ শ্রোতানন্দিত হয়েছিল। অ্যালবামটি ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনয়ন পেয়েছিল। গানগুলোর রেকর্ডিং করা হয়েছিল কলকাতায়। সংগীত পরিচালনা করেছিলেন অমিত বন্দ্যোপাধ্যায়।
রাজধানী ও এর বাইরের লালনগীতির চর্চায় কোনো পার্থক্য লক্ষ্য করেন?
হ্যাঁ, খানিকটা পার্থক্যতো আছেই। লোকগান অনেকটা নদীর মতো। নদী যেমন ৫ কিলোমিটার পর পর বাঁক বদলায় লোকগানও তেমন। গানগুলো গ্রাম থেকে শহরে এসে যখন গীত হয় তখন এর সুর খানিকটা বদলে যেতেই পারে। তা ছাড়া গায়কি ভিন্ন হওয়ার কারণেও একটু অন্যরকম শোনায়। লোকগান কিংবা লালনের গানের ক্ষেত্রে এটা হওয়া স্বাভাবিক ব্যাপার। আখড়ায় গানগুলো যেভাবে গাওয়া হয়, শহরে তো তেমন করে গাওয়া যায় না।
নতুন প্রজন্মের যাঁরা লালনের গান করছেন তাঁরা মান ঠিক রাখছেন?
নতুনেরা গাইছেনও নতুন প্রজন্মের জন্য। ফলে গানগুলো গাওয়া হচ্ছে আধুনিক যন্ত্র ব্যবহার করে। এতে গানগুলো নতুন প্রজন্মের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠছে। তবে নতুন এই শিল্পীদের মাথায় রাখতে হবে যে, গানের কথা ও সুর যেন অবিকৃত থাকে।
আজ কতগুলো গান শোনাবেন?
আজ শুধু লালনের গানই করব। প্রায় ১৬ থেকে ১৮টি গান শোনানোর পরিকল্পনা আছে।
সাক্ষাৎকার: রাসেল মাহ্মুদ