‘আমার জীবনে আফসোসের কোনো জায়গা নেই’
অভিনয়ে এসেছিলেন শখ করে। এখন অভিনয় নিয়েই ব্যস্ততা। চাঁদরাত পর্যন্ত টানা শুটিং। অপূর্ব, জোভান, তৌসিফ, ফারহানদের সঙ্গে ঈদের ১২টি নাটকে জুটি হয়েছেন। গত বৃহস্পতিবার ‘বিনোদন’–এর মুখোমুখি হলেন তরুণ অভিনেত্রী কেয়া পায়েল
প্রশ্ন :
ফোনে পাওয়া যাচ্ছিল না...
দুই–তিন দিন অসুস্থ ছিলাম। সিজনাল সমস্যা। জ্বর, ঠান্ডা। এর মধ্যে অসুস্থ শরীর নিয়েই শুটিং করতে হচ্ছে। একটি নাটকের শুটিং স্থগিত করতে হয়েছে। ঈদের কাজ, সব তো আর বাতিল করা সম্ভব নয়। প্রতিটি কাজের সঙ্গে অনেকে জড়িত। আজ থেকে (বৃহস্পতিবার) আবার শুটিং শুরু করেছি।
প্রশ্ন :
ঈদের কাজ নিয়ে তাহলে ভালোই ব্যস্ত?
এবার ঈদের জন্য কম কাজ করেছি। তা ছাড়া এবার ভালোবাসা দিবসের পরে ঈদের কাজের জন্য সময় একদম কম পেয়েছি। ১০ থেকে ১২টির মতো নাটক ঈদে প্রচারিত হবে। ভালো কাজ করার চেষ্টা করেছি, যেন দর্শক মনে রাখে।
প্রশ্ন :
আগে তো কাজের সংখ্যা দ্বিগুণ থাকত...
কখনো মনে করিনি, বেশি কাজ করে লাইমলাইটে আসব। দর্শক আমাকে চিনবে না কেন, কেন আমার একটা জায়গা তৈরি হচ্ছে না—এসব নিয়ে কখনোই মাথাব্যথা ছিল না। আগে বেশি কাজ করেছি। এখন কাজের সংখ্যা বাড়াতে চাই না। শুরু থেকেই কোয়ালিটিকে গুরুত্ব দিয়ে কাজ করতে চেয়েছি।
প্রশ্ন :
তার মানে আপনি কখনো চাননি লাইমলাইটে আসতে হবে?
শুরু থেকেই আমি লাইমলাইটে আসতে চাইনি। কারণ, শখ করে অভিনয়ে আসা। মিডিয়াতে দুই–তিনটা কাজ করব, এমন ইচ্ছা ছিল; নায়িকা হব কখনো ভাবিনি। এখন দর্শক আমাকে চিনতে শুরু করেছে, প্রশংসা করে—দিন শেষে এটাই শখের কাজের আনন্দ। এখান থেকেই ভালো কাজের প্রেরণা পাই। তখন মনে হয়, আর শখ নয়, এখন দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করা উচিত। শুধু তা–ই নয়, আমি যেমন মানুষের কাছ থেকে শিখি, তেমন চাই, তারাও যেন আমার কাছ থেকে কিছু না কিছু শেখে। যে কারণে এখন ক্যারিয়ার নিয়ে সিরিয়াস।
প্রশ্ন :
বললেন শখের বশেই অভিনয়ে এসেছেন। হঠাৎ যদি অভিনয়ে আর টিকে থাকা সম্ভব না হয়?
অভিনয় থেকে দূরে সরতে হলেও আমার কোনো আফসোস থাকবে না। আমি এখন মারা গেলেও আমার কোনো আফসোস থাকবে না। আমার জীবনে আফসোসের কোনো জায়গা নেই। জীবনে আফসোস পুষে রাখি না। যখন যেটা করার দরকার, করে ফেলি। জীবনটা এমনই। বাস্তবতাকে চাইলেও মানতে হবে, না চাইলেও মানতে হবে। ভালো থাকার জন্য বাস্তবতাকে সহজে মেনে নিই। আফসোস থাকা, অনেক স্বপ্ন থাকা মানুষকে একটা সময় কষ্ট দেয়।
প্রশ্ন :
আপনার ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রাপ্তি কী
অল্প সময়ে ভক্তদের ভালোবাসা পেয়েছি। নিজের দায়িত্ব নিতে পেরেছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। আব্বু–আম্মুর কাছে টাকা চাইতে হয় না। কিছু মানুষ আমাকে চেনে, সম্মান করে। এগুলো আমার কাছে অনেক বড় বিষয় মনে হয়।
প্রশ্ন :
‘কেয়া’ ‘পায়েল’ দুটোই তো মনে হয় ডাকনাম...
বাসার সবাই ডাকে ‘কেয়া’। আর দর্শক ডাকে ‘পায়েল’। তাদের সবার ভালোবাসায় আমি কেয়া পায়েল।
প্রশ্ন :
ঈদে কোন নাটকগুলো নিয়ে আশাবাদী?
সব নাটক নিয়েই আশাবাদী। অপূর্ব ভাইয়ার সঙ্গে ‘ঈর্ষা’, জোভানের সঙ্গে ‘লাভ ইউ ভাইয়া’, তৌসিফের সঙ্গে ‘ফিটিং ইসমাইল’, ফারহানের সঙ্গে ‘পোস্টম্যান’সহ আরও বেশ কিছু কাজের কথা বলা যায়। কোনো নাটকে শহরের রোম্যান্টিক মেয়ে, কখনো গ্রামের গৃহবধূ। কিছু নাটকে প্রাধান্য পেয়েছে নারী চরিত্র। সেসব চরিত্রে বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ, প্রতিকূলতা উঠে এসেছে। কাজগুলো নিয়ে আমি খুশি।
প্রশ্ন :
ঈদ, শপিং নিয়ে পরিকল্পনা কী
চাঁদরাত পর্যন্ত টানা কাজ। আর শুটিংয়ের জন্য শপিং নিয়মিতই করতে হয়। কিন্তু ঈদ তো বিশেষ। সময়টা প্রিয়জনদের সঙ্গে কাটানো হয়। বেড়ানো হয়। শুটিংয়ের মধ্যে শপিংয়ে যেতে পারব কি না, বুঝছি না। যাওয়ার চেষ্টা করব। তা ছাড়া ঈদে বাসার লোকেরাও শপিং করে দেয়। ঈদে অনেক গিফট পাই। এসব নিয়ে ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ কাটবে।