‘আগে প্রেম করতাম, এখন করি না’

আরশি হোসাইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়, নাচ, গানে আগ্রহ ছিল। যদিও পরিবারের কেউ এ জগতে ছিলেন না। অনেকটা ‘লুকিয়ে’ এসেছেন অভিনয়ে। বাণিজ্যিক ঘরানার দুই সিনেমার পর একদমই ভিন্ন ঘরানার রোহিঙ্গা সিনেমায় অভিনয় করে প্রশংসা পাচ্ছেন তরুণ অভিনেত্রী আরশি হোসাইন। সিনেমা ও ক্যারিয়ার নিয়েই কথা হলো তাঁর সঙ্গে।

প্রশ্ন:

গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘রোহিঙ্গা’। সিনেমাটি নিয়ে কী ধরনের মন্তব্য পাচ্ছেন?

যাঁরা দেখেছেন, সবাই প্রশংসা করেছেন। গতকাল (রোববার) প্রিমিয়ার ছিল। সেখানে সবাই আমার অভিনয়ের প্রশংসা করেছেন। সিনেমাটিও তাঁদের ভালো লেগেছে। আমি সিনেমাটি নিয়ে অনেক খুশি।

প্রশ্ন:

সিনেমাটি নিয়ে আপনার প্রত্যাশা কতটা পূরণ হয়েছে?

আমি হয়তো অত ভালো শিল্পী না। নিজের জায়গা থেকে চেষ্টা করেছি। নির্মাতার ওপর ভরসা ছিল। পর্দায় নিজেকে দেখে অবাক হয়েছি। আমি যা আশা করেছি, তার চেয়ে বেশি পেয়েছি।

প্রশ্ন:

প্রথম দুটি বাণিজ্যিক ঘরানার সিনেমায় অভিনয় করেছিলেন, ‘রোহিঙ্গা’ তো একেবারেই ভিন্ন ঘরানার।

সিনেমায় কাজ করার কারণে পরিচালক সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড ভাইয়ের সঙ্গে পরিচয় ছিল। তিনি আমাকে একদিন বললেন, রোহিঙ্গাদের ঘটনা নিয়ে সিনেমা করছেন। সেখানে একটি চরিত্রে অভিনয় করতে হবে। ডায়মন্ড ভাই গুণী পরিচালক। তাঁর সিনেমা দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকবে। সেই আশাতেই যুক্ত হয়েছি। কোন চরিত্র, সেটা নিয়ে আপত্তি ছিল না। মজার ব্যাপার হচ্ছে, তখনো আমি জানতাম না, সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করব। পরে সব শোনার পরে তখন খুশি ও চাপ দুটোই ছিল।

আরশি হোসাইন
প্রশ্ন:

রোহিঙ্গা ক্যাম্পে শুটিং হয়েছে, সিনেমার একটি দৃশ্যে আপনাকে পাহাড় থেকে পড়ে যেতেও দেখা যায়। শুটিং নিয়ে উল্লেখযোগ্য ঘটনা আছে?

উখিয়ায় গিয়েই আমি রোহিঙ্গা চরিত্রের সঙ্গে মিশে যাই। একবার রোহিঙ্গা মনে করে কিছু খাওয়ার জন্য একজন ২০ টাকা দিয়েছিল। আমি নিচ্ছিলাম না, তখন সেই বয়স্ক লোক বলছিলেন, এতে লজ্জার কিছু নেই। পরিচালক ইশারা করলে তখন নিই। পাহাড়ে পড়ে যাওয়ার দৃশ্যটার জন্য অনেক কষ্ট করেছি। সাপ ও জোঁকের ভয় ছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আমার তো দম বন্ধ হয়ে গিয়েছিল। গায়ে জোঁকও লেগেছিল!

আরশি হোসাইন
প্রশ্ন:

চরিত্র কতটা চ্যালেঞ্জিং ছিল?

চরিত্রটি নিয়ে তেমন সময় না পেলেও চেষ্টা করেছি। সব সময় রোহিঙ্গাদের মতো করেই থাকতাম। ক্যাম্পের অন্যরা আমাকে রোহিঙ্গা মনে করত। একবার নাফ নদী থেকে শুটিং করে উখিয়ায় ফিরছি। খুব ক্লান্ত। পরিচালকসহ পুরো টিম অনেকটা সামনে, ধীরে হাঁটায় কিছুটা পেছনে পড়ে যাই। হঠাৎ আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর লোক আটকায়। আমাকে আসতে দেবে না। তারা মনে করেছিল আমি রোহিঙ্গা। পরে পরিচালক উদ্ধার করেছিলেন।

রোহিঙ্গা সিনেমায় অভিনয় করে প্রশংসা পাচ্ছেন আরশি হোসাইন
প্রশ্ন:

চরিত্রে আপনার হাতে একটা ঘড়ি বিশেষ গুরুত্ব পাচ্ছিল, এর কোনো কারণ আছে?

রাখাইন থেকে আসা প্রায় প্রতিটা রোহিঙ্গার হাতে ঘড়ি থাকবেই। এর কারণ, রাখাইনে কেউ এক এলাকা থেকে অন্য এলাকায় গেলে সেনাদের বাধার মুখে পড়তেন। তখন সেনারা সেই ব্যক্তির নাম লিখে রাখে। এবং সময় বেঁধে দেয়, নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরতে হবে। এর হেরফের হলেও নির্যাতন চলত। যে কারণে ঘড়ি ধরে চলত জীবন।

প্রশ্ন:

কবে, কীভাবে অভিনয়ে এসেছিলেন?

শৈশব থেকেই নাচ, গান, অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। কিন্তু পরিবার বাধা দিত। কিছুটা লুকিয়েই ২০১৬ সাল থেকে কাজ শুরু করি। বাজে ছেলে ও রিয়েল নামে দুটো সিনেমায় অভিনয় করেছি। আগামী ডিসেম্বর থেকে আরেকটির কাজ শুরু হবে। আমার শুরুটা দুঃসময়ে। ২০১৬ সালে ঢালিউড চলচ্চিত্র খারাপ সময় পার করছিল। পরে করোনা দুঃসময়কে বাড়িয়ে দেয়। শুরুতে শখ থাকলেও অভিনয় এখন ভালো লাগে। অভিনয় নিয়েই পরিকল্পনা। সবার মতো টিকে থাকতে কষ্ট করে যাচ্ছি। আশা নিয়েই এগোচ্ছি।

প্রশ্ন :

আপনার বাবা, মা...

আমরা সাত ভাইবোন। আমার বাবা–মা যশোরে থাকেন। আর আমি যশোরে পড়াশোনা করেছি। অভিনয়ের জন্য ঢাকায় আসা।

আরশি হোসাইন

প্রশ্ন :

প্রেম, বিয়ে প্রসঙ্গে কিছু বলবেন?

এখনো বিয়ে করিনি। আগে প্রেম করতাম, এখন করি না। অভিনয় শিখে অভিনয় নিয়েই থাকতে চাই। বাকিটা সময় বলে দেবে। সবার আগে ক্যারিয়ারটা দাঁড় করাতে চাই।