প্রত্যেক শিল্পী থেকেই কিছু না কিছু নিই
ঈদে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘ইনফিনিটি ২’। এ সিরিজে অভিনয় করেছেন সামিয়া অথৈ। ঈদের কাজ ও নানা প্রসঙ্গে গতকাল শুক্রবার তাঁর সঙ্গে কথা বলেছে ‘বিনোদন’
প্রশ্ন :
ঈদ কেমন কাটল?
পরিবারের সবার সঙ্গে ছিলাম, আনন্দ করলাম। ‘ইনফিনিটি ২’ সবাই মিলে দেখলাম। আমার ঘুরতে ভালো লাগে। ঈদের পরপর পরিবার নিয়ে নেপালে ঘুরতে গিয়েছিলাম। ফিরে এসে আবার আগের রেগুলার জীবন শুরু করেছি।
প্রশ্ন :
‘ইনফিনিটি ২’-এর অভিজ্ঞতা কেমন ছিল?
এ সিরিজের অভিজ্ঞতা যেমন সুন্দর, তেমন কষ্টেরও। সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কষ্ট করতে হয়েছে। আমি কখনো অ্যাকশন দৃশ্যে অভিনয় করিনি, এ সিরিজে করতে হয়েছে। এর আগে সবাই আমাকে দেখেছেন খুবই নমনীয়, কিউট, সহজ-সরল চরিত্রে। কিন্তু সে মেয়েটাই যে অ্যাকশন করতে পারে, সেটা দেখেছেন দর্শক।
প্রশ্ন :
চরিত্রের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করলেন?
আমি সব সময় চাই ব্যতিক্রমধর্মী কাজ করতে, এ ধরনের গল্প খুঁজছিলাম। শুটিং শুরুর আগেই মার্শাল আর্ট স্কুলে গিয়ে ৭ থেকে ১০ দিন অনুশীলন করেছি। এ সময়ের মধ্যে যেটুকু পারা যায়, সেটুকুতে নিজেকে প্রস্তুত করেছি। শুটিংয়ে ফাইট করার পর সবাই হাততালি দিয়েছেন, ওটাই আমার অর্জন। এটা আমার প্রিয় কাজগুলোর মধ্যে একটা।
প্রশ্ন :
আপনার কেমন চরিত্র পছন্দ?
আমাদের চারপাশে নারীদের অনেক ধরনের গল্প রয়েছে। কিন্তু এ ধরনের গল্প নিয়ে তেমন কাজ করা হয় না। সব সময় নায়কপ্রধান কাজ হয়। আমি মনে করি, নারীদের গল্পগুলো যদি তুলে আনা হয়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো, সেটা থ্রিলার, অ্যাকশন বা রোমান্টিক যেমনই হোক না কেন। চরিত্র পছন্দের ক্ষেত্রে গল্পটা গুরুত্বপূর্ণ। দর্শক গল্পের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারছেন কি না, এটাই মুখ্য।
সিনেমা, ওয়েব ও টেলিভিশনে অভিনয় করেছেন। কোনটা বেশি উপভোগ করেন?
যখন কাজ করি, তখন ভুলে যাই সিনেমা, সিরিজ নাকি নাটকের জন্য কাজ করছি। আমার কাজ অভিনয় করা, নিজের চরিত্রটাকে তুলে ধরার চেষ্টা করি। নিজের কাজটাকে ভালোবাসি, সেটা যে প্ল্যাটফর্মেরই হোক না কেন। তবে ছোট পর্দায় কম সময়ের মধ্যে অনেকগুলো দৃশ্যে শুট করতে হয়। নিজেকে প্রস্তুত করা যায় না। সে ক্ষেত্রে ওয়েব সিরিজ আর সিনেমায় অনেক সময় পাওয়া যায়, নিজেকে ভেঙে দর্শকের সামনে নতুনভাবে তুলে ধরা যায়।
প্রশ্ন :
কার অভিনয় আপনাকে উৎসাহিত করে?
সবার কাজ দেখি। আমার সহকর্মীদের যে কাজই আসুক, দেখি। প্রত্যেক শিল্পী থেকেই আমি কিছু না কিছু নিই। এ ছাড়া জয়া আপুর (জয়া আহসান) কাজ ভালো লাগে। তার ন্যাচারাল অভিনয় আমাকে টানে। আমি এখনো শিখছি, সামনেও শিখব, শেষ পর্যন্ত শিখে যাব।
প্রশ্ন :
সামনে আর কী কী কাজ আসবে?
একটা অ্যানথোলজি ফিল্মে কাজ করছি। এতে আমার সহশিল্পী ফজলুর রহমান বাবু ভাই। এখানে আমাকে দুটি লুকে দেখা যাবে। তার মধ্যে একটা আশি-নব্বইয়ের দশকের লুক। এ সময়ের প্রেক্ষাপটে এটা ব্যতিক্রমধর্মী কাজ। এ ছাড়া ঈদের আগে একটা নাটকের শুটিং করেছিলাম, সেটার ডাবিং করব সামনে। কয়েকটি সিনেমারও কথা চলছে।