অনেক কাছের বন্ধু আমাকে হাসপাতালে দেখতেও যায়নি...
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আগামীকাল চ্যানেল আইয়ে প্রচারিত হবে সালাহউদ্দিন লাভলুর নাটক ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী। এই নাটক, দুর্ঘটনার পর অভিনয়ে ফেরাসহ নানা প্রসঙ্গে গতকাল তাঁর সঙ্গে কথা বলেছে বিনোদন
প্রশ্ন :
‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’ নাটকটা কী নিয়ে?
গল্পটা হুমায়ূন আহমেদের জীবন থেকে প্রেরণা নিয়ে লেখা। এক তরুণ বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরে হুমায়ূন আহমেদের মতো লেখক হতে চায়। এরপর ‘দরিদ্রতার স্বাদ’ নিয়ে সে এক ভাড়া বাসায় ওঠে। সেখানে এক তরুণী তাকে পছন্দ করে। এরপর নানা ঘটনা ঘটতে থাকে।
প্রশ্ন :
আপনি তো আবার অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন...
তা বলতে পারেন। ভিকি জাহেদের ‘আমি কী তুমি’র পর এই নাটক করলাম, সেরনিয়াবাত শাওনের পরিচালনায় তানজিন তিশার সঙ্গে একটি নাটক করলাম। একটি সিনেমাও করেছি, নির্মাতা এখনো প্রচার শুরু করেননি, তাই নাম বলতে পারছি না। একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার শুটিং করে নওগাঁ থেকে আজই (গতকাল) ঢাকায় ফিরলাম। এখন ভালো টিমের সঙ্গে কাজ করতে চাই, যারা সময় নিয়ে যত্ন করে গল্প বলার চেষ্টা করে।
প্রশ্ন :
‘নেটওয়ার্কের বাইরে’ মুক্তির পর প্রশংসিত হচ্ছিলেন, এমন একটা সময় দুর্ঘটনায় পড়লেন। অভিনয় কতটা মিস করেছেন?
খুবই মিস করেছি। ওই সময় আমার হাতে অনেকগুলো কাজ ছিল। তবে সবচেয়ে বড় বিষয় হলো দুর্ঘটনার পর আমি শারীরিক ও মানসিকভাবে খুব খারাপ অবস্থায় ছিলাম। চার মাস তো হাসপাতালেই ছিলাম, ঠিকভাবে দাঁড়াতে ১৩ মাসের মতো সময় লেগেছে। ওজন বেড়ে ১০৪ কেজি হয়ে যায়, হাত, নাক থেকে শরীরের প্রায় সব হাড়গোড়ই তো ভেঙেছিল। কাজ করতে না পারলেও এই ১৩ মাস আমার জীবনের বড় শিক্ষা। দুর্ঘটনা থেকে দুটি বিষয় শিখেছি—জীবনে শৃঙ্খলা ও গাড়িতে সিট বেল্ট বাধা খুব জরুরি।
প্রশ্ন :
দুর্ঘটনার পর শারীরিকভাবে সুস্থ হওয়ার সঙ্গে মানসিকভাবে চাঙা থাকার চ্যালেঞ্জ তো থাকে।
মানসিক ট্রমা কাটিয়ে ওঠা সহজ ছিল না। প্রায়ই মনে হতো, আর কাজ করা হবে না। আর হয়তো কখনো উঠে দাঁড়াতে পারব না, এই ভয়টা ছিল। এসব ভাবনা থেকে উদ্বেগ তৈরি হয়। উদ্বেগের পথ ধরে আসে বিষণ্নতা। আমি সবকিছুর মধ্য দিয়েই গিয়েছি। কাজ করার প্রবল ইচ্ছাশক্তি ছিল, সে জন্যই হয়তো এক বছরের মধ্য আবার ক্যামেরার সামনে দাঁড়াতে পেরেছি।
প্রশ্ন :
দুর্ঘটনার পর কাদের পাশে পেয়েছেন?
সবচেয়ে বড় সমর্থন পেয়েছি পরিবারের কাছ থেকে, মা-বাবা, ভাইবোন পাশে ছিলেন। অনেক কাছের বন্ধু আমাকে হাসপাতালে দেখতেও যায়নি। হয়তো ভেবেছে, আমি মারা যাব। এসব নিয়ে আমার কোনো দুঃখ নেই। কারণ, এ ধরনের পরিস্থিতি তৈরি না হলে বোঝা যায় না, কে আপনাকে গুরুত্ব দেয়। সত্যিটা হলো, দিন শেষে পরিবারই আপনার পাশে থাকে।
প্রশ্ন :
‘আমি কী তুমি’ দিয়ে শুটিংয়ে ফিরলেন। বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ানো কতটা চ্যালেঞ্জিং ছিল?
এ ক্ষেত্রে আমি পরিচালক ভিকি জাহেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে (সিরিজের সহ–অভিনেত্রী) ধন্যবাদ দিতে চাই। আমি কাজটা ঠিকঠাকভাবে করতে পেরেছিলাম এ দুই মানুষের কারণে। মেহজাবীনের অভিনয় আমাকে অনুপ্রাণিত করেছে নিজের কাজটা করতে।
প্রশ্ন :
এত বড় দুর্ঘটনার পর ফিরলেন। বিরতির পর অভিনয় নিয়ে আপনার লক্ষ্য কী?
দুর্ঘটনার আগে সংশয়ে ছিলাম—আমি আসলে কী করব! আমার পরিবারের প্রায় সবাই দেশের বাইরে থাকেন। আমি অভিনয় করব, নাকি পরিবারের কাছে ফিরব—এটা নিয়ে দ্বিধায় ভুগতাম। কিন্তু এখন আর কোনো সংশয় নেই—আমি ঠিকঠাক অভিনেতা হতে চাই। সেটা হওয়ার জন্য যা যা করা দরকার, সেগুলোই করছি।