‘আমরা শিল্পীরা ভিউয়ের জন্য এত নিচে নামছি না, আমাদের নামানো হচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি মুক্তি পেয়েছে নাটক ‘পকেটমার’। নাটকটিতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও অহনা রহমান। এই জুটির বেশি কিছু নাটকের ভিউ কোটির ওপরে। তাঁরা ফেসবুকে জানিয়েছিলেন ব্যক্তিজীবনের সম্পর্কের কথা। সেটা কখনো স্বীকার করেননি। কাজ ও নানা প্রসঙ্গে কথা হলো অভিনেতা শামীম হাসানের সঙ্গে
অভিনেতা শামীম হাসান সরকার। ছবি: ফেসবুক

প্রশ্ন :

কেমন আছেন? শুটিংয়ে?

এই তো ভালো আছি। আজকে শুটিং বলতে কিছু প্যাচওয়ার্ক আছে। সেগুলো করব।

প্রশ্ন :

আপনার সঙ্গে তো তানিয়া বৃষ্টিকে তেমন দেখা যায় না। তাঁর সঙ্গে ‘গ্রামের বন্ধু’ নামের একটি কাজে...সেই নাটকের বাকি শুটিং?

তানিয়া আমার বন্ধু। আমাদের কোনো বিরতি নেই। একসঙ্গে প্রায়ই কাজ করা হয়। আজকের প্যাচওয়ার্কের কাজটা অনেক আগের। সহশিল্পী অহনা।

প্রশ্ন :

‘পকেটমার’ নাটকের বেশ কিছু ভিডিও ফেসবুকে দর্শক দেখছেন...

এটা পবিত্র রোজার মাসে শুটিং করা। এত পরে আসার কারণে সাড়াটা কম। ফ্রেশ নাটক ফ্রেশ এলেই বেশি সাড়া পাওয়া যায়। মোবাইল চুরিসহ বেশ কিছু দৃশ্য ফেসবুকে হিট হয়েছে। যাঁরা দেখছেন, তাঁরা ভালো বলেছেন।

প্রশ্ন :

কখনো কি শুনেছেন, কেউ বলছেন আপনার অভিনয়টা গতানুগতিক হয়ে যাচ্ছে?

এমনটা আমাকে কেউ বলে না। নাটক ফ্লপ হলেও অ্যাক্টিং দিয়ে সব সময় বের হয়ে আসছি। বাকি কো-আর্টিস্ট তো আমার হাতে থাকে না। কিন্তু একজনের সঙ্গে কাজ করা দেখলে এটা বলে, ‘আপনি পাঁচ থেকে ছয়জনের সঙ্গে কাজ করছিলেন, সেটাই ভালো ছিল?’

আরও পড়ুন
‘সেলসম্যান’ নামের একটি নাটকের দৃশ্যে অভিনেতা শামীম হাসান সরকার। ছবি: ফেসবুক

প্রশ্ন :

সম্প্রতি ফেসবুকে শিল্পী হিসেবে অপ্রাপ্তির কথা ভাগাভাগি করেছিলেন, যার মূল বক্তব্য, শিল্পীরা শুধু টাকার পেছনেই ছুটছেন? কেন মনে হলো, এই সময়ে কথাগুলো লেখা উচিত?

একই রকম গল্প করতে করতে আমরাও ক্লান্ত। দর্শকেরা কেন ভাববে আমার রুচি এত নিম্নমানের? আমিও তো চাইব ভালো গল্প, ভালো মেকিংয়ে কাজ করতে। সেটা হয়ে উঠছে না। এখানে টাকাই কেন প্রধান হবে?

প্রশ্ন :

এ সংকট কীভাবে তৈরি হচ্ছে?

এটা তো আমার হাতে নেই। পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পী—সবাই মিলে এটা নিয়ে কাজ করত হবে। যখন ওয়ার্ক অর্ডার আসে, সেখানে নতুন মেয়েকে কাজে নিতে চাইলে প্রযোজক রাজি হয় না। এখন তাদের সঙ্গে তাল না মেলালে আমার পকেটের টাকাও আটকে যাবে। আমার হাতে ক্ষমতা নেই। তারা যেমন রুচির কাজ করবে, আমাদের তেমন কাজগুলোই করতে হবে। আমার অভিনয়ে আগ্রহ; কিন্তু এই শ্বশুর-জামাই, বিয়াই-বিয়াইন, দুলাভাই-শালী—এসব আমারও ভালো লাগতেছে না। এসব গল্প ও নাম নিয়ে নাটক আমারও পছন্দ নয়। এসব নাটক করার জন্য মিডিয়ায় আসিনি।

অভিনেতা শামীম হাসান সরকার। ছবি: ফেসবুক

প্রশ্ন :

নাটকের নাম নিয়েও নানারকম কথা হয়...

আমি এক নামে নাটকের শুটিং করছি। পরে দেখছি, ব্যবসায়ের স্বার্থে নাটকের নাম পরিবর্তন হচ্ছে। সেটা কখন প্রচার করা হচ্ছে, আমি জানিও না। কিছুই জানি না। হঠাৎ দেখলাম নাটকের নাম ‘দুই বিয়াইনের যুদ্ধ’। এমন একটা নাম... এটা কি ঠিক? ভিউয়ের জন্য এত নিচে নামলে হবে না। আমরা শিল্পীরা ভিউয়ের জন্য এত নিচে নামছি না, আমাদের নামানো হচ্ছে। আমার ক্ষমতা থাকলে পরিবর্তন করে দিতাম। এই ক্ষমতা অনেক শিল্পীর কাছে নেই। দর্শকদের জানা উচিত, আমার রুচিতেও এই নাটকগুলো যায় না।

প্রশ্ন :

তাহলে কি বাধ্য হয়েই কাজগুলো করতে হচ্ছে?

বাধ্য হয়ে শুধু আমি নই, সবাই একই কাজ করছে। সব কাজই তো একই রকমের। বরিশাল-নোয়াখালীর ভাষা বলে মন জয় করলেই হবে না; অভিনয় দিয়েও মন জয় করতে হবে। সেই ক্ষুধা তো আছে। এখন প্যাশনটা মরে গেলেও কারও কোনো কিছু যায়-আসে না। এখন আমার চিন্তা টাকা। নিজের আর্নিং ঠিক রাখা। সাধারণ একটা মানুষের চেয়ে আমার খরচ বেশি। কারণ, আমি টিভি অভিনেতা। আমার গাড়ির তেল, কফি, শার্টে খরচ বেশি। গেঞ্জি, শার্ট কিনতে হবে তো আমাকে আয় করতে হবে না? আমাকে একটু আলাদা থাকতে হবে। রাগ করে বসে থাকলে কেউ টাকা দেবে না। ওটিটি আমাকে ডাকবে না।

অভিনেতা শামীম হাসান সরকার। ছবি: ফেসবুক

প্রশ্ন :

মালয়েশিয়া থেকে ঘুরে এলেন, কোনো শুটিংয়ে অংশ নিয়েছিলেন?


শুটিংয়ের কথা ছিল, কিন্তু হয়নি। অন্যরা ভিসা পায়নি। শুটিংয়ে যাইনি, পুরোপুরি নিজেই টাকায় ঘুরতে গিয়েছিলাম।

প্রশ্ন :

আপনার সঙ্গে অহনা রহমানের জুটির নাটকগুলোর অনেক ভিউ...আপনাদের আর কোনো কোনো নাটক প্রচারের অপেক্ষায় আছে?

হ্যাঁ, আমাদের জুটির নাটক দর্শক পছন্দ করেছেন। আমাদের আরও পাঁচ থেকে সাতটি নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে।

প্রশ্ন :

সম্প্রতি আপনারা কোন নাটকে কাজ করেছেন?

এর মধ্যে কোনো নাটকের শুটিং করিনি। তবে সামনে হবে ইনশা আল্লাহ। আমরা তো কো-আর্টিস্ট, কেন কাজ হবে না?

প্রশ্ন :

আপনারা দুজনই এর আগে ফেসবুকে শেয়ার করেছিলেন—জুটি থেকে বিয়ে করতে যাচ্ছেন...

এই প্রসঙ্গে কোনো প্রশ্নের উত্তর আমি দিতে চাইছি না।

প্রশ্ন :

শোনা যাচ্ছে আপনাদের দূরত্ব তৈরি হয়েছে...

আমাদের ফ্রেন্ডশিপটা আছে। দূরত্ব তৈরি হয়নি। এগুলো নিয়ে সাক্ষাৎকারে কিছু বলতে চাই না। এটা ব্যক্তিগত অভিমত, সবার জানার দরকার নেই। আমি বিয়ে যখন যাকে করি, জানিয়েই করব। কোনো কিছুই গোপন করব না।

শুটিংয়ের ফাঁকে তানিয়া বৃষ্টির সঙ্গে। ছবি: ফেসবুক