নেইমারের কান্না আমার মন ভেঙে দিয়েছে: সাফা কবির

ব্রাজিল সমর্থক অভিনয়শিল্পী ও মডেল সাফা কবির। বিশ্বকাপের ম্যাচ দেখতে গ্যালারিতে ছিলেন। কয়েক দিন আগে নিউইয়র্ক যাওয়া সাফা ব্রাজিল ও নরওয়ের খেলা যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে উপভোগ করেছেন। খেলা শেষে তাঁর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। জানিয়েছেন সেদিনের মাঠের পরিস্থিতি, ব্রাজিলের প্রতি তাঁর ভালো লাগার কথা, কীভাবে বিশ্বকাপের গ্যালারি পর্যন্ত পৌঁছেছেন। সাক্ষাৎকার নিয়েছেন মনজুর কাদের

প্রথম আলো:

নিউইয়র্ক থেকে নিউজার্সির স্টেডিয়াম পর্যন্ত পুরো যাত্রা এবং গ্যালারিতে ব্রাজিল সমর্থকদের উন্মাদনা কাছ থেকে দেখার অভিজ্ঞতা কেমন ছিল?

সাফা কবির : ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখতে নিউজার্সির স্টেডিয়ামে যাওয়ার অভিজ্ঞতাটা ছিল দারুণ রোমাঞ্চকর। আমার যাত্রা শুরু হয়েছিল নিউইয়র্কের কুইন্স থেকে। টিকিটের সঙ্গে শাটল সার্ভিস ছিল, তাই আমরা ম্যানহাটানের দিকে যাচ্ছিলাম শাটল ধরতে। পথে যেতে যেতে চারপাশে শুধু ব্রাজিলের জার্সি পরা মানুষের ভিড় দেখছিলাম। নিউইয়র্কে কলম্বিয়ান মানুষও অনেক, আর কলম্বিয়ার প্রতিবেশী দেশ হওয়ায় তাঁদের অনেকেই ব্রাজিলকে সমর্থন করছিলেন। আমি ব্রাজিলের জার্সি পরেছিলাম বলে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই আমাকে দেখেও উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। সবাই খুব আশাবাদী ছিলেন, ব্রাজিলের জয় নিয়েই কথা বলছিলেন। নরওয়ের জার্সি পরা সমর্থক চোখে পড়েছে খুব কম। সবচেয়ে ভালো লেগেছিল মানুষের সেই উন্মাদনা। কেউ গান গাইছেন, কেউ স্লোগান দিচ্ছেন, কেউ আবার ছবি তুলছেন। পুরো পরিবেশটাই ছিল উৎসবমুখর। স্টেডিয়ামে ঢোকার পরও একই দৃশ্য। যত দূর চোখ যায়, চারপাশে শুধু হলুদ জার্সির সমুদ্র। নিজের সিটে গিয়ে দেখলাম, আশপাশের প্রায় সবাই ব্রাজিলের সমর্থক। সেদিন বুঝতে পেরেছি, প্রিয় দলকে সমর্থন করতে মানুষ কতটা আবেগ আর ভালোবাসা নিয়ে মাঠে আসে। গ্যালারির পরিবেশ দেখে মনে হচ্ছিল, প্রায় ৭০ শতাংশ দর্শক ব্রাজিলের পক্ষে, বাকি ৩০ শতাংশ নরওয়ের সমর্থক। এত মানুষের সমর্থন আর আত্মবিশ্বাস দেখে আমারও মনে হয়েছিল, ব্রাজিল ম্যাচ জিতে মাঠ ছাড়বে। সেই আবহ, সেই সমর্থকদের উচ্ছ্বাস—সব মিলিয়ে অভিজ্ঞতাটা ছিল সত্যিই অসাধারণ।

ব্রাজিল–নরওয়ে খেলার সময় গ্যালারিতে সাফা কবির
ছবি : শিল্পীর সৌজন্যে
প্রথম আলো:

আর্লিং হলান্ডের গোলে নরওয়ে এগিয়ে যাওয়ার পর গ্যালারিতে বসে থাকা আপনার মানসিক অবস্থা কেমন ছিল?

সাফা কবির : আর্লিং হলান্ড যখন গোল করে নরওয়েকে এগিয়ে দিল, তখনো আমার বিশ্বাস ছিল ব্রাজিল ম্যাচে ফিরতে পারবে। মাঠে দেখছিলাম, ব্রাজিলের খেলোয়াড়রা শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে একটি গোলের জন্য। সত্যি বলতে, তখন আমি দোয়া পড়ছিলাম আর মনে মনে আশা করছিলাম, শেষ মুহূর্তে দলটি হয়তো কোনো ম্যাজিক দেখাবে। বারবার মনে হচ্ছিল, এখনো তো সময় আছে। নরওয়ে একটি গোল করেছে, কিন্তু ব্রাজিলের পক্ষে সমতা ফেরানো অসম্ভব নয়। আমি বিশ্বাস করছিলাম, কোনো না কোনোভাবে তারা গোল আদায় করে নেবে। এমনও মনে হচ্ছিল, ম্যাচ যদি টাইব্রেকারে গড়ায়, তাহলে ব্রাজিলই জিতবে। শেষ বাঁশি বাজার আগপর্যন্ত আমার আশা একটুও কমেনি। বরং মনে হচ্ছিল, এই দলটা হয়তো শেষ মুহূর্তে সবাইকে চমকে দিয়ে ফিরে আসবে।

আরও পড়ুন
স্টেডিয়ামের বাইরে সাফা কবির
শিল্পীর সৌজন্যে
প্রথম আলো:

ব্রাজিলের প্রতি আপনার ভালোবাসার শুরুটা কীভাবে? আর বিশ্বকাপে গ্যালারিতে বসে প্রিয় দলের খেলা দেখার স্বপ্ন পূরণের অভিজ্ঞতা কেমন ছিল?

সাফা কবির : ব্রাজিল আমার কাছে শুধু একটি ফুটবল দল নয়, এটা একধরনের আবেগ। ২০০২ সালে আমি খুব ছোট ছিলাম। তখন ফুটবল খেলার অনেক কিছুই বুঝতাম না। শুধু এতটুকু জানতাম, বল গোলপোস্টে ঢুকলে সেটাই গোল। সেই সময়ই প্রথম বুঝতে পারি, বিশ্বকাপ নামে বড় একটি টুর্নামেন্ট হচ্ছে, আর সেই বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। সম্ভবত তখন থেকেই নিজের অজান্তেই আমি ব্রাজিলের সমর্থক হয়ে যাই। বিশ্বকাপ জয়ের পরদিন নাখালপাড়ার আমাদের এলাকার অলিগলিতে অনেক বাচ্চাকে রোনালদোর বিখ্যাত হেয়ারস্টাইল করতে দেখেছিলাম। তখন রোনালদোই ছিল সবচেয়ে বড় আকর্ষণ। তাঁর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। সেই স্মৃতিগুলো আজও আমার মনে গেঁথে আছে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে ফুটবল এবং বিশ্বকাপ সম্পর্কে আরও জানতে শুরু করি। বুঝতে পারি, চার বছর পরপর বিশ্বের সেরা দলগুলো এই আসরে অংশ নেয়। তখন প্রায়ই মনে প্রশ্ন আসত—বাংলাদেশ কেন বিশ্বকাপে খেলে না? সেই কৌতূহল থেকেই বিশ্বকাপের প্রতি ভালোবাসা আরও বেড়েছে। প্রতি বিশ্বকাপই আমি নিয়মিত দেখি, আর এই টুর্নামেন্ট ঘিরে আমার উত্তেজনা সব সময়ই অন্য রকম। মনের ভেতরে একটা স্বপ্নও ছিল—জীবনে একবার হলেও গ্যালারিতে বসে বিশ্বকাপের ম্যাচ দেখব। ২০২২ সালে যখন জানলাম ২০২৬ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে হবে, তখন থেকেই পরিকল্পনা শুরু করি। কীভাবে ভিসা পাব, কীভাবে টিকিট সংগ্রহ করব, কীভাবে বিশ্বকাপের অংশ হতে পারব—এসব নিয়েই ভাবতে শুরু করি। টিকিট পাওয়া মোটেও সহজ ছিল না, তবে আমার কিছু শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় সেই স্বপ্ন বাস্তব হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, আমি বিশ্বকাপে আমার প্রিয় দল ব্রাজিলের ম্যাচই সরাসরি গ্যালারিতে বসে দেখতে পেরেছি। সত্যি বলতে, ব্রাজিল যেমন আমার আবেগ, তেমনি কয়েকজন ফুটবলারের প্রতিও আমার আলাদা দুর্বলতা আছে। তাঁদের মধ্যে হলান্ড অন্যতম। আমি তাঁর খেলার বড় ভক্ত। অসাধারণ একজন পারফরমার। কিন্তু সেদিন স্টেডিয়ামে বসে যখন দেখলাম হলান্ড নরওয়ের হয়ে গোল করে ফেলেছেন, তখন আমার ভেতরে অন্য রকম অনুভূতি কাজ করছিল। একজন ফুটবলপ্রেমী হিসেবে হলান্ডের দক্ষতায় মুগ্ধ হয়েছিলাম, কিন্তু একজন ব্রাজিল সমর্থক হিসেবে মুহূর্তটি মোটেও উপভোগ করতে পারিনি। গোল হওয়ার পর আমি দাঁড়িয়ে থাকা থেকে বসে পড়েছিলাম। মনে হচ্ছিল, হলান্ডকে যতই পছন্দ করি না কেন, গোলটা যদি ব্রাজিলের কেউ দিত, তাহলে কত ভালো হতো। কারণ, তখনো ব্রাজিল গোলের দেখা পায়নি। সেই মুহূর্তে প্রিয় খেলোয়াড়ের প্রতি মুগ্ধতা আর প্রিয় দলের প্রতি আবেগের মধ্যে একধরনের দ্বন্দ্ব কাজ করছিল, আর সেটাই আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল।

বিদায়ের পর নেইমারের কান্না
রয়টার্স
প্রথম আলো:

বলছিলেন অনেক আগে থেকে ব্রাজিলের খেলা দেখছিলেন। এবার যখন স্টেডিয়ামের গ্যালারিতে বসে দলটির খেলা দেখছিলেন, বর্তমান পারফরম্যান্সে কী মনে হয়েছে? মাঠ ও এর আশপাশের সমর্থকদের আবেগ আপনাকে কতটা নাড়া দিয়েছে?

সাফা কবির : আমি সব সময়ই ব্রাজিলের সমর্থক। গত কয়েকটি বিশ্বকাপ খুব কাছ থেকে অনুসরণ করেছি, আর একজন ভক্ত হিসেবে ব্রাজিল আমার কাছে শুধু একটি দল নয়, আবেগ ও অনুভূতির নাম। তবে বর্তমান ব্রাজিল দলকে দেখে বারবার মনে হয়েছে, আগের সেই চেনা জাদুটা যেন কোথাও হারিয়ে গেছে। একটা সময় রোনালদো, রোনালদিনহো, কাকা, রবার্তো কার্লোসদের মতো তারকাদের মধ্যে অসাধারণ সমন্বয় ছিল। তাঁরা মাঠে নামলেই প্রতিপক্ষের জন্য ম্যাচ কঠিন হয়ে যেত। কিন্তু এখন দলটিকে দেখে মনে হয়, সেই বোঝাপড়া ও আত্মবিশ্বাসের জায়গাটিতে কিছুটা ঘাটতি রয়েছে। গ্যালারিতে বসে টপ ভিউ থেকে পুরো খেলা দেখার সুযোগ হয়েছিল বলে বিষয়টি আরও স্পষ্টভাবে মনে হয়েছে। আমার মনে হয়েছে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে আরও ভালো প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে আসা প্রয়োজন ছিল। তবে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে ম্যাচ শেষে ব্রাজিল সমর্থকদের প্রতিক্রিয়া। খেলা শেষ হওয়ার পর দেখেছি, অনেক সমর্থক কান্না করছেন, কেউ হতাশায় চুপ হয়ে গেছেন, কেউ আবার ক্ষোভ আর অভিমান প্রকাশ করছেন। তাঁদের সেই ভেঙে পড়া মুখগুলো দেখে আমারও খুব খারাপ লাগছিল। কারণ, আমিও তো তাঁদের মতোই একজন ব্রাজিল ভক্ত। পরাজয়ের কষ্টটা আমিও অনুভব করেছি। ব্রাজিল এমন একটি দল, যারা সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতেছে। তাই তাদের কাছ থেকে প্রত্যাশাও সব সময় বেশি থাকে। সেই দলটি যখন ধারাবাহিকভাবে নিজেদের সেরাটা দেখাতে পারে না, তখন ভক্তদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। আমার কাছেও বিষয়টি কষ্টের, কারণ আমরা সবাই ব্রাজিলের সেই পুরোনো ছন্দ, আত্মবিশ্বাস আর জাদুকরি ফুটবলকে আবার দেখতে চাই। স্টেডিয়ামে আরেকটি বিষয় আমাকে খুব স্পর্শ করেছে। আমি বাংলাদেশের পতাকা নিয়ে গ্যালারিতে ছিলাম। আশপাশে থাকা অনেক ব্রাজিলিয়ান সমর্থক পতাকাটি দেখে চিনতে পেরেছেন যে এটি বাংলাদেশের। তাঁরা আমার সঙ্গে কথা বলেছেন, জানতে চেয়েছেন আমি কোথা থেকে এসেছি। যখন বলেছি বাংলাদেশ থেকে ব্রাজিলের খেলা দেখতে এসেছি, তখন তাঁরা খুব আন্তরিকভাবে আমাকে স্বাগত জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, তাঁরা বাংলাদেশকে ভালোবাসেন। সেই আন্তরিকতা ও ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি বিশ্বাস করি, ব্রাজিলের সামনে এখনো অনেক সম্ভাবনা রয়েছে। দলটি যদি আরও ভালো প্রস্তুতি নিয়ে ফিরে আসে, তাহলে আগামী বিশ্বকাপে হয়তো আমরা আবার সেই চিরচেনা ব্রাজিলকে দেখতে পাব—যে ব্রাজিল তার জাদুকরি ফুটবল দিয়ে বিশ্বকে মুগ্ধ করত। একজন সমর্থক হিসেবে আমি সেই প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি।

সাফার ফ্রেমবন্দী করা ছবিতে নেইমার ও হলান্ড
প্রথম আলো:

ম্যাচ শেষে যদি নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হলান্ডের সঙ্গে এক মিনিট কথা বলার সুযোগ পেতেন, একজন ব্রাজিল সমর্থক হিসেবে তাঁকে কী বলতেন? আর একজন হলান্ড ভক্ত হিসেবে কী বলতেন? অন্যদিকে ম্যাচ শেষে নেইমারের কান্নার দৃশ্য দেখে আপনার নিজের মানসিক অবস্থা তখন কেমন ছিল?

সাফা কবির : সত্যি বলতে, তাঁদের সঙ্গে কথা বলা তো দূরের কথা, যদি একটি ছবিও তুলতে পারতাম, সেটাই আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকত। হলান্ডের সঙ্গে দেখা হলে আমি প্রথমেই তাঁকে স্যালুট জানাতাম। বলতাম, অসাধারণ খেলেছেন। একজন ফুটবলার হিসেবে তাঁর কাছ থেকে শেখার অনেক কিছু আছে। তাঁর গতি, আত্মবিশ্বাস ও মাঠে নিজেকে উপস্থাপনের ধরন সত্যিই প্রশংসার যোগ্য। সবচেয়ে বেশি যেটা আমার ভালো লাগে, তা হলো তাঁর শান্ত ও সংযত মানসিকতা। মাঠে অনেক সময় দেখা যায়, খেলোয়াড়েরা অতিরিক্ত আবেগে জড়িয়ে পড়েন, ধাক্কাধাক্কি, হাতাহাতি বা উত্তেজনায় জড়িয়ে পড়েন। কিন্তু হলান্ডকে আমার সব সময়ই খুব নিয়ম মানা একজন খেলোয়াড় মনে হয়েছে। এই ম্যাচেও তিনি সেই পরিচয়ই দিয়েছেন। দুর্দান্ত খেলেছেন এবং দলের জন্য দুটি দারুণ গোল করেছেন।

অন্যদিকে নেইমারের কান্নার দৃশ্যটা আমার মন ভেঙে দিয়েছে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, এটি হয়তো তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে। যদিও ফুটবলে এমন গুঞ্জন আমরা আগেও শুনেছি। যেমন একসময় বলা হয়েছিল, এটি হয়তো মেসির শেষ বিশ্বকাপ, কিন্তু তিনি এখনো খেলছেন। তাই নেইমারের ক্ষেত্রেও নিশ্চিত করে কিছু বলা কঠিন। তবু যদি সত্যিই এটি নেইমারের শেষ বিশ্বকাপ হয়ে থাকে, তাহলে তা ফুটবলপ্রেমীদের জন্য খুবই বেদনাদায়ক হবে। কারণ, নেইমার একদিনে এই জায়গায় আসেননি। বছরের পর বছর পরিশ্রম এবং অসাধারণ প্রতিভা দেখিয়ে নিজেকে বিশ্বের সেরা ফুটবলারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ম্যাচ শেষে তাঁর কান্নার দৃশ্য দেখে একজন ব্রাজিল সমর্থক হিসেবে আমার খুব খারাপ লেগেছে। পরাজয়ের কষ্টের পাশাপাশি মনে হচ্ছিল, হয়তো আমরা ধীরে ধীরে একটি যুগের সমাপ্তি দেখছি। নেইমার শুধু একজন তারকা ফুটবলার নন, তিনি পুরো একটি প্রজন্মের আবেগের অংশ। যদি সত্যিই এটি তাঁর শেষ বিশ্বকাপ হয়, তাহলে ব্রাজিলের জার্সিতে তাঁকে মাঠে খুবই মিস করব।

ব্রাজিলের জার্সির লোগো টেনে ধরে পোজ দিয়েছেন সাফা কবির।
প্রথম আলো:

এই ম্যাচ কি আপনার কাছে শুধু একটি ফুটবল ম্যাচ ছিল, নাকি এমন একটি অভিজ্ঞতা, যার গল্প আপনি বহু বছর পরও একই আবেগ নিয়ে বলতে পারবেন? কেন?

সাফা কবির : নিঃসন্দেহে এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি। আমি মনে করি, জীবনের স্বপ্নপূরণের তালিকায় একটি বড় ‘টিক মার্ক’ যোগ হয়েছে—আর সেটি হয়েছে প্রিয় দল ব্রাজিলের ম্যাচ দেখে। এটাই ছিল গ্যালারিতে বসে আমার দেখা প্রথম বিশ্বকাপ ম্যাচ। তাই অভিজ্ঞতা শুধু একটি ফুটবল ম্যাচ দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক দিনের আবেগ, অপেক্ষা ও স্বপ্ন। আমি জানি, আগামী দিনগুলোতে এই অভিজ্ঞতার গল্প অনেকের সঙ্গে ভাগ করে নেব। কারণ, মাঠের ভেতরে বসে বিশ্বকাপের ম্যাচ দেখার অনুভূতি টেলিভিশনের পর্দায় কখনোই পুরোপুরি বোঝা সম্ভব নয়। গ্যালারির উচ্ছ্বাস, সমর্থকদের আবেগ, ম্যাচের উত্তেজনা—সবকিছু মিলিয়ে এটি ছিল এক অন্য রকম অনুভূতি। ছোটবেলা থেকেই ব্রাজিল আমার আবেগের নাম। জ্ঞান হওয়ার পর থেকেই ব্রাজিলকে সমর্থন করে আসছি। কখনো ভাবিনি, একদিন বিশ্বকাপের গ্যালারিতে বসে প্রিয় দলের খেলা সরাসরি দেখার সুযোগ পাব। আর সেই স্বপ্ন যে বাস্তবে পরিণত হবে, সেটাও কল্পনা করিনি। সবকিছু মিলিয়ে আমি সৃষ্টিকর্তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। তাঁর ইচ্ছাতেই হয়তো সুযোগটি পেয়েছি। একই সঙ্গে সেই মানুষটির প্রতিও আমি কৃতজ্ঞ, যিনি আমার জন্য এত কষ্ট করে টিকিটের ব্যবস্থা করেছেন এবং এই অভিজ্ঞতার অংশ হওয়ার সুযোগ করে দিয়েছেন। ফলাফল হয়তো আমার প্রত্যাশামতো হয়নি, কিন্তু স্মৃতিটা অমূল্য। তাই এই ম্যাচ, এই যাত্রা এবং এই অভিজ্ঞতা আমার কাছে সব সময় বিশেষ হয়ে থাকবে।