>আজ মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধের দুটি ছবি। হুজমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলামের পরিচালনায় অনিল বাগচীর একদিন ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরেফ সৈয়দ। অন্যদিকে রশীদ হায়দারের কিশোর উপন্যাস অবলম্বনে মানিক মানবিক নির্মাণ করেছেন শোভনের স্বাধীনতা। এতে ‘শোভন’ চরিত্রে অভিনয় করেছেন রুদ্র রাইয়ান। ছবি মুক্তির আগের দিন এই দুই নবীন অভিনয়শিল্পীকে করা হয়েছিল একই রকম দুটি প্রশ্ন। নিজেদের মতো করেই উত্তর দিয়েছেন তাঁরা। কথা বলেছেন হাবিবুল্লাহ সিদ্দিক

প্রথম ছবিতেই নাম ভূমিকায় অভিনয় করছেন। কেমন করে এ সুযোগ পেলেন?
আরেফ: আমি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছি। সেখানে একটি থিয়েটার স্কুলে কর্মশালা করেছি। তারপর ২০০৯ সালে দেশে আসি। ২০১০ সালে দ্য প্রফেশনালস নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলাম। এই চলচ্চিত্রটি বেশ কিছু উৎসবে পাঠানো হয়। ওই বছর সেটি দেখেন পরিচালক মোরশেদুল ইসলাম। তখনই বেশ প্রশংসা করেছিলেন। এর বছর তিনেক পরে আমাকে তিনি ফোন করে ‘অনিল বাগচী’র কথা বলেন।
রুদ্র: প্রায় তিন বছর আগের কথা। আমি তখন নটর ডেম কলেজে পড়ি। সেখানে আমাদের একটা নাটকের দল ছিল। ওই দলের সমন্বয়ক ছিলেন মানিক মানবিকের এক বন্ধু। তাঁর মাধ্যমেই জানতে পারি মানিক মানবিক আমাদের বয়সী একজন ছেলে খুঁজছেন। ওই দলে আমরা প্রায় ২০০ জন ছিলাম। সেখান থেকে প্রথমে ৪০ জনকে বাছাই করেন পরিচালক। সেখান থেকে গ্রুমিংয়ের মাধ্যমে ২০ জন, তারপর ১৩ জন। এরপর পাঁচজন এবং সর্বশেষ একজনকে বাছাই করা হয়। ওই একজনই হলাম আমি।

মুক্তিযুদ্ধ তো দেখেননি। নিজেকে সেই সময়ের চরিত্রের জন্য প্রস্তুত করলেন কীভাবে?
আরেফ: আমি শুরুতে উপন্যাসটি পড়ি। নিজের মতো করে ভাবি। আমি নিয়মিত ব্যায়াম করতাম। কিন্তু অনিলের দেহগড়নের জন্য ব্যায়াম বন্ধ করে এবং খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করে নিজেকে শারীরিকভাবে তৈরি করি। এ ছাড়া মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দেেখ ও বই পড়েও চেষ্টা করেছি সে সময়টাকে নিজের ভেতর ধারণ করতে। আরও একটা কাজ করেছি; তা হলো আমার পরিচিত ও ফেসবুকে খুঁজে ওই সময়ের হিন্দু পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাদের সঙ্গে কথা বলে ওই সময়ের পুরো আবহটা জেনে নিই। আমার চরিত্রের এসব চেষ্টা অনেক কাজে দিয়েছে।
রুদ্র: চরিত্রে ঢোকার জন্য আমি বেশ কয়েকবার উপন্যাসটা পড়েছি। তারপর অনেক দিন আমি শোভনের মধ্যে বসবাস করেছি। তবে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে, আমি সরাসরি তো মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি, কিন্তু এই চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা ক্ষুদ্র অংশ হলাম। এটাই বা কম কী!