অনিয়মটাই আমার নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্‌সি
ন্যান্‌সি

সংগীতশিল্পী ন্যান্‌সি গতকাল রোববার তাঁর মায়ের নামে একটি নতুন ব্যবসাপ্রতিষ্ঠান চালু করলেন। এ ছাড়া আবার হাবিব ওয়াহিদের করা নতুন গানে কণ্ঠ দিলেন তিনি। প্রতিবছরের মতো এবারও ন্যান্‌সি তাঁর নিজ এলাকায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াবেন বলে জানালেন প্রথম আলোকে। জানালেন এমন আরও অনেক কথা।

অনেক দিন পর হাবিব ওয়াহিদের সঙ্গে গান করলেন...

হ্যাঁ। এ বছর ঈদুল ফিতরে ‘গোলাপের দিন’ শিরোনামে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছিলাম আমরা। দীর্ঘ সময় পর আবার কাজ হলো দুজনের। এর মধ্যে একই দিনে হাবিবের সঙ্গে দুটি গানে কণ্ঠ দিয়েছি। আজ (গতকাল) হাবিব ভাই ফোন দিয়েছিলেন, তাঁর সঙ্গে আরও একটি গানে কণ্ঠ দেওয়ার কথা বলেছেন। সামনের সপ্তাহে রেকর্ডিং হতে পারে গানটির।

শীত চলে এল, এখন তো একাধিক স্টেজ শোয়ের ডাক পড়বে। প্রস্তুত হচ্ছেন?

এমনিতেই সারা বছর শো কম করা হয়। শীতের সময় শোয়ের চাপ বাড়ে। তবে এর জন্য আলাদা করে প্রস্তুতির কিছু নেই। নিয়ম করে আমার গানের চর্চা করা হয় না। আমার জীবনের কোনো রুটিন নেই। এই অনিয়মটাই আমার নিয়ম। এই ঢাকায় থাকছি, আবার ময়মনসিংহে যাচ্ছি, সেখান থেকে নেত্রকোনা—এভাবেই হচ্ছে সব।

কিন্তু এই যে ঢাকা থেকে ময়মনসিংহ কিংবা নেত্রকোনায় গিয়ে থাকা হয়, এ কারণে অনেক সময় ভালো কাজ হাতছাড়া হয়ে যাচ্ছে না?

হ্যাঁ, তা তো হয়ই। কোনো কোনো সময় পেশাদারির জায়গাতে ছন্দপতন ঘটে। আগ্রহ থাকা সত্ত্বেও অনেক সময় পারিবারিক কারণে কিছু ভালো কাজ হাতছাড়া হয়ে যায়। তখন নিজেকে খুব অসহায় মনে হয়, একা মনে হয়।

গানের পাশাপাশি আর কী নিয়ে ব্যস্ত আছেন?

আমি যেদিন থেকে আয় করা শুরু করেছি, সেই দিন থেকেই অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। এটি শিখেছি আমার মায়ের কাছ থেকে। ছয় বছর ধরে নিয়মিতভাবে সামর্থ্য অনুযায়ী নেত্রকোনা, ময়মনসিংহ মিলিয়ে এক হাজারের বেশি অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করি। এবারও সেই কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করছি।

এর পাশাপাশি তো নতুন একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করলেন বলে শুনলাম। কোথায়?

আমার মায়ের বাড়ি নেত্রকোনার পশ্চিম সাতপাই এলাকায়। নেত্রকোনায় আমাদের বাড়িটি বেশ বড়। বাড়ির সামনে পানির ফোয়ারা, বড় লন, ছোট একটি মাঠ আছে। এসবকে কাজে লাগিয়ে ফেললাম। ভেবেছিলাম এমন কিছু করব, যার মধ্য দিয়ে মা বেঁচে থাকবেন। তাই মা জ্যোৎস্না হকের নামে একটি কমিউনিটি সেন্টার খুলেছি। আজ (গতকাল) থেকে এটি চালু হয়েছে।

সাক্ষাৎকার: শফিক আল মামুন