
আজ প্রচারিত হবে চলচ্চিত্র অভিনেত্রী সিমলা অভিনীত নাটক তারা খান। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। এটাই সিমলার একমাত্র ঈদের কাজ। পাশাপাশি হাতে আছে ম্যাডাম ফুলি ২ ছবিটিও। এসব নিয়েই কথা বললেন তিনি।
*ঈদ কেমন কাটালেন?
এবারের ঈদটা গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায় করেছি। ঈদের আগের দিন গিয়ে পরদিন ফিরেছি। গ্রামে গেলে যা হয়, সবার সঙ্গে বেশ আনন্দময় সময় কেটেছে। সব ভাইবোন মিলে অনেক মজা করেছি।
*ঈদে আপনার একটি নাটক প্রচারিত হচ্ছে।
তারা খান নামের নাটকটির শুটিং করেছি গত ঈদুল ফিতরের আগে। ওই ঈদেই প্রচারের কথা ছিল। কেন হয়নি, সেটা জানি না। আজ এনটিভিতে নাটকটি প্রচারিত হবে। নাটকটিতে আমি একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছি। এ ছাড়া আরও একটি নাটকে অভিনয় করেছি। সেটি সম্ভবত এবার প্রচারিত হচ্ছে না।
*আপনাকে চলচ্চিত্রে কম দেখা যায়। নিয়মিত নাটকও করেন না। কীভাবে সময় কাটছে আপনার?
আমি একটু ঘরকুনো স্বভাবের। তাই ঘরেই থাকি। টুকটাক কাজ করি। সিনেমা-টিভি দেখি। পারিবারিক কিছু কাজ থাকে, সেগুলো করি। তবে শুটিং যে একেবারে করি না, তা নয়। দুটি ছবির কাজ চলছে। একটি রুবেল আনিস পরিচালিত নিষিদ্ধ প্রেমের গল্প, অন্যটি রাশিদ পলাশের নাইওর।
*‘ম্যাডাম ফুলি’র সিকুয়্যেলের কাজ কবে নাগাদ শুরু হবে?
ম্যাডাম ফুলি ২ পরিচালনা করবেন আশিকুর রহমান। তিনি এখন দেশের বাইরে। তাঁর সঙ্গে কথা হয়েছে, আসছে ডিসেম্বরেই শুটিং শুরু হবে। ছবিটির জন্য আমি বেশ ভালোমতো প্রস্তুতি নিচ্ছি। অনেক কাজই এ জন্য ফিরিয়ে দিতে হচ্ছে।
সাক্ষাত্কার: হাবিবুল্লাহ সিদ্দিক