আজ এনটিভিতে শুরু হচ্ছে ‘হা-শো’র তৃতীয় মৌসুম। কৌতুকবিষয়ক এই রিয়েলিটি শোতে বিচারক হিসেবে এবার থাকছেন অভিনেত্রী বাঁধন। বিচারকাজসহ নানান বিষয় নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।

‘হা-শো’তে বিচারক হওয়ার কারণ কী?
বেশ কয়েক মাস আগে আমাকে যখন প্রস্তাব দেওয়া হয় অনুষ্ঠানটির বিচারক হওয়ার জন্য, তখন বেশ অবাক হয়েছিলাম। পরে আরও দুই বিচারক মাজহারুল ইসলাম ও এজাজুল ইসলাম এবং উপস্থাপক সাজু খাদেমের কথা শুনে সানন্দে রাজি হয়ে যাই। এখন মনে হচ্ছে ভালো সিদ্ধান্তই নিয়েছি। অনুষ্ঠানে আমাদের সঙ্গে গানের দল ‘রাবার ব্যান্ড’ ও তিনজন গ্রুমার আছেন। সবাই অনেক আনন্দ নিয়ে অনুষ্ঠানটি উপভোগ করছি।
কেমন অভিজ্ঞতা হচ্ছে?
অসাধারণ অভিজ্ঞতা! অনেক দিন পর প্রাণ খুলে হাসছি। শিক্ষার্থী থাকার সময় বন্ধুদের সঙ্গে কিংবা নানাবাড়িতে গিয়ে যেভাবে হাসতাম এবং মজা করতাম, এখন সেই মজাটা করতে পারছি। আসলে আমরা যে পরিমাণ কাজের চাপে থাকি, সেটা থেকে বহুদিন পরে মুক্তি মিলেছে যেন।
‘হা-শো’তে এবারে প্রতিযোগীরা কেমন?
সবাই অনেক ভালো। দারুণ সব কৌতুক বলে মাতিয়ে রাখে। বিশেষ করে প্রতিযোগিতায় থাকা কয়েকজন মেয়ে দুর্দান্ত করছে।
অন্যান্য কাজ কেমন চলছে?
এখন আমার মেয়েকে বেশি সময় দিচ্ছি। কিছুদিন আগেও ও আমার সঙ্গে সব অনুষ্ঠান এবং শুটিংয়ে যেত। কিন্তু কিছুদিন হলো ওকে স্কুলে ভর্তি করিয়েছি। চেষ্টা করি প্রতিদিন ওকে স্কুলে দিয়ে আসতে।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক