অনেকে বলেছে, ‘টান’ কেন আমরা সিনেমা হলে দেখালাম না
চরকিতে ‘টান’ মুক্তির পর থেকেই আলোচনায় শবনম বুবলী। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপেও শোনা যাচ্ছে তাঁর অভিনয়ের প্রশংসা। রোববার বিকেলে এফডিসির ২ নম্বর ফ্লোরে শুটিংয়ের ফাঁকে তাঁর সঙ্গে এসব নিয়েই কথা হলো। জানা গেল আগামী পরিকল্পনা
প্রশ্ন :
‘টান’ মুক্তির পর কতটা টানাটানি হচ্ছে?
‘টান’ নিয়ে অ্যামেইজিং রেসপন্স পাচ্ছি। বিনোদন অঙ্গনের অনেক পরিচিতজনই তাঁদের ভালো লাগার কথা ফোনে জানাচ্ছেন। ফেসবুকেও অনেকে এই চলচ্চিত্রে আমার অভিনয় নিয়ে কথা বলছেন। যেখানেই যাচ্ছি, ‘টান’ নিয়ে কথা। অভিনয় নিয়ে সন্তুষ্টি। ফেসবুকে নানা রকমের মন্তব্যে আমি রীতিমতো অনুপ্রাণিত। ভীষণ উৎসাহ পাচ্ছি। ভালো লাগার অনুভূতি কাজ করছে। এ ধরনের গল্পে আগে কখনো কাজ করা হয়নি, প্রথমবারেই সফলতা পেলাম।
প্রশ্ন :
এই চলচ্চিত্র নিশ্চয় আরও অনেকগুলো প্রথমের সমন্বয়?
একদমই তাই, এই ছবিটা আমার জন্য অনেক প্রথমের সমন্বয়। এবারই প্রথম আমার কোনো চলচ্চিত্র ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। প্রথমবার আমার সঙ্গে রায়হান রাফী ও সিয়ামের কাজ হয়েছে। এই চলচ্চিত্রে অভিনয়ের খুব সুযোগ ছিল। এর আগে ‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্রেও অভিনয়ের দারুণ সুযোগ ছিল। অভিনয়ের সুযোগ আছে, এমন কন্টেন্ট তো আমাদের এখানে খুব একটা হয় না। লাইফস্টাইল অনুযায়ী চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল।
প্রশ্ন :
অভিনয়ের প্রস্তুতি কেমন ছিল?
শুটিংয়ের আগে প্রস্তুতিটা কম ছিল। প্রথমে যখন রাফীভাই আমার সঙ্গে যোগাযোগ করেন, তখন আমি ইউএসএতে। আমরা অনেক সময় বলে থাকি, গল্পটা অন্য রকম ছিল। ‘টান’–এ অবনি চরিত্রটা আসলেই অন্য রকম। আমি সাধারণত ন্যাচারাল থাকতে পছন্দ করি। চরিত্রের প্রয়োজনে হয়তো নানান চরিত্রে নিজেকে সাজাতে হয়। গল্পে নিজের কাজের সুযোগটা অনেক বেশি ছিল। যেটা হয়তো সব গল্পে আনফরচুনেটলি পাওয়া যায় না। এই গল্প আকর্ষণের এটাই বড় কারণ ছিল। পুরো চলচ্চিত্র ক্যারিয়ারে এত দ্রুত কোনো ছবির কাজ শেষ করিনি। এরপর মুক্তি। পুরো ব্যাপারটাই অন্য রকম লেগেছে। প্রি–প্রোডাকশনের সময় আমি না পেলেও পরিচালক ও তাঁর টিম মিলে করে নিয়েছেন।
প্রশ্ন :
আপনি বলেছিলেন, বড় পর্দায় ছবি মুক্তি পেলেই বোরকা পরে সিনেমা হলে দেখতে যান। এবারই প্রথম তার দরকার হলো না।
ওটিটি তো যাঁরা যা–ই দেখছেন, টাকা খরচ করেই দেখেন। মোবাইলে কারও কিছু ভালো না লাগলে অন্য কিছু দেখতে পারেন। আমার মনে হয়, ওটিটিতে দর্শককে ধরে রাখাটা খুব ডিফিকাল্ট। তবে সিনেমা হলের ব্যাপারটাও তো অন্য রকম, এটা তো অবশ্যই মিস করেছি। আমাকে অনেকে বলেছে, টান কেন আমরা সিনেমা হলে দেখালাম না। ‘টান’ ছবিটি আমরা সিনেমা হলে দেখতে চাই। এটা বড় পর্দায় দেখলে না জানি কত ভালো লাগবে। দিন শেষে বড় পর্দা কিন্তু বড় পর্দাই, ওই অনুভূতির সঙ্গে কিছুর তুলনা হয় না।
প্রশ্ন :
আপনার পরিবার ছবিটি দেখেছে?
প্রথম প্রথম দেখত না, কারণ আমি ফিল্মে কাজ করি তাঁরা চাইতেন না। এখন যেহেতু সবাই প্রশংসা করে, তাঁরাও বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন। আমার কোনো ছবি মুক্তি পেলে বা কোনো অনুষ্ঠান হলে তাঁরা দেখেন। ‘টান’ও তাঁরা দেখেছেন এবং ভালো বলেছেন।
প্রশ্ন :
শাকিব খানের বাইরে অন্য নায়কদের সঙ্গে আপনি এখন নিয়মিত।
আমি কিন্তু কখনোই বলিনি, শাকিব খানের বাইরে অভিনয় করব না। তাঁর সঙ্গে দারুণ একটা সূচনা আমার হয়েছে, ডজনখানেক সিনেমায় তাঁর সঙ্গে কাজ হয়েছে, আমাদের বেশির ভাগ সিনেমা সুপারহিট হয়েছে। তারপরও প্রযোজক-পরিচালকেরা এখন অন্য নায়কদের সঙ্গেও আমাকে নিয়ে ভাবছেন, গল্প পছন্দ হওয়াতে আমিও কাজ করছি।
প্রশ্ন :
এফডিসিতে আজকে কোন সিনেমার কাজ করছেন?
‘রিভেঞ্জ’ চলচ্চিত্রের গানের শুটিং করছি। শিগগিরই নতুন আরও দুটি চলচ্চিত্রের কাজ শুরু হবে। কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে চাই।