অনেকের কাছ থেকে ট্রেলারটির খুব প্রশংসা শুনছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানজিন তিশা
ছবি : কবির হোসেন
১৪ ফেব্রুয়ারি আই থিয়েটারে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘লোহার তরী’। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় এ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তানজিন তিশা। এটি তিশার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম। এসব নিয়ে গত সপ্তাহে তিনি কথা বলেন প্রথম আলোর সঙ্গে।

প্রশ্ন :

ইতিমধ্যে ‘লোহার তরী’র ট্রেলার প্রকাশিত হয়েছে। দর্শকের প্রতিক্রিয়া কেমন?

প্রথমে পোস্টারটিতেই অনেক ভালো সাড়া পেয়েছি। এত আশা করিনি। কিন্তু ট্রেলারটি প্রকাশের পর দর্শকের আগের প্রশংসা যেন ছাড়িয়ে যাচ্ছে। গত দুদিন ধরে ফোনে খুদে বার্তা, ফোনকলে অনেকের কাছ থেকে ট্রেলারটির খুব প্রশংসা শুনছি।

প্রশ্ন :

চূড়ান্ত হওয়ার পর দেখেছেন? কাজটি কেমন হয়েছে?

কাজটি আমার জন্য একেবারেই নতুন। এই প্রথম আমাকে নতুন একটি লুকে দেখবেন দর্শকেরা। তা ছাড়া এর আগে নাটক বা টেলিছবিতে এ ধরনের চরিত্রে কাজ করিনি আমি। এমন গল্পেও দর্শক পাননি আমাকে। বুঝতে পারছি, ট্রেলারটি দেখার পর পুরো ফিল্মটি দেখার জন্য অনেকের আগ্রহ তৈরি হয়েছে। কাজটিতে থ্রিল আছে, গ্ল্যামার আছে। একটি গল্প আছে, গল্পের পেছনের গল্প আছে। আমার কাছে মনে হয়, কাজটি দেখতে বসে পেছনের গল্প জানতেই বেশি আগ্রহী হবেন দর্শক। আমি নিজেও অধীর অপেক্ষা আছি।

তানজিন তিশা
প্রথম আলো

প্রশ্ন :

শুনেছি বেশ কয়েক দিন ধরে নদীতে লঞ্চের মধ্যে টানা শুটিং হয়েছে ফিল্মটির। অভিজ্ঞতা কেমন ছিল?

চ্যালেঞ্জিং কাজ ছিল। কাজটি করতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতা হয়েছে। ছয় দিন ছয় রাত একটি লঞ্চের মধ্যে শুটিং করেছি। শুটিং করতে গিয়ে কীর্তনখোলা নদীতে লাফ দিয়ে বিপদের মুখোমুখিও হয়েছি আমি। একটি দৃশ্য ছিল—লঞ্চ থেকে মেয়েটি নদীতে লাফ দিয়ে পালাবে। ভোর ছয়টার দিকে পরিচালক আমাকে সত্যি সত্যি নদীতে লাফ দিয়ে দৃশ্যটি করার প্রস্তাব দিলেন। প্রথমে আমি রাজি ছিলাম না। ডামি ব্যবহারের কথা বলেছিলাম। বলা হলো—ডামি লাফ দেবেন ছয়তলা থেকে, আমাকে একতলা থেকে দিতে হবে। পরে দেখলাম, গল্পে মেয়েটির লঞ্চ থেকে পালানো ছাড়া কোনো পথ নেই। চরিত্রটির বাস্তবতা আনতে হবে। পরে ঝাঁপ দিতে রাজি হলাম। নদীতে প্রচুর স্রোত ছিল। স্রোতে লঞ্চের নিচে চলে যাচ্ছিলাম আমি। যদিও নিরাপত্তার ব্যবস্থা ছিল। কিন্তু ভীষণ ভয় পেয়েছিলাম।

প্রশ্ন :

ওয়েবে কাজে আপনার পর্যবেক্ষণ কী?

বড় বড় ওটিটি প্ল্যাটফর্ম থেকে কাজের প্রস্তাব পেয়েছি। মিটিংও করেছি। কিন্তু গল্প শোনার পর মনে হয়নি, আমার অন্য সব কাজ বাদ রেখে এই কাজ করতে পারি। সত্যি কথা হলো, আগ্রহী হয়ে, গুরুত্ব দিয়ে ওয়েবের কাজ করব, সে ধরনের গল্প পাইনি এখনো। আমি সব সময়ই আমার পছন্দের কাজ করতে চাই, করিও। এই সেক্টরের কাজের জন্য হয়তো আরও সময় নিচ্ছি। আশা করছি, সামনে সে ধরনের গল্পের কাজ হাতে আসবে। তখন আমার দিক থেকেও ওয়েবের কাজে গুরুত্ব বাড়বে।

তানজিন তিশা

প্রশ্ন :

বড় পর্দায় প্রস্তাব পাননি?

অনেক আগে থেকেই বড় পর্দায় কাজের কথাবার্তা হয়। এখনো মাঝেমধ্যে কাজের প্রস্তাব আসে। আমার সিনেমা করার ইচ্ছা আছে। আমার কথা, ছবির পুরো প্যাকেজ—গল্প, পরিচালক, সহশিল্পী—সবই আমার পছন্দের হতে হবে। আমি আগেই বলেছি, পছন্দের বাইরে আমি কাজ করি না।

প্রশ্ন :

প্রায়ই আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়!

সারা পৃথিবীর বিনোদনজগতের তারকাদের প্রেমের গুঞ্জন আছে, থাকবে। আমার প্রেমের গুঞ্জন নিয়ে বলি, মিডিয়ায় সবার সঙ্গে আমার প্রেম। আমরা সবাই একটা পরিবার। সবার সঙ্গে ভালোবাসা। এ ছাড়া যাঁকে বিয়ে করব, তাঁকে সবাই দেখতেই পারবেন। এটুকুই!

প্রশ্ন :

এবার ভালোবাসা দিবসে আপনার অভিনীত কটি নতুন নাটক প্রচারিত হবে?

আট-নয়টি হতে পারে। তার মধ্যে আছে সাগর জাহানের দুটি—‘পুকুরে ভাষা সংসার’ ও ‘নীরার ছাদ’, ভিকি জাহেদের ‘চোখ’ এবং মহিদুল মহিনের দুটি—‘লাভ ট্রিপ’ ও ‘মডার্ন কাপল’।