অপেক্ষার ফল নাকি সুমিষ্ট হয়
২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন রাফা নানজীবা তোরসা। বিজয়ী হওয়ার প্রায় দুই বছরের মাথায় অভিনয়ে নামলেন। স্বপ্ন তোমার জন্য নামের ঈদের একটি টেলিছবিতে কাজ করেছেন তিনি। ছোট পর্দায় এটাই তাঁর প্রথম কাজ। অভিনয় ও তাঁর অন্যান্য বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই সুন্দরী।
প্রশ্ন :
আগের দুই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তো অনেক আগেই অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আপনি পিছিয়ে পড়লেন কেন?
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পর ওই বছরের নভেম্বরে মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আসরে অংশ নিই। চূড়ান্ত প্রতিযোগিতা হয় ১৪ ডিসেম্বর। মাসখানেক যুক্তরাজ্যে ছিলাম। ২০২০ সালের জানুয়ারিতে দেশে আসি। আসার পর অনেক প্রস্তাবই ছিল। ইচ্ছা করলে করাও যেত। কিন্তু আমি করিনি। অপেক্ষা করছিলাম। দেখে–শুনে–বুঝে কাজ করতে চেয়েছি। গল্পের চিত্রনাট্যে অভিনয় করার মতো জায়গা খুঁজছিলাম। অপেক্ষার ফল নাকি সুমিষ্ট হয়। তবে মাঝের সময়টাতে কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছি। পাশাপাশি অনেকগুলো দেশীয় ব্র্যান্ডের পোশাকের ফটোশুট করেছি।
প্রশ্ন :
সে ধরনের গল্পের চিত্রনাট্য কি এবার পেয়েছেন?
স্বপ্ন তোমার জন্য মূলত রোমান্টিক কমেডি। কোনো কোনো জায়গায় দর্শকের কাছে চরিত্রটি স্বপ্নের মতো মনে হবে। সিনেমার ধাঁচেই কাজটি হয়েছে। এ কারণেই কাজটি করেছি। আমার বিশ্বাস, ঈদের কাজ হিসেবে টেলিছবিটি দর্শকের কাছে উপভোগ্য হবে।
প্রশ্ন :
প্রথম কাজ হিসেবে অভিজ্ঞতা কেমন?
পরিচালক জানতেন এটি আমার প্রথম কাজ। কিন্তু আমার সহশিল্পীরা বুঝতেই পারেননি। কাজ শেষ করার পর তাঁরা যখন শুনলেন, এটি আমার প্রথম কাজ, সবাই অবাক হয়েছেন। আরেকটি অভিজ্ঞতা হলো, সকালে আমরা শুটিংয়ে ঢুকেছি, পরের দিন–রাত পার করে ভোরবেলায় শুটিং শেষ করেছি। টানা কাজ।
প্রশ্ন :
সিনেমায় কাজ করবেন না?
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পরপরই তিনটি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিলাম। পছন্দ হয়নি, এ জন্য করিনি। এখন দুটি চিত্রনাট্য হাতে আছে। কথাবার্তা চলছে। চূড়ান্ত হলে জানাব।
প্রশ্ন :
আর কী করছেন?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ছি। পাশাপাশি চট্টগ্রাম শিল্পকলার সঙ্গে জড়িত। দীর্ঘদিন থেকে শিল্পকলাকেন্দ্রিক একটি সংগঠনের সঙ্গে আছি। নৃত্য ও আবৃত্তি করি। পেইন্টিং ও গ্রাফিকসের কাজও করি। আমার একটি ই-কমার্স ব্যবসা আছে। ‘দ্য স্মাইল’ নামে একটি চ্যারিটি ফাউন্ডেশনও আছে। গত বছর লকডাউনে সারা দেশে ছয় শতাধিক মানুষকে শুকনা খাবার দিয়েছি। ছোটখাটো চিকিৎসা সরঞ্জামও দিয়েছি। গত রোজায় প্রায় ৪০০ মানুষকে ইফতার করিয়েছি। এই দাতব্যকাজের জন্য মিস ওয়ার্ল্ড ওয়েবসাইটে আমাকে নিয়ে নিউজও করেছে।