অবজ্ঞা আমাকে থামিয়ে রাখতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আশরাফ শিশির
আশরাফ শিশির
স্পেনে সম্প্রতি অনুষ্ঠিত ‘সপ্তম পিকনিক চলচ্চিত্র উৎসব’-এর প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতল ইমপ্রেস টেলিফিল্মের ছবি গাড়িওয়ালা। এ নিয়ে বেশ কয়েকটি ভিনদেশি চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল ছবিটি। কিন্তু দেশে এই ছবির অর্জন কতটা? গাড়িওয়ালার দেশ-বিদেশের অর্জন নিয়ে কথা হলো এর নির্মাতা আশরাফ শিশিরের সঙ্গে।

‘গাড়িওয়ালা’ মোট কয়টি উৎসবে অংশ নিয়েছে এবং পুরস্কার জিতেছে?
এ পর্যন্ত ১৬টি দেশের ৩৭টি আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছে গাড়িওয়ালা। আটটি আন্তর্জাতিক উৎসবের প্রতিযোগিতা বিভাগে ছবিটি জিতেছে পুরস্কার।
বিদেশে ‘গাড়িওয়ালা’ তো অনেক প্রশংসিত হলো। নিজ দেশ থেকে ছবিটির প্রাপ্তি কী?
সরকারি অনুদান নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে প্রথমে গাড়িওয়ালা নির্মাণ করি। এরপর অনেকটা নিজ তাগিদেই একে পূর্ণদৈর্ঘ্যতে রূপ দিই। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর যখন ছবিটি মুক্তির জন্য কাজ শুরু করি, তখন থেকেই শুরু হয় প্রতিকূলতার সঙ্গে পাল্লা দিয়ে আমার ছুটে চলা। পরিবেশক কিংবা হলের মালিক—গাড়িওয়ালা মুক্তি দেওয়ার জন্য আমি অনেকের দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু সে সময় কাউকেই পাশে পাইনি। তথাকথিত বাণিজ্যিক ছবি না হওয়ায় প্রতিটি ধাপেই আমি অনেক অবজ্ঞার শিকার হয়েছি। তাই একসময় এই অবজ্ঞা ও অনুৎসাহের পর সিদ্ধান্ত নিই দেশে মুক্তি না দিতে পারলে আন্তর্জাতিকভাবে ছবিটিকে প্রদর্শনের। তাই তখন থেকে বিভিন্ন উৎসবে ছবিটি জমা দিতে শুরু করি। এরপর থেকেই গাড়িওয়ালা অর্জন করতে থাকে আন্তর্জাতিক স্বীকৃতি। তাই বলা যায়, শুরু থেকে পাওয়া অনুৎসাহগুলোই আমাকে এই অর্জনের জন্য উৎসাহিত করেছে। কারও অবজ্ঞা আমাকে থামিয়ে রাখতে পারেনি।
তাহলে দেশের দর্শকেরা কি ‘গাড়িওয়ালা’ দেখতে পাবেন না?
প্রেক্ষাগৃহে প্রদর্শন করা না হলে কোনো চলচ্চিত্রই পূর্ণতা পায় না। এমনকি আন্তর্জাতিক উৎসবগুলোতেও তখন চলচ্চিত্র হিসেবে একে ধরা হয় না। তাই দেশে তো অবশ্যই গাড়িওয়ালা মুক্তি দিতে চাই। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে রূপান্তরের পর গাড়িওয়ালার সঙ্গে যুক্ত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। পরিকল্পনায় আছে আগামী এক-দুই মাসের মধ্যে দেশে ছবিটি মুক্তি দেওয়ার।
নতুন ছবির ভাবনা কত দূর?
২০০৯ সালে আমরা একটি সিনেমা বানাব নামে একটি সিনেমার কাজ হাতে নিয়েছিলাম। এবার সেই কাজটি নতুন করে শুরু করতে চাই। আমার সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে ইমপ্রেস টেলিফিল্ম থাকবে।