অভিজিৎ হত্যাকাণ্ডের দৃশ্য যেন হুবহু মিলে গেছে: জন মার্টিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময়ে দেশের মঞ্চ ও টিভি নাটকের সঙ্গে ঘনিষ্ঠভাবেই সম্পৃক্ত ছিলেন। দীর্ঘ ১৫ বছর ধরে দেশের বাইরে আছেন। পেশায় মনোবিজ্ঞানী জন মার্টিন অস্ট্রেলিয়া থেকেই পিএইচডি করছেন মনোবিজ্ঞানে। দেশের বাইরে থাকলেও সব সময় তাঁর মনটা পড়ে থাকে বাংলাদেশে। পেশাগত ব্যস্ততার মধ্যেই লিখেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে দুটি নাটক। তাঁর নির্দেশনায় নাটকগুলো দেশের বাইরে মঞ্চস্থও হয়েছে। এবারের বইমেলায় তাঁর দুটি নাটক ‘লিভ মি অ্যালোন’ এবং ‘একটি সাধারণ গল্প’ নিয়ে প্রকাশিত হয়েছে ‘মুক্তিযুদ্ধের দুটি নাটক’ শিরোনামের একটি বই। প্রথম আলোর সঙ্গে আলাপে ‘লিভ মি অ্যালোন’ এবং ‘একটি সাধারণ গল্প’ নাটকের বিষয়বস্তুসহ আরও নানা বিষয় নিয়ে কথা বলেছেন জন মার্টিন।

জন মার্টিন
জন মার্টিন

‘একটি সাধারণ গল্প’...
‘একটি সাধারণ গল্প’ নাটক সম্পর্কে জন মার্টিন বলেন, ‘কাকতালীয় ব্যাপার হলো, আমার এই নাটকের শেষ দৃশ্যের সঙ্গে বাংলাদেশের অভিজিৎ হত্যাকাণ্ডের দৃশ্য যেন  হুবহু মিলে গেছে। এটি ৯০ মিনিট ব্যাপ্তির একক অভিনয়ের নাটক। নাটকে ২৫টির মতো চরিত্র আছে। সবগুলো চরিত্রে একজনই অভিনয় করেন। আর তিনি হলেন, আমার স্ত্রী মৌসুমি মার্টিন। নাটকের প্রধান দুটি চরিত্র সংস্কৃতিকর্মী। গণসংগীতের মাধ্যমে মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করেন তাঁরা। মৌলবাদীরা তা পছন্দ করে না। ধর্মান্ধদের বিরুদ্ধে যেন তাঁরা কথা না বলে, সে জন্য মৌলবাদীরা তাঁদের হুমকি দেয়, কাফনের কাপড় পাঠায়। ভয়ে তাঁরা দেশ ছেড়ে চলে যান। নাটকের শেষ দৃশ্যে দেখা যায়, একজন সংস্কৃতিকর্মীর ওপর চাপাতি দিয়ে হামলা চালায় মাদ্রাসার ছাত্ররা। তখন তাঁর মা চিৎকার করে ছেলেকে বাঁচানোর আকুতি জানান। কিন্তু সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। কেউ এগিয়ে যায় না।’
‘লিভ মি অ্যালোন’...
‘লিভ মি অ্যালোন’ নাটকের গল্পে একজন মুক্তিযোদ্ধা বিদেশ পাড়ি জমান। তাঁর একটি মেয়ে আছে। মেয়েকে প্রকৃত বাঙালি হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন তিনি। মেয়েটির কাছে বাংলাদেশ মানে তার বাবা। বাবার কাছ থেকেই দেশ, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জেনেছে সে। একটা পর্যায়ে মেয়েটি জানতে পারে, তার মা বীরাঙ্গনা। মুক্তিযুদ্ধের সময় মেয়েটিকে কোলে নিয়ে বর্ডার পার হচ্ছিলেন তার মা-বাবা। তখন তাঁদের ধাওয়া করে রাজাকাররা। বাবার সঙ্গে মেয়েটি পালিয়ে যেতে পারলেও, তার মা রাজাকারদের হাতে ধরা পড়েন। মেয়েটির মা ধর্ষিত হন। শুধু তাই নয়, তাঁকে বিবস্ত্র অবস্থায় তিন দিন গাছে ঝুলিয়ে রাখা হয়। এমন লোমহর্ষক ঘটনা শোনার পর মেয়েটি তার বাবাকে বলে, ‘তুমি কোন দেশের কথা আমাকে বলেছ, যে দেশে বীরপুরুষ নেই। তুমি একজন মুক্তিযোদ্ধা হয়েও আমার মা যে বীরাঙ্গনা, তা বলতে পারোনি। আমার মায়ের কথা মনে করে কেউ একটি ফুল পর্যন্ত দেয় না। তুমি আমাকে কোন দেশকে ভালোবাসতে বলো, যে দেশ রাজাকাররা শাসন করে, গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়ায়! তুমি আমাকে বাঙালি বানাতে চাও? আমাকে বাঙালি বানানোর কোনো অধিকার তোমার নেই। লিভ মি অ্যালোন। আমাকে বাঙালি বানানোর চেষ্টা করো না। আগে তোমরা বাঙালি হও।’
মঞ্চ নাটক ও দর্শক...
মঞ্চ নাটক দেখাও কিন্তু একটি শিল্প। বাংলাদেশের মতো প্রবাসেও মঞ্চ নাটকের দর্শকসংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। প্রবাসে আমরা যখন একই নাটকের একাধিক প্রদর্শনীর ব্যবস্থা করি, তখন অনেকেই বলেন, ‘আপনারা কি একই নাটক আবার করবেন? একইভাবে করবেন, না কি অন্য অভিনয়শিল্পীদের দিয়ে একটু ভিন্নভাবে করবেন?’ তাঁদের প্রশ্ন, একই নাটক দুবার কীভাবে মঞ্চস্থ হয়? জবাবে আমরা বলি, একই অভিনয়শিল্পী, একই পোশাকে একই নাটক একইভাবে বারবার মঞ্চস্থ করব আমরা। এমন বৈরী পরিবেশেই আমাদের নাটক করতে হচ্ছে। তার পরও চেষ্টা করে যাচ্ছি। অস্ট্রেলিয়ায় ‘লিভ মি অ্যালোন’ নাটকের ছয়টি প্রদর্শনী হয়েছে। আর ‘একটি সাধারণ গল্প’ নাটকটি ১০ বার মঞ্চস্থ করেছি। এর মধ্যে একটি আমেরিকায় ও বাকিগুলো সিডনি, ক্যানবেরা ও মেলবোর্নে। মঞ্চ নাটক করা সত্যিই অনেক কঠিন। তারপরও মঞ্চ নাটক যাঁরা করছেন, তাঁদের প্রতি আমার লাল সালাম। আমার কাছে নাটক নিজের সন্তানের মতো। সন্তানের একটি জন্মদিন পালন করব, আরেকটি করব না, তাতো হয় না।
‘লিভ মি অ্যালোন’ ও ‘একটি সাধারণ গল্প’ নাটকের নির্দেশনা...
দুটি নাটকই আমার নির্দেশনায়। দুটি নাটকেই মৌসুমি অভিনয় করেছে। অনেকে বলেন, আমার নাটকে তাঁকে দিয়েই কেন বারবার আমি অভিনয় করাই। জবাবে আমি বলি, সে অনেক ভালো অভিনয় করে। আমি কেবল নাটক লিখেছি। আর সেগুলোতে প্রাণ দিয়েছে মৌসুমি।
দেশ ছেড়ে বিদেশে...
আমি কিন্তু দেশ ছাড়িনি। শুধু দেশ থেকে দূরে আছি। ১৫ বছর ধরে দেশের বাইরে। কিন্তু এক মুহূর্তও দেশ থেকে দূরে আছি বলে মনে হয় না। সব সময় দেশকে মনের ভেতর লালন করি আমি।
মনেপ্রাণে বাঙালি মনোবিজ্ঞানী...
আমার কাছে যখনই কেউ আসেন আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোন পেশায় আছেন?’ জবাবে আমি বলি, আমি চিন্তা-চেতনা, মন ও মননে একজন বাঙালি মনোবিজ্ঞানী। অস্ট্রেলিয়ায় বাঙালি মনোবিজ্ঞানীর সংখ্যা খুব কম। তার মধ্যে আমি একজন। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোগী দেখি। পাশাপাশি মনোবিজ্ঞানের ওপর পিএইচডি করছি। আর অবসরে ব্যস্ত থাকি নাটকের কাজ নিয়ে।
শেষ দেশে ফেরা...
২০১১ সালে শেষ দেশে গিয়েছিলাম। ইচ্ছে তো করে প্রতিবছরই দেশে যাই। কিন্তু এখন ভয় লাগে। বিশেষ করে অভিজিতের ঘটনার পর আরও বেশি ভয় হচ্ছে।