
হঠাৎ নাটকে কাজ করার বিশেষ কোনো কারণ আছে কি?
সত্যি কথা বলতে, আমি নাটকে অভিনয় করতে চাইনি। দেশ টিভির আরিফ ভাইয়ের (আরিফ হাসান) অনুরোধে মিস্টার ৪২০ নাটকের কাজটা করতে হয়েছে। আমার কোনো ইচ্ছা ছিল না। মিডনাইট ব্ল্যাক কফি নাটকের ক্ষেত্রেও ঘটনা একই।
কেমন চরিত্রে অভিনয় করলেন?
বৈবাহিক ঘটনার ব্যাপার-স্যাপারই হচ্ছে মিস্টার ৪২০ নাটকের মূল বিষয়বস্তু। এই নাটকে আমাকে অধ্যাপক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। একটা সময় পরিবার থেকে বিয়ের জন্য চাপাচাপি করা হয়। এরপর কথা হয় মেহ্জাবীনের সঙ্গে। তারপর বেশ কিছু ঘটনার মধ্য দিয়ে নাটকের গল্প এগিয়ে যায়।
আর ‘মিডনাইট ব্ল্যাক কফি’...
এই নাটকে আমাকে আততায়ীর চরিত্রে দেখা যাবে। তবে এতে আমার উপস্থিতি অল্প সময়ের জন্য।
কেমন লাগল অভিনয় করে?
আমি অভিনয়শিল্পী নই। অভিনয় নিয়ে আমার তেমন কোনো পরিকল্পনাও নেই। তাই অভিনয় আমার জন্য সত্যিই একটা ভীতিকর অভিজ্ঞতা। কেমন করেছি, তা নাটক দুটির পরিচালক ইমরাউল রাফাত (মিস্টার ৪২০) ও তারিক মুহাম্মাদ হাসান (মিডনাইট ব্ল্যাক কফি) ভালো বলতে পারবেন।
এর আগেও তো আপনাকে অভিনয়ে দেখা গিয়েছিল?
হ্যাঁ, তা-ও প্রায় এক যুগ আগে। নাটকের নাম মনে নেই। তবে এর পরিচালক ছিলেন আশরাফুল আলম।
গানের মানুষ বাপ্পার গানের খবর বলুন।
এখন পর্যন্ত যত দূর জানতে পেরেছি, ঈদে চারটি মিশ্র অ্যালবামে আমার গান থাকছে। যাঁদের সুরে গান করেছি, তাঁরা হলেন প্রিন্স মাহমুদ, সুমন কল্যাণ, রাজীব আহমেদ ও জয় শাহরিয়ার। এ ছাড়া আমার লোকগানের অ্যালবামের কাজও প্রায় শেষের দিকে। ইচ্ছা আছে পূজায় বাজারে ছাড়ার।
- সাক্ষাৎকার: মনজুর কাদের