অভিনয় ও সংসার - দুটোই খুব ভালোবাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুমাইয়া শিমু
সুমাইয়া শিমু

আজ থেকে মাছরাঙা টিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক শূন্যতা। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করছেন অম্লান বিশ্বাস। নাটকটিতে অভিনয় করছেন সুমাইয়া শিমু।
‘শূন্যতা’ ধারাবাহিকের শুটিং হয়েছিল কত দিন আগে?
বেশ আগে। বেশ কয়েকটি পর্ব শুটিংয়ের পর এটি চ্যানেলে জমা দেওয়া হয়েছিল। আবার নতুন করে আজ (গতকাল মঙ্গলবার) শুটিংয়ের তারিখ ছিল। কিন্তু শুটিংটা করতে পারছি না। ৩ আগস্ট আমার বাবা মারা গেছেন। এ অবস্থায় আমার জন্য শুটিং করা কঠিন। তাই শুটিংটা পিছিয়েছি।
অভিনয় ও সংসার—দুটোর মধ্যে কীভাবে ভারসাম্য রক্ষা করেন?
আগে অভিনয়ের ফাঁকে তো পড়াশোনা ও পরিবারকে সময় দিতাম। এখন সংসার হওয়ার পর সেভাবেই ভারসাম্য রক্ষা করছি। তবে আমি অভিনয় ও সংসার—দুটোই খুব ভালোবাসি। আমাকে যদি একটি ছেড়ে আরেকটি বেছে নিতে বলা হয়, তাহলে আমি সংসারটাই বেছে নেব। আমি চাই না সংসারে সমস্যা করে কাজ করতে। তবে সে রকম হওয়ার কোনো আশঙ্কা নেই। আমার স্বামী খুবই হেল্পফুল। সবার সহযোগিতা নিয়েই কাজ করছি।তাহলে তো ঈদের নাটকেও কাজ করতে পারছেন না?
আসলে আমার মানসিক অবস্থা অতটা ভালো নেই। বাবার মৃত্যুর পর মা-ও খুব অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর দিকে খেয়াল রাখতে হচ্ছে। এর মধ্যে অনেক পরিচালক ফোন করে অভিনয়ের কথা বলছেন। তাঁদের বিনয়ের সঙ্গে ‘স্যরি’ বলেছি। আপনাদের মাধ্যমে পরিচালকদের বলতে চাই, এই সময়ে আসলে আমার মানসিক অবস্থা কাজ করার মতো নেই। তাই কিছুদিন অপেক্ষা করে আবার নিয়মিত কাজ শুরু করব। সবাই আমার বাবা ও পরিবারের জন্য দোয়া করবেন

সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক