অভিনয় জীবনের সবচেয়ে বড় অর্জন: মিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ বিজয়ীদের হাতে ১১ মে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ষীয়ান থেকে শুরু করে একেবারে শিশুশিল্পীরাও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায় সেদিন। তাঁদের ভালো লাগা ও ভবিষ্যৎ কাজ নিয়ে কথা বলেছেন দুই প্রজন্মের দুই বিজয়ী সৈয়দ হাসান ইমাম ও বিদ্যা সিনহা মিম। সাক্ষাৎ​কার নিয়েছেন হাবিবুল্লাহ সিদ্দিক

প্রশ্ন: শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর কেমন লাগছে?

উত্তর: এটা ভাষায় প্রকাশ করতে পারব না। আমার অভিনয়জীবনের সবচেয়ে বড় অর্জন। কিন্তু এক দিক থেকে একটা খারাপ লাগাও কাজ করছে। আমি যে ছবির জন্য (জোনাকির আলো) পুরস্কার পেয়েছি, সেই ছবির পরিচালক প্রয়াত খালিদ মাহমুদ মিঠু আমাকে প্রথম খবরটা জানিয়ে অভিনন্দন জানিয়েছিলেন। অথচ তিনি আমাকে পুরস্কার হাতে দেখে যেতে পারলেন না। তিনি বেঁচে থাকলে নিশ্চয় অনেক খুশি হতেন।

প্রশ্ন: জোনাকির আলো ছবিতে অভিনয়ের সময় কি ভেবেছিলেন এর জন্য এমন স্বীকৃতি পাবেন?

উত্তর: না না, সেভাবে একদমই ভাবিনি। তবে শুটিংয়ের সময় পরিচালক আমাকে বলেছিলেন, ‘মিম, তুমি অনেক ভালো অভিনয় করেছ। এবার পুরস্কার পেতে পারো।’ তিনি মাঝেমধ্যেই এ কথাটা আমাকে বলতেন।

 প্রশ্ন: পুরস্কার গ্রহণের সময় আপনি প্রধানমন্ত্রীকে কিছু বলেছিলেন। কী বলেছিলেন, জানতে পারি?

উত্তর: পুরস্কার নেওয়ার সময় আমাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ধন্যবাদ জানিয়েছি তাঁকে। পরে গিয়ে যখন তাঁর সঙ্গে কথা হলো, তখন তিনি আমাকে উদ্দেশ করে বললেন, ‘খুব ভালো লাগে তোমরা তরুণেরা যে কাজ করছ।’ পাশে দাঁড়িয়ে ছিলেন সৈয়দ হাসান ইমাম আংকেল, তিনি আমাকে দেখিয়ে প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘ও নতুনদের মধ্যে অনেক ভালো কাজ করছে।’ প্রধানমন্ত্রী মজা করে বললেন, ‘ও এত লম্বা, ওর জন্য তো এখন হিরো পাওয়া কঠিন!’ পাশে ছিলেন আলমগীর আংকেল। তাঁকে প্রধানমন্ত্রী হাসতে হাসতে বললেন, ‘তুমি যদি এখনকার হিরো হতে, তাহলে ওর জন্য খুব ভালো হতো।’ আসলে একটু কথা বলেই বুঝেছি, আমাদের প্রধানমন্ত্রী খুব সহজেই মানুষের সঙ্গে মিশে যেতে পারেন। বিদায় নেওয়ার সময় বললেন, ‘দোয়া করি তুমি অনেক ভালো কাজ করো।’ তাঁর কাছ থেকে আশীর্বাদ পাওয়া আমার জন্য অনেক ভালো লাগার ব্যাপার।

প্রশ্ন: পুরস্কার তো আপনার দায়িত্ব বাড়িয়ে দিল...

উত্তর: একদম ঠিক। এখন দায়িত্ব অনেক বেড়ে গেছে। কাজ করার সময় ভেবে এবং বেছে বেছে করব। আমি কিন্তু আগে থেকেই ভেবেচিন্তে কাজ করতাম। এখন আরও সচেতন হব। ভালো গল্প, ভালো চরিত্র দেখে নিয়ে তবেই নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হব।


আরও পড়ুন