
গতকাল মুক্তি পেয়েছে গুন্ডা—দ্য টেররিস্ট। এ নিয়ে এ বছরই তিনটি ছবি মুক্তি পেল অমৃতা খানের। এখন নতুন এই অভিনেত্রী আছেন কিরগিজস্তানে। সেখান থেকেই মুঠোফোনে কথা বলেছেন ছবি ও অন্যান্য বিষয় নিয়ে।
একই মাসে দুটি ছবি মুক্তি পেল, অথচ আপনি দেশে নেই!
আসলে এই ব্যাপারটা নিয়ে আমিও একটু চিন্তিত। তবে পাগলা দিওয়ানা নামের যে ছবিটি ৩ এপ্রিল মুক্তি পেয়েছে, সেটি নিয়ে আমার কিছু বলার নেই। কারণ, এই ছবিতে আমাকে সে রকমভাবে উপস্থাপন করা হয়নি। কিন্তু গুন্ডা—দ্য টেররিস্ট ছবিটি নিয়ে আমি আশাবাদী। আমার বিশ্বাস, ছবিটি ব্যবসাসফল হবে। দেশে না থাকায় খুব আফসোস হচ্ছে।
‘মিশন আফ্রিকা’ ছবিতে অভিনয়ের জন্য আফ্রিকা গিয়ে ঝামেলা হয়েছিল। বারবার কেন আপনার সঙ্গে এমন হচ্ছে?
এটা আসলে আমি বলতে পারব না। আমি তো অভিনেত্রী। আমার কাজ অভিনয় করে যাওয়া। আফ্রিকা গিয়ে যা হয়েছিল, তাতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। নিজেকে গুছিয়ে নেওয়ার দরকার ছিল। মূলত এ কারণেই কিরগিজস্তানে এসেছি। চাকরিসূত্রে আমার বাবা এখানে থাকেন। তাঁর সঙ্গে কিছুদিন কাটিয়ে আগামী রমজানে দেশে ফিরব। আমার আম্মাও এখানে এসেছেন। বেশ ভালো সময়ই কাটছে আমাদের।
দেশে এসে কি পুরোপুরি অভিনয় শুরু করবেন?
সেটা এখনই বলতে পারছি না। ফিরে আমার ব্যক্তিগত কিছু কাজ করব। যেমন, সবার আগে পড়াশোনাটা শেষ করতে চাই। তারপর পরিবারের সঙ্গে আলোচনা করে দেখেশুনে ও বুঝে অভিনয় শুরু করব। আসলে অভিনয়টা আমি ভালোবাসি। তাই চাইলেও ছাড়তে পারছি না।
ওখানে আপনার সময় কাটছে কীভাবে?
এখানে অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি। বাবার শনি ও রোববার বন্ধ। তিনি আমাকে নিয়ে ছুটির দিনগুলোতে বের হন। যেখানেই যাই, ওখানকার বিভিন্ন বিষয় খাতায় লিখে রাখি। এখানকার সিনেমাগুলো দেখছি।
শপিং করছি। আর বিভিন্ন মানুষের সঙ্গে মেশার সৌভাগ্য হচ্ছে।