
গত শুক্রবার প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী জেফার রহমান–এর প্রথম অ্যালবাম আনকেইজড। নয়টি গানের এই অ্যালবাম নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।
এটা তো প্রথম একক অ্যালবাম আপনার। কেমন লাগছে?
অনেক ভালো। একটা স্বপ্ন পূরণ হলো। অ্যালবামটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাদুঘর এবং সহযোগিতা করেছে স্টার সিনেপ্লেক্স।
আপনি তো ইংরেজি গান করেন। এই অ্যালবামের গানগুলো কেমন?
এই অ্যালবামের নয়টি গানের মধ্যে সাতটি ইংরেজি, দুটি বাংলা। এর মধ্যে ‘জাজ’ ও ‘সামবডি’ গান দুটির ভিডিও এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে। সবাই খুব পছন্দও করেছেন। অ্যালবামে রক, ব্লুজ, হিপহপসহ সব ধরনের গান আছে। সহজ করে বলা যায়, এটা আমার একটা এক্সপেরিমেন্টাল অ্যালবাম। এখানে নতুন করে অনেক কিছু করার চেষ্টা করেছি।
এই গানগুলো শ্রোতারা কেন শুনবেন?
যাঁরা আমাকে অনেক দিন ধরে ফলো করছেন, তাঁরা আমার স্টাইল সম্পর্কে জানেন। আমি অনেক গান ‘কভার’ (অন্য কোনো শিল্পীর আলোচিত/জনপ্রিয় গান নতুন করে গাওয়া) করেছি। অনেক দিন ধরে ইউটিউবে সবাই দেখছেন আমার গাওয়া গানগুলো। তাঁরা নিশ্চয়ই আমার নিজের মৌলিক গানগুলো শুনতে চাইবেন। তাঁদের জন্য আমার এই অ্যালবাম। তা ছাড়া বাঙালি মেয়ে হয়ে ইংলিশ গান করছি, এ জন্যও তো সবার আগ্রহ তৈরি হবে। তাই না?
এখন তো অ্যালবাম বের করা কমে গেছে। আপনি অ্যালবাম প্রকাশ করলেন যে...
আমি অ্যালবামটির কাজ শুরু করেছি তিন বছর আগে। এর মধ্যে আমার দুটি গানের মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশও পেয়েছে। সাড়াও পেয়েছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে, একজন শিল্পীর কাজগুলো এক জায়গায় থাকা খুব জরুরি। তাই আমার তিন বছরের পরিশ্রম এক মোড়কে এনেছি শ্রোতাদের জন্য।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক