অ্যালবামের জন্য নতুন শিল্পী খুঁজছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
হৃদয় খান
হৃদয় খান

প্রথম আলোর ‘ভাষা প্রতিযোগ’ আয়োজনের শিরোনাম সংগীত তৈরি হলো। গানটির স্থায়ী অংশ হলো ‘আমি বাংলাভাষী/ বাংলা ভালোবাসি/ বাংলা আমার মায়ের ভাষা/ বাংলা আমার ভাইয়ের ভাষা/ বাংলা দিয়ে সবকিছু তাই হোক/ সবার যোগে ভাষা প্রতিযোগ’। গানের কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান। গানটিতে তিনি কণ্ঠও দিয়েছেন। আরও গেয়েছেন লুইপা, ঐশী, মেহেদী ও কবি। রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার কথা হলো হৃদয়ের সঙ্গে।

খুব ব্যস্ত মনে হচ্ছে।
হ্যাঁ, প্রথম আলোর ‘ভাষা প্রতিযোগ’ আয়োজনের শিরোনাম সংগীত তৈরি করেছি। বুধবার সন্ধ্যা ছয়টায় স্টুডিওতে বসেছি আর কাজ শেষ করে বৃহস্পতিবার সকাল আটটায় বের হয়েছি।
কাজটি করে কেমন লেগেছে?
কখন যেন আমি নিজেও গানটির সঙ্গে পুরোপুরি জড়িয়ে গেছি। এমন খুব একটা হয় না। যাঁরা শুনেছেন, সবাই প্রশংসা করেছেন। গানিট করে আমার নিজেরও খুব ভালো লেগেছে। আর এই উদ্যোগটি দারুণ। গানটির মিউজিক ভিডিও হলে আরও ভালো হবে।
‘আরজে হৃদয় খান’-এর কী খবর?
দারুণ। এবিসি রেডিওতে আমি নিয়মিত একটি অনুষ্ঠান সঞ্চালনা করছি, ‘প্রাণ লেয়ার দ্য এইচকে শো’। প্রতি শনিবার রাত নয়টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠানটি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
এ অনুষ্ঠানে কী থাকছে?
এখানে আমি শ্রোতাদের সঙ্গে কথা বলি। তাঁদের বিভিন্ন প্রশ্নের জবাব দিই। তাঁদের পছন্দের গান শোনানো হয়; আমার নিজের পছন্দের গানও থাকে। মাঝেমধ্যে আমি নিজেও গান করি।
শ্রোতাদের সাড়া কেমন পাচ্ছেন?
যখন কনসার্টে গান করি, তখন শ্রোতারা আমার সামনে থাকেন। কিন্তু তখন সবার সঙ্গে আলাদা করে কথা হয় না। এ অনুষ্ঠানে শ্রোতারা মুঠোফোনের মাধ্যমে আমার সঙ্গে কথা বলেন। আমার ও আমার গানের ব্যাপারে শ্রোতাদের অনুভূতি সহজেই জানার সুযোগ পাচ্ছি। তাঁদের পছন্দ বুঝতে পারছি। সেভাবে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করতে পারছি।
‘হৃদয় মিক্স ফোর’ অ্যালবাম কবে আসছে?
পয়লা বৈশাখের পর অ্যালবামটির কাজ শুরু করব। এবিসি রেডিওর ‘প্রাণ লেয়ার দ্য এইচকে শো’র মধ্য দিয়ে আমি এই অ্যালবামের জন্য নতুন শিল্পী খুঁজছি।
সম্প্রতি আপনার একটি মিউজিক ভিডিও এসেছে।
গানটির শিরোনাম ‘তুমি আমার’। এরপর ‘ফিরে তো পাব না’ নামের আরেকটি গানের মিউজিক ভিডিওর কাজ করেছি। শ্রীলঙ্কার একজন সুরকার সুর করেছেন। আমি সাধারণত নিজের সুর করা গান করি। এবার ব্যতিক্রম হলো। এর আগে ব্ল্যাক ছবির জন্য অন্য সুরকারের গান করেছি।
সাক্ষাৎকার: মেহেদী মাসুদ