আ কাপেলা ধারার গান করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
পার্থ বড়ুয়া।
পার্থ বড়ুয়া।

আ কাপেলা ধারায় গান তৈরি করেছেন পার্থ বড়ুয়া। গানের এই ধারা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেল আয়োজিত সংবাদ সম্মেলনে ‘রবি আ কাপেলা’ শিরোনামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছিলেন পার্থ বড়ুয়াও। সংবাদ সম্মেলনের আগে কথা হয় তাঁর সঙ্গে।


কেমন আছেন?
এখন ভালো। টাইফয়েড হয়েছিল। চার দিন হাসপাতালে থাকতে হয়েছে। টানা ১২ দিন বিছানায় ছিলাম।
গানের খবর কী?
এখন টানা কনসার্ট করছি। প্রতিদিন গান করছি। ২৪ থেকে ২৬ ডিসেম্বর তিনটি পুনর্মিলনী অনুষ্ঠানে গান করেছি। মঙ্গলবার (আজ) গান করব র্যাডিসনে। বুধবার (আগামীকাল) কক্সবাজারে। থার্টি ফার্স্ট নাইটে কোথাও গান করব না। শুক্রবার আবার কনসার্ট।
অভিনয়?
আপাতত নাটকের কাজ করছি না। অমিতাভ রেজার আয়নাবাজি ছবির ডাবিং এখনো বাকি। ওটা শিগগিরই শেষ করব। ভালোবাসা দিবসের জন্য হয়তো একটা নাটক করতে হবে। তবে তা এখনো চূড়ান্ত হয়নি।
নতুন কোনো গান করছেন?
আ কাপেলা ধারার একটি গান তৈরি করেছি। আমার জনপ্রিয় হওয়া ‘বৃষ্টি দেখে’ গানটিই আ কাপেলা ধারায় গেয়েছি।
আ কাপেলা নিয়ে কিছু বলুন।
সংগীতের আ কাপেলা ধারাটি এ দেশে তেমন পরিচিত না। এ ধরনের গানে বাদ্যযন্ত্রের পরিবর্তে শিল্পী তাঁর মুখের ব্যবহার করেন। এখানে এই ধারায় উল্লেখযোগ্য কোনো কাজ নেই। আমি এই ধারা নিয়ে কাজ করছি। একটি গান করেছি। গানটির অডিও তৈরির পাশাপাশি তৈরি হয়েছে মিউজিক ভিডিও। ভাবনাটি দারুণ পছন্দ হয়েছে রবির। এবার ‘রবি আ কাপেলা’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার সঙ্গে আপনি সম্পৃক্ত আছেন?
হ্যাঁ, রবির ৮৩৬৫৫ নম্বরে ফোন করে আমার ‘বৃষ্টি দেখে’ গানটি শুনবেন শ্রোতারা। এরপর আ কাপেলা ধারায় নতুন একটি গান তাঁদের গেয়ে পাঠাতে হবে। একা নয়, গান তৈরি করতে হবে দলবদ্ধভাবে। দুই মাস চলবে এই প্রতিযোগিতা। সেসব গান আমি শুনব। এর মধ্য থেকে তিনজনকে সেরা হিসেবে নির্বাচন করা হবে। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার আর আমার সঙ্গে আ কাপেলা ধারার গান গাওয়ার সুযোগ। এখানে লুকোচুরি কিংবা প্রযুক্তি ব্যবহারের সুযোগ নেই।
আপনি আ কাপেলা ফর্মে ‘বৃষ্টি দেখে’ গানটি একাই গেয়েছেন?
আমাকে সহযোগিতা করেছেন কেয়া। ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতায় সেরা আটে ছিলেন কেয়া। অনেক কষ্ট করতে হয়েছে তাঁকে।
সাক্ষাৎকার: মেহেদী মাসুদ