
‘সেন্স অব হিউমার’ কবে থেকে শুরু করলেন এবং ভাবনা কীভাবে এল?
আমি মাঝেমধ্যেই বিশ্বের নামকরা চলচ্চিত্রকারদের সাক্ষাৎকার দেখতাম। বিশেষ করে ইরানের আজগর ফারহাদি, সত্যজিৎ রায়সহ অনেক পরিচালকের সাক্ষাৎকার দেখে মনে হতো, যদি আমি এ রকমভাবে তাঁদের সাক্ষাৎকার নিতে পারতাম। কিন্তু আমি তো অন্য মাধ্যমে কাজ করি। তাই ইচ্ছা থাকলেও সম্ভব হতো না। তবে মনের কোণে ইচ্ছাটা পুষে রেখেছিলাম। বেশ কিছুদিন আগে এটিএন বাংলার চেয়ারম্যানের কাছে একটা নাটকের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম। তিনি আমাকে বলেন, নাটক দিয়ে কী হবে, একটা ম্যাগাজিন অনুষ্ঠান করেন। বললাম, ঠিক আছে করি। কিন্তু পরে ভেবে দেখলাম, ম্যাগাজিন অনুষ্ঠানে তো নাচ-গানসহ অনেক কিছু রাখতে হবে। কঠিন কাজ। তাই তাঁর সঙ্গে আলোচনা করে ১৩ মাস আগে শুরু করি ‘সেন্স অব হিউমার’।
এ ধরনের অনুষ্ঠান করতে গিয়ে কাউকে অনুপ্রেরণা ভাবেন?
না। এটা একান্ত আমার নিজের চিন্তা ও ইচ্ছার অনুষ্ঠান। তবে একটি কথা বলতে পারি, মানুষ হয়তো জানে তাঁর প্রতিভার কোন বিষয়টা কখন ক্লিক করবে। আমি ছোটবেলা থেকেই আমাদের পারিবারিক অনেক অনুষ্ঠান উপস্থাপনা করতাম। আমাদের পরিবারটা কিন্তু অনেক বড়। এটাই আমার বড় অনুপ্রেরণা বলতে পারেন। সম্ভবত উপস্থাপনা করার ব্যাপারটা আমার ভেতর ছিল, আমিই হয়তো জানতাম না। এত দিনে এসে এটা প্রকাশ পেল। মজার ঘটনা হলো, সেন্স অব হিউমার-এর প্রথম তিনটি পর্ব প্রচারের পর এটা বন্ধ করে দেওয়ার জন্য এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগ থেকে চিঠি পাই। দুই মাস পর এটিএন বাংলার চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আবার শুরু করি। আমাকে তিন মাসের জন্য পরীক্ষামূলক সম্প্রচারের অনুমতি দেওয়া হয়। ওই সময়টাতেই আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হই। এটা এখন ওই চ্যানেলের সেরা অনুষ্ঠান।
অনুষ্ঠানটি জনপ্রিয় হওয়ার কারণ কী বলে মনে হয় আপনার?
বাইরের দেশের চ্যানেলগুলো খেয়াল করেন। সেখানে সেন্সরশিপ কম। একটু খোলামেলা কথাবার্তা, একটু অন্য রকম আচরণ, প্রশ্ন করার ধরন—এ কারণেই সবাই পছন্দ করছেন।
এবারের পর্বে তো নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান আছেন?
হ্যাঁ, তিনি অনেক কথা বলেছেন। মূলত সমাজের বিভিন্ন ক্ষেত্রের আলোচিত ব্যক্তিরা সেন্স অব হিউমার-এর অতিথি হয়েছেন এবং হবেন। শুধু বিনোদনজগতের সেলিব্রেটি নন।
আপনার স্বপ্নের অতিথি কে? যাঁকে এই অনুষ্ঠানে আনতে চান, তাঁকে কী ধরনের প্রশ্ন করতে চান?
আমার তো খুবই ইচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন আমার অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন। কিন্তু তাঁকে কী প্রশ্ন করব, এখনো ঠিক করিনি। এখানে একটা তথ্য দিই, অতিথিদের জন্য আমরা আগে থেকে কোনো প্রশ্ন ঠিক করি না।
শাহরিয়ার নাজিম জয় যদি ‘সেন্স অব হিউমার’-এর অতিথির আসনে বসেন, তাহলে কোন প্রশ্নটা তাঁকে করা যেতে পারে?
(কিছুক্ষণ ভেবে) এটা এখনো মাথায় আসছে না। খুবই চিন্তার বিষয়। সত্যি বলতে এই প্রশ্নটা আমার জন্য বিব্রতকরই বটে।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক