
বরাবরের মতোই ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা মোশাররফ করিম। আজকের আলাপন তাঁর সঙ্গে।
এই সময়ের ব্যস্ততা কী নিয়ে?
নতুন দুটি ধারাবাহিক করছি। একটির নাম তিনি আসবেন। আরেকটি হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষগুলো। এ ছাড়া কদিন আগে অভিনেতা নামে একটি নাটকে কাজ করেছি।একজন অভিনেতার কাছে রাজাকার চরিত্রে অভিনয়ের অনুরোধ আসে। এ রকম একটি গল্প নিয়ে নাটকটি।
ছবির শুটিংয়ে বাইরে যাওয়ার কথা ছিল আপনার।
এটা আসলে ভিসা পাওয়ার ওপর নির্ভর করছে। ইংল্যান্ডের ভিসা পাওয়ার পরই যাব। মাস খানেক ব্যস্ত থাকব সাড়ে তিন মণ ছবির শুটিং নিয়ে।
টিভি নাটক নিয়ে সমালোচনা হচ্ছে অনেক। আপনার মন্তব্য কী?
এসব নিয়ে বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে। এখন ফেনা মোছার জন্য ‘ত্যানা’ দরকার। আসলে সবকিছুর আগে দরকার ভালো বাজেট। আমাদের দেশে গুণী শিল্পী আছে, ভালো চিত্রনাট্য আছে, ভালো দর্শকও আছে। সব মিলিয়ে ভালো কাজও হচ্ছে। কিন্তু সেগুলো সঠিকভাবে প্রচার হচ্ছে না।
অভিনয়, গান, চিত্রনাট্য রচনা—এ সবকিছু তো হলো। পরিচালক মোশাররফ করিম কবে আত্মপ্রকাশ করছেন?
বলা কঠিন, হুট করে কোনো একদিন নাটক বানিয়েও ফেলতে পারি। তবে আমার সমস্যা হলো, একসঙ্গে একাধিক কাজ করতে পারি না। যদিও এখন একসঙ্গে দুটি কাজই করছি—অভিনয় ও সংসার। আপাতত এই দুটি নিয়ে আরও কিছুদিন কাটাতে চাই।
সাক্ষাত্কার: মো. রুবেল