
রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন ইদানীং গানের পাশাপাশি উপস্থাপনা নিয়েও ব্যস্ত আছেন। মাছরাঙা টিভিতে ‘আলোর ভুবনে’ নামের অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। প্রতি শনিবার দেখানো হয় এ অনুষ্ঠান। গানের মানুষের এই নতুন রূপ নিয়ে গতকাল কথা হলো তাঁর সঙ্গে।
পয়লা বৈশাখে কেমন ব্যস্ত ছিলেন?
পয়লা বৈশাখের আগের দিন সন্ধ্যায় গান করেছি ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। একই জায়গায় গান করেছি পয়লা বৈশাখ সকালেও। এ ছাড়া টিভি চ্যানেলগুলোতেও অনুষ্ঠান করেছি।
আপনি এখন ‘আলোর ভুবনে’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। এটি নিয়ে বলুন।
মাছরাঙা টিভিতে ৪ এপ্রিল অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে। বিভিন্ন ক্ষেত্রের আলোকিত ব্যক্তিত্বদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানটি গান নিয়ে নয়। কিন্তু সবাই তো গান শোনেন। সবার জীবনের সঙ্গে জড়িয়ে আছে গান। গান নিয়ে এখানে আলোচনা হয়। আমন্ত্রিত অতিথিদের পছন্দের গান করেন শিল্পী। আমিও গান করি।
আপনার এই অনুষ্ঠানে এ পর্যন্ত কে কে এসেছেন?
মাত্র একটি পর্ব প্রচারিত হয়েছে। ওই পর্বে ছিলেন মামুনুর রশীদ। আরও কয়েকটি পর্বের ধারণকাজ হয়েছে। এই পর্বগুলোর অতিথিরা হলেন সেলিনা হোসেন, সৈয়দ শামসুল হক, আবুল হায়াত, হাশেম খান, আসাদ চৌধুরী, সুজেয় শ্যাম প্রমুখ।
কেমন অভিজ্ঞতা হচ্ছে?
আমি কিন্তু আগেও অনুষ্ঠান উপস্থাপনা করেছি। বছর তিন-চারেক আগে। একুশে টিভিতে প্রচার হতো, নাম ‘তারা ভরা রাতে’। তবে এবারের অনুষ্ঠানটি একেবারেই ভিন্ন মেজাজের। দারুণ উপভোগ করছি।
নতুন অ্যালবামের কোনো খবর?
গত বছর বেরিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের গান নিয়ে অ্যালবাম মম রূপে বেশে। এবার আরেকটি অ্যালবাম করব। এখানে ১০টি রাগের ওপর তৈরি ১০টি গান থাকবে। বের করবে কলকাতার ভাবনা রেকর্ডস। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় বাদ্যযন্ত্র ছিল এসরাজ। আমার গানের সঙ্গেও এসরাজ থাকবে। বাজাবেন শুভায়ু সেন মজুমদার।