>

আজ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে থিয়েটারের প্রযোজিত নাটক মুক্তি। মার্কিন নাট্যকার লি ব্লেসিংয়ের ইনডিপেনডেন্সনাটকটির ভাবানুবাদ করেছিলেন সদ্য প্রয়াত রাষ্ট্রদূত মিজারুল কায়েস। নাটকটির বিভিন্ন দিক নিয়ে কথা বললেন নির্দেশক ত্রপা মজুমদার
‘মুক্তি’ নাটকের প্রথম প্রদর্শনী হয়েছিল কবে?
এটা আমাদের অনেক দিন আগের প্রযোজনা। নিয়মিত করছি। প্রথম প্রদর্শনী হয়েছিল ২০০৪ সালের নভেম্বরে।
এটাই কি আপনার প্রথম নির্দেশিত নাটক?
এর আগে যৌথভাবে একটা নাটক নির্দেশনা দিয়েছিলাম। একক নাটক হিসেবে এটাই প্রথম। ওই সময় আবদুল্লাহ আল মামুন বারবার বলছিলেন, নতুনদের নির্দেশনা দিতে হবে। বলা যায়, তিনি একপ্রকার বাধ্য করেছিলেন নাটকটি নির্দেশনা দেওয়ার জন্য। তখন বিভিন্ন নাটক পড়তে পড়তে এই নাটকটি ভালো লেগে যায়। ভালো লাগার প্রধান কারণ, তখন আমি একটু অনভিজ্ঞ ছিলাম। তাই চেয়েছিলাম একটু কম পরিসরের নাটক নির্দেশনা দিতে। প্রথমত, এই নাটকে মাত্র চারটি চরিত্র। দ্বিতীয়ত, গল্পের মূল বিষয়টি আকর্ষণীয়। তৃতীয়ত, নাটকের সংলাপগুলো ছোট ছোট। অনুবাদের প্রসঙ্গ আসতেই বাবার (রামেন্দু মজুমদার) কাছে পরামর্শ চাইলাম। তিনি বললেন, এটা অনুবাদের জন্য উপযুক্ত হবেন মিজারুল কায়েস।
কেন তাঁকে উপযুক্ত মনে হলো?
কায়েস ভাইয়ের যে পরিমাণ ভাষা ও শব্দের ওপর দখল ছিল, তাতে এটা তাঁর জন্য কোনো বিষয়ই ছিল না। আর কায়েস ভাইয়ের শিল্প-সংস্কৃতির সবকিছুর ওপরই অসম্ভব জ্ঞান ছিল। কায়েস ভাইকে নাটকটির কথা বলতেই তিনি সপ্তাহ খানেক বা ১০ দিনের মধ্যেই অনুবাদটা করে দিলেন।
মিজারুল কায়েসকে ঘিরে আজকের প্রদর্শনীতে কিছু করবেন?
আসলে আমরা ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি কায়েস ভাইকে হারাতে হবে। গত ফেব্রুয়ারিতে তিনি ঢাকায় এসেছিলেন। আমার অফিসে এসে অনেকক্ষণ গল্প করলেন। তখন আমি নতুন আরেকটি নাটকের কথা বললাম। এক বছর সময় চাইলেন তিনি। আমি বললাম, এক বছর মানে কিন্তু এক বছরই! আমাদের আজকের প্রদর্শনী কায়েস ভাইকে উদ্দেশ করে। তিনি প্রচণ্ড আমুদে মানুষ ছিলেন। আনন্দে থাকতে পছন্দ করতেন। নাটকটির মাধ্যমে আমরা তাঁর জীবনটাকে উদ্যাপন করতে চাই।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক