আনন্দ নিয়ে কাজটা করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

‘ছোট কাকু’ সিরিজের নতুন নাটক কাকু যখন কুমিল্লায় পরিচালনা করেছেন আফজাল হোসেন। ঈদ উপলক্ষে অভিনয় করেছেন বদরুল আনাম সৌদের রচনা ও আরিফ খানের পরিচালনায় নাটক ‘নুরুল আলমের মধুচন্দ্রিমা’ এবং টেলিছবি ‘ভুলে ভরা গল্প’ ও ‘যাত্রা পথের গল্পতে’। অভিনয় ও পরিচালনা নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।

আফজাল হোসেন
আফজাল হোসেন

আপনাকে ঈদ ছাড়া অভিনয়ে খুব বেশি দেখা যায় না।
আমি তো অনেক দিন ধরেই অভিনয়ে অনিয়মিত। উৎসবে কিছু নাটক করি। বিশেষ করে ঈদের সময়ে অভিনয় করা হয়। আসলে সৃজনশীল কাজ মানুষ করে ভালো লাগার জন্য। তো সারাক্ষণ কোনো কাজই ভালো লাগবে না।

ঈদে কেমন কাজ করলেন?

আমি প্রতিবছর যে কয়েকটি নাটকে অভিনয় করি, এবারও তা-ই করলাম। এ ছাড়া ‘ছোট কাকু’ সিরিজটা সাত বছর ধরে পরিচালনা করছি। চার-পাঁচ বছর ধরে এটাই আমার রুটিন। এর বাইরে খুব বেশি কিছু করা হয় না।

কাজগুলো কেমন হলো?

কাজ যে করে সে তো বলবেই ভালো কাজ করি। কেউ কখনো বলবে যে খারাপ কাজ করেছি? আমাদের মতো যেসব আর্টিস্ট পুরোনো, তারা যখন একটা কাজ করে তা তো আর মন্দভাবে করে না।

এই সময়ে দর্শকের নাটক দেখার প্রবণতা কেমন বলে আপনার মনে হয়?

ভালো না। এগুলো তো বলে লাভ নাই। এমন তো না যে বিষয়টা আপনি জানেন না। তাই মন্তব্য করেও লাভ নাই। ভালো না হওয়ার পেছনে সবারই ভূমিকা (রোল) আছে। যারা কোনো না কোনোভাবে নাটকের সঙ্গে সংযুক্ত, সবারই ভূমিকা আছে।

নাটক ভালো করার উপায় কী তাহলে?

সবাইকে ভালো হতে হবে। এমন না যে অভিনেতা শুধু ভালো হলেই চলবে। একটা সেক্টরের সবাইকে ভালো না হলে সেটা হবে না। যে কর্তব্যটা সঠিক সেটা করতে হবে। সেটা সবাই জানেন।

ছোট কাকু এবার কুমিল্লায় গেল। কেমন হলো শুটিং?

ছোট কাকু নিয়ে আমরা যখন যে অঞ্চলে যাই, চেষ্টা করি সেই অঞ্চলটা দেখাতে। একই সঙ্গে স্থানীয় সবার সহযোগিতা পাই। এবারও পেয়েছি। আনন্দ নিয়ে আমরা কাজটা করি। এবারও সে রকম করে করেছি।

শেষ তিন প্রশ্ন-

আপনার জীবনে কোনো ছোট কাকু ছিল?
আমাদের বয়সী যারা, তাদের প্রত্যেকের জীবনে ছোট কাকু, ছোট মামা, কাজলা দিদি চরিত্রগুলো ছিল। আমারও ছিল।

রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, হুমায়ুন ফরীদি ও আপনি খুব ভালো বন্ধু। ওই তিনজনের মধ্যে আপনার সেরা বন্ধু কে ছিলেন?
আমরা সবাই খুব ভালো বন্ধু ছিলাম। পরস্পরের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তবে আমার সঙ্গে হুমায়ুন ফরীদির ঘনিষ্ঠতা বেশি ছিল।

এই সময়ে সিনেমা নির্মাণ করলে আপনি নায়ক হিসেবে কাকে নেবেন?
ভাবিনি। ভাবলে বলব।