আন্তর্জাতিক মিলনমেলা হিসেবে দেখতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়ীদ মোরশেদ
রায়ীদ মোরশেদ

চিলড্রেনস ফিল্ম সোসাইটি অষ্টমবারের মতো আয়োজন করছে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। আজ থেকে উৎসব শুরু হচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। উৎসব পরিচালক রায়ীদ মোরশেদ এ আয়োজন নিয়ে মুখোমুখি হলেন প্রথম আলোর
অষ্টমবারের মতো এ উৎসব আয়োজিত হচ্ছে। সাড়া কেমন পাচ্ছেন?
ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে নবীনদের মধ্যে। ফেসবুক, ই-মেইল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এটা জানা সম্ভব হচ্ছে। তারা শিশু চলচ্চিত্র দেখতে চাইছে, বানিয়ে পাঠাতে চাইছে।
প্রথম থেকেই আপনি এ উৎসবের সঙ্গে আছেন। উৎসবটিকে কোন পর্যায়ে নিয়ে যেতে চান?
এ উৎসবকে ঘিরে আমাদের অনেক বড় স্বপ্ন। সে স্বপ্ন কাছাকাছি সময়ে পূরণ হওয়ার নয়! আমরা চাই, এ উৎসব আরও বেশি আন্তর্জাতিক মানের হবে। বিদেশ থেকে অনেক অতিথি, বিশেষ করে অনেক শিশু নির্মাতা আসবে। আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতা হবে। এককথায় এটিকে শিশুতোষ চলচ্চিত্রের একটি আন্তর্জাতিক মিলনমেলা হিসেবে দেখতে চাই।
একসময় চলচ্চিত্র নির্বাচনের জুরিবোর্ডে ছিলেন। এবার তো উৎসব পরিচালনার গুরুদায়িত্ব। কেমন লাগছে?
ভালোই লাগছে। কিন্তু এবার অনেক চাপ। আগে কোনোবার এত চাপ অনুভব করিনি। উৎসব পরিচালক হিসেবে কতগুলো বিশেষ দায়িত্ব পালন করতে হয়, অনেক সমস্যার সমাধান করতে হয়। সব মিলিয়ে ভালোই লাগছে।

বাইরে থেকে কেমন সাড়া পাচ্ছেন? আর বাংলাদেশের শিশু নির্মাতারাই বা কেমন করছে?

বাইরে থেকে প্রচুর সাড়া পাচ্ছি। এবার ৪৮টি দেশ থেকে প্রায় ৮০০ চলচ্চিত্র এসেছে। সেখান থেকে আমরা মাত্র ২০০-র মতো চলচ্চিত্র দেখাতে পারছি। এই সাড়া পেতে অনেক খাটতে হয়েছে আমাকে। আর বাংলাদেশ থেকে সাড়া সব সময়ই ভালো থাকে। বড়দের বানানো শিশু চলচ্চিত্রও এবার থাকছে। আর শিশু নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শনের বিরাট প্ল্যাটফর্ম এ উৎসব।
দর্শক হিসেবে কী ধরনের ছবি দেখতে ভালো লাগে?
মজার ছবিই দেখতে ভালো লাগে। বিশেষ করে অ্যাডভেঞ্চার আছে যে ছবিগুলোতে। শিশুদের একটি দল সবাই মিলে কোনো একটি সমস্যার সমাধান নিজেদের মতো করে করছে, কোনো অপরাধীকে পাকড়াও করছে, এমন চলচ্চিত্র দেখতে বেশি ভালো লাগে।
সাক্ষাৎকার গ্রহণ: প্রণব ভৌমিক