আপাতত বিয়ে নিয়ে আমার কোনো চিন্তা নেই
অস্ট্রেলিয়ার এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে (অ্যাপসা) সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন আজমেরী হক বাঁধন। তাঁর সঙ্গে মনোনয়ন পেয়েছেন ইসরায়েলের আলেনা ইভ, রাশিয়ার ভ্যালেন্টিনা রোমানোভা-চেস্কিরে, অস্ট্রেলিয়ার লি পার্সেল ও নিউজিল্যান্ডের অ্যাসি ডেভিস। সম্প্রতি আন্তর্জাতিক পরিসরে অভিনয় ক্যাটাগরিতে বাংলাদেশি কোনো শিল্পীর এ–জাতীয় অর্জন এই প্রথম। রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রের জন্য এই মনোনয়ন।
প্রশ্ন :
অভিনন্দন।
ধন্যবাদ।
প্রশ্ন :
খবরটি কখন জানতে পারলেন?
কয়েক দিন আগেই জানতে পেরেছিলাম। অফিশিয়াল ঘোষণা না আসায় বলিনি। বাংলাদেশ থেকে এ উৎসবে এর আগে কোনো অভিনয়শিল্পী মনোনয়ন পায়নি। যাদের সঙ্গে মনোনয়ন পেয়েছি, যেসব দেশের অভিনেত্রীর সঙ্গে আমার নামটা এসেছে, এটা আমি কল্পনাও করতে পারি না। নিঃসন্দেহে মন ভালো, অনেক বেশি আনন্দ লাগছে। গর্ব বোধও করছি। তবে আমি মনে করি, এই মনোনয়ন ছবির পরিচালক (আবদুল্লাহ মোহাম্মদ) সাদই পেয়েছে। ও–ই আসলে অভিনয়টা করছে।
প্রশ্ন :
আপনি তাহলে কী করলেন?
আমি আসলে আমাকে কৃতিত্ব দিতে চাই ধৈর্য ধরে ও নিজের প্রতি বিশ্বাস রেখে কাজটা করায়।
প্রশ্ন :
কেন এমনটা মনে করছেন?
কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার আগে শুনতে হয়েছে, আমার মাথা খারাপ। আমি কী করছি কেউ বুঝতেছে না। দেড় বছর ধরে একটা সিনেমার পেছনে সময় দিচ্ছি, ফাজলামি নাকি। আমাকে সবাই এ–ও বলছিল, তোমার বয়স চলে যাচ্ছে, গ্ল্যামার নষ্ট হয়ে যাচ্ছে, বিয়ে করতেছ না, পরে জামাইও পাবা না, একটা সময় সিনেমাও পাবা না। এই চাপগুলো আমাকে নিতে হয়েছে। অন্য পরিচালকেরাও এমন অনেক কথা বলছে। সবকিছু মিলে আমাকে অনেক কনফিউশনের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি যে ধৈর্য ধরে থাকতে পেরেছি, এটাই আমার কৃতিত্ব।
প্রশ্ন :
আপনার কি কখনো মনে হয়েছিল, এতটা সময় দিয়ে ভুল করছেন?
মোটেই নয়। আমি বুঝতে পেরেছিলাম, এই সিনেমা কোথাও আমাকে নিয়ে যাবে। তবে এত বড় জায়গায় পৌঁছে দেবে, ভাবিনি। ডেফিনেটলি এ ধরনের সিনেমা যে আমার জীবনে হয়নি, শুটিংয়ের সময়ই এটা আমি বুঝে গেছি। প্রমাণ তো পেলামও। কান চলচ্চিত্র উৎসবে ফরাসি যেসব দর্শক ছিলেন, তাঁরা কিন্তু ইংরেজিও ঠিকমতো বোঝেন না, সাবটাইটেলে বাংলাভাষী একটা সিনেমা দেখেছেন। ওই সিনেমা একবার দেখেই বাইরের দেশের দর্শক ও সমালোচকেরা রিলেট করতে পেরেছেন। পুরো কৃতিত্ব তো সাদেরই। আমার পেছনে যে পরিশ্রম সে করেছে, পর্দায় তা দেখা গেছে। ভারতের দিল্লি, মুম্বাই বেজড যেসব সাংবাদিক আমার সঙ্গে ছবিটি দেখছেন, সবাই এই কথাই বলেছেন, এ ধরনের অ্যাক্টিং কীভাবে সম্ভব! আমাদের দেশে যেহেতু ছবিটি এখনো কেউ দেখেনি, তাই মানুষ কিন্তু জানে না আসলে হইছেটা কী।
প্রশ্ন :
‘রেহানা’ নিয়ে অর্জনের খবরগুলো আগেভাগেই পান। চেপে রাখেন কীভাবে?
(হাসি) এই অভ্যাস আসলে আমার হয়ে গেছে। বাই নেচার আমি চাপা। আমি মনে করি, যেকোনো জিনিস শতভাগ সঠিক না হওয়া পর্যন্ত ওটা নিয়ে আলোচনা–সমালোচনা ঠিক নয়। এটা একান্তই আমার পারসেপশন।
প্রশ্ন :
অ্যাপসায় কি আপনারা যাচ্ছেন?
না, যেতে পারছি না। কারণ, আমাদের সিনেমা রেহানা মরিয়ম নূর বাংলাদেশে নভেম্বরে মুক্তি পাবে। আর ১১ নভেম্বর সম্ভবত অ্যাপসায় বিজয়ীর নাম ঘোষিত হবে। দেশের দর্শকের সঙ্গে বসে ছবিটি উপভোগ করতে চাই। আমি তো বুসান আর হংকংয়েও যেতে পারিনি।
প্রশ্ন :
আচ্ছা সবাই যে বলেছে, গ্ল্যামার নষ্ট হয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, বিয়েও করতেছ না, জামাই পাবা না—এসব শুনে কেমন লাগত?
জীবনের এমন একটা পর্যায়ে এসে গেছি, খুব বেশি একটা গায়ে লাগার সুযোগ নেই। এত বেশি এক্সট্রিম ট্রমা, কষ্ট পার করে এসেছি, খুবই কাছের মানুষদের মাধ্যমে নোংরাভাবে সবার কাছে এক্সপোজড হয়েছি, অপমানিত হয়েছি, নিগৃহীত হয়েছি; তাই এসব শুনলে আমার হাসি পায়। আমার চিন্তাচেতনা, মনন ও দর্শন অনেক চেঞ্জ করেছি। তাই এখন কে কী বলল, কে কী বলল না, কার ভালো লাগল, কার লাগল না, অন্যের সিদ্ধান্তে যে চলব না, এই সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলেছি। এই সিদ্ধান্ত নেওয়ার পর আমার নিজেকে ভীষণ মুক্ত লাগে। অন্যকে ভালো লাগানোই আসলে আমার একমাত্র কাজ নয়, আমার নিজেকে আগে ভালো রাখতে হবে। এরপর আমার পরিবার, সমাজ ও দেশের কথা ভাবব। তাই বলে সমাজের ছকে বাঁধা হয়ে, আদর্শ নারী হতে গিয়ে, অন্যের মন রক্ষা করতে গিয়ে দিনের পর দিন আমাকে নিগৃহীত করব এবং অত্যাচার–অনাচারের শিকার হব; এটা হবে না।
প্রশ্ন :
বিয়ে নিয়ে আপনার কোনো চিন্তাভাবনা কি আছে?
আপাতত বিয়ে নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমরা কখনো বলতেও পারি না, জীবনে কী হবে। জীবন ভীষণ অনিশ্চিত।
প্রশ্ন :
কিন্তু প্রেমের সম্পর্কেও কি জড়াননি বা কেউ প্রেমের প্রস্তাব দেয়নি?
আমাকে কেউ প্রেমের প্রস্তাব দেয় না। আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে মানুষ অস্থির করে ফেলছে, এটা পুরোপুরি ভুল ধারণা। আমাকে মানুষ কত ভয় পায়, আপনার কোনো ধারণাও নেই। আমি একদমই সেই পুতু পুতু লক্ষ্মী মেয়েটাও নই। আমাকে ডিল করা এত সহজও নয়। আমি খুবই অদ্ভুত।
প্রশ্ন :
নতুন চলচ্চিত্রের খবর কবে পাওয়া যাবে?
সেটা তো অবশ্যই সময় হলে আমি জানাব। এখনো জানানোর মতো কিছু হয়নি।