আবার এখানে আসতে চাই: সাঁই জহুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

পাকিস্তানের সংগীতশিল্পী সাঁই জহুর সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে এসেছিলেন। ১২ থেকে ১৪ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের প্রথম দিন তিনি পরিবেশন করেন সুফি ঘরানার সংগীত। সেদিন দুপুরে প্রথম আলোর সঙ্গে এক আলাপচারিতায় তিনি জানিয়েছেন এসব তথ্য। সাক্ষাৎকারটি নিয়েছেন প্রণব ভৌমিক।

সাঁই জহুর। আলোকচিত্র: সাজিদ হোসেন
সাঁই জহুর। আলোকচিত্র: সাজিদ হোসেন

বাংলাদেশে এসে কেমন লাগছে?
বাংলাদেশে এসে অনেক ভালোবাসা পেয়েছি। ভেবেছিলাম, প্রথমবার এসেছি, কী জানি কী হয়। কিন্তু এসে মন খুশিতে ভরে গেছে। মনে হচ্ছে, যেন আমার নিজের দেশেই আছি। আমি আবার এখানে আসতে চাই।

সংগীতের জগতে আপনি কীভাবে এলেন?

আমার বয়স তখন সাত। আমি তখন প্রতিদিন স্বপ্নে দেখতাম, কোনো এক দরগাহ থেকে এক জোড়া হাত আমাকে ডাকছে। প্রতিদিন একই স্বপ্ন। স্বপ্ন দেখে জেগে উঠতাম, আর ঘুমাতে পারতাম না। মা-বাবা আমার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, কী হয়েছে। আমি সব বললাম। তাঁরা অবাক হলেন। বললেন, প্রতিদিন একই স্বপ্ন দেখ, অন্য কিছুই দেখ না! তাঁরা আমার কথা বিশ্বাস করলেন না। ভাবলেন, আমি দুষ্টুমি করছি। এ জন্য আমাকে মার খেতে হয়েছে।

এরপর?

আমার বাড়ির কাছে একটি দরগাহ ছিল, সেখানে একজন দরবেশ ছিলেন। তাঁর বাড়ি ভারতের পাতিয়ালায়। তাঁকে জিজ্ঞেস করলাম, এমনটা কেন হচ্ছে? এমন স্বপ্নের কী মানে? তিনি বললেন, ‘কোনো বড় দরবেশ তোমাকে ডাকছেন।’ এরপর আমি সারা পাকিস্তান ঘুরলাম, সব দরগাহ দেখে ফেললাম। কেবল একটি বাকি ছিল। সেখানে গিয়ে দেখি এটি আসলে সেই দরগাহ, যেটি আমি খুঁজছিলাম। দরগাহটি ছিল সৈয়দ নিয়াজ হুসেইন শাহের। তাঁর ছেলে বাবা বুল্লে শাহ তখন দরগাহের খলিফা। তিনি আমাকে দেখে ডাকতে থাকলেন। আমি তাঁর কাছে না গিয়ে দরগাহ দেখতে চলে গেলাম। তখনো অনেক ছোট আমি, মাত্র দশ বছর বয়স। দরগাহ দেখার পর আমি তাঁর কাছে গেলাম। তিনি বললেন, ‘তোমাকে আমি অনেক দিন ধরে ডাকছি। কী ব্যাপার, এত দিন আসো নাই কেন?’ আমি বললাম, ‘আমি তো সারা পাকিস্তানে আপনাকে খুঁজছিলাম। এরপর তিন মাস ধরে তাঁর সেবা করেছি।’ একদিন আমার হাতে একতারা দেখে তিনি জিজ্ঞেস করলেন, এটা কী? এটা দিয়ে কী কর? আমি বললাম, ঘুম না আসলে গান গেয়ে আল্লাহর নামে রাত পার করি। তিনি বললেন, ‘শোনাও তো!’ আমি শোনালাম। আমার গান তাঁর ভালো লেগে গেল। তিন মাস পর তিনি আমাকে অনুমতি দিয়ে বললেন, ‘তুমি এখন যেতে পার। যদি এখান থেকে বেশি দূরে চলে যাও, তবে কসুরে চলে যেও। আমার দরবার সেখানেও আছে।’

আপনি কার কার কাছ থেকে গান শিখেছেন?

দশ বছর ধরে আমি তিন ওস্তাদের কাছে দীক্ষা নিয়েছি। একজনের নাম সাঁই রওনক আলী। দ্বিতীয় জন ছিলেন রেডিওর প্রযোজক, সাঁই মরনা। তৃতীয় জন ছিলেন ফিল্মের প্রযোজক, তাজ নাসিম অস্তি শাহ। তাঁর কাছে শেখার পর আস্তে আস্তে রেডিওতে, টেলিভিশনে অনুষ্ঠান করা শুরু করি। এরপর কখনো ইসলামাবাদ, কখনো করাচি, কখনো লাহোরে অনুষ্ঠান করেছি। দুবাই, ইউরোপ, ভারতেও অনুষ্ঠান করেছি। বলতে গেলে পৃথিবীর এমন কোনো জায়গা বাকি নেই, যেখানে যাইনি। ভারতেই গেছি ৭০ বারের মতো। খালি আপনাদের বাংলাদেশ দেখা বাকি ছিল। এবার সেটাও হলো।

আপনার গান তো সুফি ঘরানার। এ ব্যাপারে কিছু বলুন?

সুফি ঘরানার গানের কাজ হলো মানুষের আত্মাকে জাগানো। এটি আত্মাকে তাজা করে দেয়, খুশি করে দেয়। এটাই এর স্বভাব। প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ আছেন। মানুষকে খুশি করা মানে আল্লাহকে খুশি করা।

বাংলাদেশের সুফি বা বাউল ঘরানার কারও ব্যাপারে আপনি জানতে পেরেছেন?

না, আমার সে সৌভাগ্য হয়নি। যদি জানতে পারি, খুব খুশি হব।

আপনার জীবনের লক্ষ্য কী?

সব সময় খুশি থাকা। মানুষকে ভালোবাসা। মানুষকে খুশি রাখা।

পৃথিবীজুড়ে যে হানাহানি-মারামারি চলছে, সে ব্যাপারে আপনি কী বলবেন?

আমি কেবল একটা কথাই জানি, আমরা সবাই এক আল্লাহর সৃষ্টি। যিনি পুরো বিশ্ব সৃষ্টি করেছেন। তিনিই সবাইকে রিজিক দেন। রাম-রহিমে কোনো তফাত নেই। বাবা আদম ও বিবি হাওয়া থেকে আমাদের জন্ম। আমরা তাঁদের মাধ্যমেই এসেছি।