আব্বা দেশপ্রেমিক ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুমানা ইসলাম
রুমানা ইসলাম
১ ডিসেম্বর ছিল চলচ্চিত্রকার খান আতাউর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী।
চলচ্চিত্র নির্মাণ ছাড়াও খান আতাউর রহমান ছিলেন প্রযোজক, কাহিনিকার, অভিনেতা, গীতিকার ও সুরকার। তাঁর জন্মও এ মাসে, ১১ ডিসেম্বর। আজ বাংলাভিশনে রাত ১১টা ২৫ মিনিটে ‘মিউজিক ক্লাব’-এর বিশেষ পর্বে স্মরণ করা হবে খান আতাউর রহমানকে। অনুষ্ঠানে থাকবেন তাঁর মেয়ে সংগীতশিল্পী রুমানা ইসলাম। প্রথম আলোর সঙ্গে এসব নিয়ে কথা বললেন তিনি।

বাবাকে অনুভব করেন?
মানুষ ও বাবা হিসেবে আব্বা অতুলনীয় ছিলেন। কীভাবে হাঁটতে হবে, কথা বলতে হবে, সোজা হয়ে কী করে জীবনে চলতে হবে—সেটা ধরে ধরে শিখিয়েছিলেন তিনি। ছোটবেলায় নিয়ম করে প্রতিদিন এক ঘণ্টা আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য নিয়ে বলতেন। আব্বা দেশপ্রেমিক ছিলেন। পড়াশোনায় প্রথম হতে হবে—এমন কোনো শর্ত কখনো দেননি। কিন্তু ছবি আঁকা, গান শেখা—এগুলো করতে বলতেন। দাদিকে খুব ভালোবাসতেন। গ্রামে তেমন যাওয়া হয় না বলে তিনি আমাদের বলেছিলেন, তাঁর কবর যেন মানিকগঞ্জের রামকান্তপুরে গ্রামের বাড়িতে দিই। তা হলে কবর জিয়ারত করতে হলেও আমরা গ্রামে যাব।
বাবার সৃষ্টি নিয়ে আগামী দিনে কোনো পরিকল্পনা আছে?
এ কাজগুলো আসলে সরকার ও গণমাধ্যমকে করতে হবে। তাঁর কাহিনিচিত্র, প্রামাণ্যচিত্র ও গানগুলো সংরক্ষণ করা, সেগুলোর প্রচার, অ্যালবাম বের করা—অনেক কিছুই করার আছে। এখনো তাঁর ‘এক নদী রক্ত পেরিয়ে’ বা ‘হায়রে আমার মনমাতানো দেশ’ গানগুলো তরুণেরা শুনতে চায়। নিয়মিত সেগুলো চ্যানেলগুলোতে প্রচার করা দরকার।
আজ কী গাইবেন?
আজ পঞ্চাশ থেকে নব্বইয়ের দশকে রচিত আব্বার বিখ্যাত গানগুলো গাইব। তরুণ শিল্পী অপু থাকবেন সঙ্গে।
সাক্ষাৎকার: প্রণব ভৌমিক