>

প্রয়াত সংগীতশিল্পী আব্বাসউদ্দীন আহমদের ১১৪তম জন্মবার্ষিকী আজ। এটিএন বাংলার ‘বটবৃক্ষের ছায়া’ অনুষ্ঠানে দেশের এই মরমি সংগীতশিল্পীকে আজ স্মরণ করবেন তাঁরই মেয়ে সংগীতশিল্পী ফেরদৌসী রহমান আর সঙ্গে থাকবেন নাতনি নাশিদ কামাল। গতকাল সোমবার বিকেলে বাবাকে নিয়ে যখন ফেরদৌসী রহমানের সঙ্গে কথা হলো, তখন তিনি গান শেখানোর কাজে ব্যস্ত ছিলেন।
আজ এটিএন বাংলায় ‘বটবৃক্ষের ছায়া’ অনুষ্ঠানটি বেলা ৩টা ২০ মিনিটে দেখানো হবে।
এই সময়ে কেন অনুষ্ঠানটি দেখানো হচ্ছে? তখন কজন বাসায় থাকে। আমিই তো তখন নজরুল ইনস্টিটিউটে থাকব।
আপনার বাবা আব্বাসউদ্দীনের জন্মদিনে এবার আপনারা কী করছেন?
আব্বার জন্মবার্ষিকীতে এখন আর তেমন কিছু করা হয় না। আব্বাসউদ্দীন আহমদ কিন্তু একজন জাতীয় ব্যক্তিত্ব। তাঁর জন্মবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত। আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আব্বার মৃত্যুদিবস পালন করত, এখন সেটাও করে না। জন্মদিন তো তারা উদ্যাপন করেনি, মনে হয় আর করবেও না।
নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে?
ভীষণ মন খারাপ হয়। অনেক কষ্ট বুকে জমা আছে। এই তো একটু আগে আকাশ বাংলা দেখছিলাম। তাদের ঘোষণায় দেখলাম, কাল (আজ মঙ্গলবার) সকালে আব্বাসউদ্দীন আহমদকে নিয়ে অনুষ্ঠান প্রচার করবে কলকাতার ওই টিভি চ্যানেলটি। অথচ আমাদের টেলিভিশনে তেমন কিছুই চোখে পড়েনি।
আপনার বাবার স্মৃতি সংরক্ষণের কি উদ্যোগ নেওয়া হয়েছে?
আমাদের কাছে রাষ্ট্রের পক্ষ থেকে কেউ কিছু চায়নি। আমি আর আম্মা বছর দশেক আগে আব্বার ব্যবহার করা জিনিসপত্রগুলো জাতীয় জাদুঘর কর্তৃপক্ষকে দিয়েছিলাম। মাস দুয়েক আগে আমার ছেলে যুক্তরাষ্ট্র থেকে এসেছে। সঙ্গে দুই নাতি। তাদের নিয়ে জাদুঘরে গিয়েছিলাম। দেখি, সেখানে কিছুই নাই! আব্বার চশমা, তাঁর ব্যবহার করা অনেক কিছু আম্মা দিয়েছিলেন। কিছুই পাইনি। গ্রামোফোন রেকর্ড দিয়েছি। তা-ও পাইনি। এই হলো আমাদের দেশের মানুষ! তাদের মনে রাখার ধরন! আব্বার গানের কোনো সংগ্রহ নেই। এটা ভাবলে খুব কষ্ট লাগে। আব্বাসউদ্দীন আহমদ, আবদুল আলীম, ওস্তাদ আলাউদ্দীন খাঁ, ওস্তাদ আকবর আলী খাঁ তো আমাদের দেশের সম্পদ। অতীতকে যারা স্মরণ করবে না, ভবিষ্যৎকে কীভাবে বরণ করবে?
আপনার বাবা যখন বেঁচে ছিলেন, জন্মদিনে তিনি কী করতেন?
পুরো পরিবার মিলে আমরা আব্বার জন্মদিন উদ্যাপন করতাম। আব্বা খেতে খুব পছন্দ করতেন। তার খুব প্রিয় ছিল ইলিশ, চিংড়ি আর শুঁটকি মাছ। আমাদের পরিবারে কারও জন্মদিন মানে বাড়িতে গানবাজনা চলত। কবিতা পাঠ হতো। শিল্পী-সাহিত্যিকেরা আসতেন। খুব আনন্দ হতো।
সাক্ষাৎকার: মনজুর কাদের