আমরা আসছি এই শীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন ধরে নতুন টিভি নাটকে দেখা যাচ্ছে না মাহফুজ আহমেদকে। তাঁর প্রথম প্রযোজিত সিনেমা জিরো ডিগ্রি মুক্তির প্রচারণা-সংক্রান্ত নানা ধরনের কাজে ব্যস্ত এ অভিনেতা।

মাহফুজ আহমেদ
মাহফুজ আহমেদ

আপনি অনেক দিন টিভি পর্দায় নেই
আমি বর্তমানে ব্যস্ত রয়েছি আমার প্রযোজনায় প্রথম ছবি জিরো ডিগ্রির কাজ নিয়ে। এটার পোস্ট প্রোডাকশন, প্রচার-প্রচারণা এবং বাজারজাতকরণ নিয়ে ব্যস্ত রয়েছি। এ কারণে গত ঈদুল ফিতরের পর থেকে কোনো টিভি নাটকে অভিনয় করিনি। ঈদুল আজহায় আমার অভিনীত কোনো নাটক প্রচার হয়নি। আমার ক্যারিয়ারে এটাই একমাত্র ঈদ, যে ঈদে আমার কোনো নাটক প্রচার হয়নি। দর্শকদের বলে রাখছি, শুধু জিরো ডিগ্রির জন্য এপ্রিল ২০১৫ পর্যন্তও আমি কোনো টিভি নাটকে অভিনয় করছি না।
জিরো ডিগ্রি নিয়ে জানতে চাই
আমি শুধু বলব, এটা সত্যিকার অর্থেই অন্যরকম ছবি। একটু ঘুরিয়ে বললে এ রকম শোনাবে, এই ছবিটা যেভাবে দেখানো হবে এর আগে কোনো ছবি এভাবে দর্শক দেখেনি। কথা এবং কাজের মিল দেখার জন্য সবাইকে সিনেমা হলে আসতে হবে। ছবিটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন জয়া আহসান, রুহি, তারিক আনাম খান, ইরেশ যাকের, টেলি সামাদ, নতুন মুখ রাব্বি, জায়েদ ও আমি। শুটিং হয়েছে বাংলাদেশ ও সিঙ্গাপুরে এবং পোস্ট প্রোডাকশনের কাজ করেছি বোম্বেতে।
কবে নাগাদ মুক্তি পাচ্ছে ছবিটি?
আমরা আসছি এই শীতে! এরই মধ্যে ছবির সব ধরনের কাজ শেষ। নভেম্বরের প্রথম সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পরপরই মুক্তির তারিখ নির্ধারণ করা হবে। সেটা অবশ্যই এই শীতের মধ্যেই। মানে ডিসেম্বর অথবা জানুয়ারিতে আসছে জিরো ডিগ্রি।
জিরো ডিগ্রির গল্পটা?
এটি দুজন প্রতারিত মানুষের প্রতিশোধের গল্প। তারা হতে পারে স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা বা অন্য কিছু। এই নিয়েই গল্প। বলতে পারেন আনএক্সপেক্টেড থ্রিলার হলো জিরো ডিগ্রি।
ছবিটি নিয়ে প্রত্যাশা
আমার প্রত্যাশা অনেক। আমি চাই সারা দেশের মানুষ জিরো ডিগ্রি নাম জানুক। হলে এসে ছবিটি দেখুক। এ জন্য প্রচারণার কোনো কমতি হবে না।