২৬ ডিসেম্বর বিয়ে করেছিলেন নিরব ও ঋদ্ধি। এই বিয়ে মেনে নেয়নি ঋদ্ধির পরিবার। পরের দিনই ঋদ্ধির বাবা অপহরণ মামলা করেন নিরবের নামে। এর পর থেকে নিরব-ঋদ্ধি আত্মগোপনে চলে যান। বন্ধ পাওয়া যায় তাঁদের সব কটা ফোন নম্বর। গত রোববার রাত আড়াইটায় একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপাশে নিরব! কী বললেন তিিন?

কেমন আছেন?
এই তো, ভালো আছি। ঋদ্ধিও ভালো আছে। দুজন মিলে খুব সুন্দর সময় পার করছি।
আপনি তো বিয়ের পরই উধাও
কই, আছি তো। এই যে আপনার সঙ্গে এখন কথা বলছি। বিষয়টি হলো, ঋদ্ধির বাবা বিয়ের পরদিন আমার নামে অপহরণ মামলা করেছেন। এ জন্য আমরা প্রকাশ্যে ঘোরাফেরা কম করছি। মামলার বিষয়টি সমাধান করেই আবার কাজে ফিরব।
দুজনের মতামতেই তো বিয়ে হয়েছে?
হ্যাঁ, আমরা একে অপরে ভালোবেসেছি। এ সময়ে এসে দুজনই সিদ্ধান্ত নিলাম বিয়ে করার। ঋদ্ধির পরিবার বিয়েতে রাজি ছিল না। ঋদ্ধি সজ্ঞানে বাড়ি থেকে বেরিয়ে আসে। আমার পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে আমার বাসায় বিয়ে হয়। তাহলে কি এটা অপহরণ হলো? আমার মনে হয়েছে, এই মামলাটি ভিত্তিহীন ও অযৌক্তিক।
গত সপ্তাহে আপনার অভিনীত ‘গেইম’ মুক্তি পেয়েছে। এমন সময় বিয়ে নিয়ে এই জটিলতা কি ছবির ওপর প্রভাব ফেলেছে?
আমি মনে করি কোনো প্রভাব পড়েনি। তবে ছবি মুক্তির পর প্রচার নিয়ে যে পরিকল্পনা ছিল, তা করতে পারছি না। তবে বাকিরা মিলে ছবি প্রচারের কাজটি ভালোভাবেই করছেন। সবার কাছে আমি কৃতজ্ঞ।
এ মাসেই তো ‘মিশন আফ্রিকা’ ছবির জন্য দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা। সমস্যা হবে না?
না। এ সপ্তাহের শেষের দিকে একটি দল রওনা হয়ে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে শুটিং শুরু হবে। এ মাসের শেষের দিকে আমার অংশের কাজ। আমি পরে যাব।
সাক্ষাৎকার: শফিক আল মামুন