>আজ খনা নাটকের ৫০তম প্রদর্শনী। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে এ নাটক। এর নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। নাটকটি লিখেছেন সামিনা লুত্ফা নিত্রা। সেই সঙ্গে নাটকটির কেন্দ্রীয় চরিত্রে কাজী রোকসানা রুমার সঙ্গে মঞ্চে দেখা যাবে তাঁকেও

৫০-এ ‘খনা’—কেমন লাগছে?
খনা নাটকটি নিয়ে আমার ভেতর দুই ধরনের বোধ কাজ করে। প্রথমত, নাটকটির সঙ্গে নিজেকে মিলিয়ে দেখি। দ্বিতীয়ত, আমরা নারীরা যেখানে যেতে চাই, খনার গল্প আমাদের সেখানে নিয়ে যতে পারে। প্রায় পাঁচ বছর ধরে নাটকটি মঞ্চস্থ হচ্ছে। এত দিন ধরে মঞ্চে নাটকটি সফলভাবে ধরে রাখাটাও একটা অর্জন বলে মনে করি।
পাঁচ বছরে ৫০টি প্রদর্শনী, কম হয়ে গেল না?
এ সময়ের মধ্যে নতুন নাটক দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া মঞ্চে আনা হয়েছে। ফলে খনার প্রদর্শনী বন্ধ ছিল। এ ছাড়া খনা চরিত্রটি প্রথম থেকেই আমি করে আসছি। মাঝে প্রায় সাড়ে তিন বছর আমি দেশের বাইরে ছিলাম। ওই সময় যাঁকে দিয়ে চরিত্রটি করানো হয়েছিল, তিনি ঠিকমতো সময় দিতে পারেননি। পরে কাজী রোকসানা রুমা নিজ উদ্যোগেই চরিত্রে অভিনয় শুরু করেন। তা না হলে নাটকটির প্রদর্শনী আরও কম হতো।
‘খনা’য় প্রত্যাবর্তন করলেন তাহলে...
হ্যাঁ। তবে এখন আমি ও রুমা দুজনই খনা করছি। পরপর চারটি শো আমি করি, আবার চারটি শো রুমা করেন। তবে কোনো কোনো সময় কারোর সমস্যা থাকলে দুজনের শোর সংখ্যা কমবেশি হয়।
৫০তম প্রদর্শনীতে নাকি দুই ‘খনা’ মঞ্চে থাকবেন?
আমরা দুজনই ৫০তম প্রদর্শনীটি করতে আগ্রহী ছিলাম। কিন্তু নির্দেশক রাজি ছিলেন না। কেননা, চরিত্রটির ছন্দপতন হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজি হয়েছেন। আমরা দুজনই চরিত্রটি করছি। প্রথম অর্ধেক করবেন রুমা, শেষ অর্ধেক আমি। তবে নাটকটির আরও তিনটি চরিত্র এভাবেই সাজানো হয়েছে।
একই চরিত্রে দুজনকে দেখে দর্শক বিভ্রান্ত হবেন না?
নাটকটির শেষ অর্ধেকে খনা চরিত্রটির ১৫ বছরের পার্থক্য দেখানো হয়েছে। ফলে চরিত্রটিতে দুই ধরনের চেহারার উপস্থিতিতে তেমন কোনো সমস্যা হবে না। বড় কথা গল্পে ঢুকে গেলে দর্শকদের এসব নিয়ে ভাবার সময় নেই।