সামাজিক যোগাযোগের মাধ্যম তাঁকে নিয়ে এসেছে গানের জগতে। ২০১১ সাল থেকে ইউটিউবে শোনা যায় জেফার রহমানের গান। ভার্চুয়াল জগৎ ছাড়িয়ে তিনি এখন গান গেয়ে মঞ্চ মাত করছেন। আজ এই শিল্পী গাইবেন দেশ টিভির ‘কলের গান’–এ রাত পৌনে ১২টায়। সেখানে জনপ্রিয় কিছু ইংরেজি গান গাইবেন তিনি। তবে বাংলা গান নিয়েও কিন্তু তাঁর অনেক ব্যস্ততা। এসব নিয়েই বললেন জেফার।

‘কলের গান’ অনুষ্ঠানে কী ধরনের গান করবেন?
সাধারণত যে ধরনের ইংরেজি গান আমি করে থাকি, এবারও তা–ই করব। আমাকে তো মূলত ইউটিউব থেকেই সবাই চেনে। সেখানে যে গানগুলো খুব আলোচিত হয়েছে, সেসব অবশ্যই করব।
আপনি শুধু ইংরেজি গান নিয়েই ব্যস্ত?
না। আমি এখন অনেকগুলো কাজ করছি। বাংলা ছবির জন্য দুটি কাজ করলাম সম্প্রতি। একটি ছবির নাম পাঠশালা। সেই ছবির টাইটেল গানটি করেছি আমি আর ঋতুরাজ। গানটির সংগীতায়োজন করেছেন পৃথ্বীরাজ। এই গানের কথা আর সুর ফয়সাল রদ্দির। তা ছাড়া আরও একটি অন্য রকম কাজ করেছি; তা হলো ভারতীয় গায়ক সনম পুরীর সঙ্গে যাযাবর ছবিতে একেবারে রোমান্টিক একটি গান। গানের শিরোনাম ‘প্রিয়তমা’। মজার বিষয় হলো, ভারতের সনম আর বাংলাদেশের আমি—আমরা দুজনই কিন্তু ইউটিউব দিয়ে গানের জগতে আসা শিল্পী।
আপনি এখন শুধু ইউটিউবে নন, মঞ্চেও গান করছেন নিয়মিত, তাই না?
হ্যাঁ। দেশ টিভির অনুষ্ঠানটিই ধরুন। তা ছাড়া ৩১ ডিসেম্বর যাচ্ছি চট্টগ্রামে। সেখানে ব্যান্ড ওয়ারফেজের সঙ্গে গাইব। এটা নিয়ে খুব রোমাঞ্চিত আমি। আমার জন্য অনেক বড় বিষয় এটা। আমি যত দূর জানি এবং ওয়ারফেজ থেকে আমাকে যা জানানো হয়েছে, তা হলো ওয়ারফেজের সঙ্গে এর আগে কিন্তু কোনো নারী সংগীতশিল্পী মঞ্চে গান করেননি। তাই বিষয়টি আমার জন্য অনেক সম্মানের।
শুনলাম, প্রথম একক অ্যালবামের কাজ শুরু করেছেন আপনি।
গান রেকর্ড করা শেষ। তবে এখনো অ্যালবামের নাম কিংবা মুক্তির তারিখ ঠিক করিনি। ইচ্ছা আছে আগামী মাস দুয়েকের মধ্যেই অ্যালবাম বাজারে ছাড়ব। তবে এর আগে প্রথম অ্যালবামের একটি গানের ভিডিও তৈরি করতে চাই। এরপর অ্যালবাম মুক্তি দেব।