আমাকে নিয়ে অনেক পলিটিকস হয়েছে
এবিসি রেডিওতে আজ মঙ্গলবার রাত ১০টায় সাক্ষাৎকারধর্মী একটি অনুষ্ঠানে কথা বলবেন মডেল ও অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। লুক হুজ টকিং উইথ ডন সামদানি নামের এই অনুষ্ঠান ছাড়াও অন্যান্য কাজ সম্পর্কে আগাম ধারণা দিলেন তিনি
প্রশ্ন :
‘লুক হুজ টকিং উইথ ডন সামদানি’ অনুষ্ঠানে কী নিয়ে কথা বলবেন?
সফলতার গল্প। আমার পেশাগত জীবনের শুরু থেকে এই পর্যন্ত কীভাবে পেরিয়ে এলাম, সেই ভ্রমণের গল্প বলব। সফলতার পাশাপাশি সংগ্রামের কথাও বলব। ব্যক্তিজীবন নিয়েও কথা বলব।
প্রশ্ন :
ব্যক্তিজীবন মানে বিয়েসংক্রান্ত কিছু?
আরে নাহ...বিয়ে করার বিষয়টি অফিশিয়ালি বলার সময় এখনো আসেনি। তা ছাড়া আমার কোনো বয়ফেন্ডও নেই যে তাঁকে নিয়ে কথা বলব। তবে একটা কথা বলে রাখি, বিয়ে করলে একবারই করব। দু-তিন বিয়ের পক্ষে আমি নেই। তাই তো বুঝেশুনে সময় নিয়ে বিয়ের কাজ সেরে নিতে চাই। তবে পরিবারের সবাই চাইছে, আমি যেন বিয়েটা সেরে নিই।
প্রশ্ন :
তাহলে কেন করছেন না?
কাজ নিয়ে আমি যে পরিমাণ ব্যস্ত থাকি, নিজেকেই তো সময় দিতে পারি না। নিজেকে সময় দিতে না পারলে তো পরিবার নিয়ে ভাববার সময় পাব কি না, তা তো জানি না। সিনেমার শুটিং, বিভিন্ন পণ্যের প্রচারণার কাজ, মডেলিং—এত কাজের মধ্যে বিয়ে করার সময় কই।
প্রশ্ন :
জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে পছন্দ?
অবশ্যই ভালো ছেলে। সৎ ও সাদামাটা। আমার কাজের প্রতি আন্তরিক থাকবে। আমাকে বুঝতে হবে।
প্রশ্ন :
নতুন একটি সিনেমার শুটিংয়ের কথা বলেছিলেন...
মাঝে পরিচালকের অসুস্থতা ও লোকেশন খোঁজার কারণে শুটিং স্থগিত হয়। আগামী বৃহস্পতিবার থেকে শুটিং শুরু হবে।
প্রশ্ন :
বলিউডের সিনেমায় অভিনয় করবেন না, খবরটি প্রকাশের পর সবার কাছ থেকে কেমন প্রতিক্রিয়া হয়েছে?
আমার দেশের সবাই তো আমার বোল্ড ডিসিশনের কারণে সাধুবাদ জানিয়েছেন। আমি কিন্তু মোটেও ইচ্ছে করে এমনটা করিনি। গল্পের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারার কারণে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
প্রশ্ন :
প্রশংসার পাশাপাশি কেউ কি বলেনি, মিম এটা তোমার ভুল হয়েছে?
এ রকমও বলেছে অবশ্য। কেউ কেউ তো বলেছেন, তোমার ভবিষ্যতে বলিউডে কাজ করাটা টাফ হবে। তবে আমি তা মোটেও বিশ্বাস করি না। আমি শুধু আমার না করার সিদ্ধান্ত জানিয়েছি, গল্প বা অন্য কিছু তো কাউকে বলিনি। প্রথম আলোয় খবরটি প্রকাশের পর ভারতের কয়েকটি সংবাদমাধ্যমও আমার সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু আমি আর বিষয়টি নিয়ে কথা বাড়াতে চাইনি। তবে আমি মনে করে, বলিউডে যদি নেক্সট কোনো গল্পে আমাকে দরকার পড়ে অবশ্যই তাঁরা যোগযোগ করবেন।
প্রশ্ন :
আপনি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এমন কোনো চরিত্রে অভিনয়ের স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে...
আফসোস, অনেক ধরনের চরিত্রে অভিনয় করতে পারিনি। আমার দেশের নারীর সংগ্রাম ও সফলতার সত্যিকারের গল্প আমাকে খুব টানে। গ্ল্যামারের চেয়ে যেখানে চরিত্রটাই প্রাধান্য পাবে, তেমন সব চরিত্রে অভিনয়ের ভীষণ ইচ্ছে। পাশের দেশ ভারতে কিন্তু এ ধরনের গল্পে হরহামেশাই কাজ হয়।
প্রশ্ন :
চলচ্চিত্রে কাজের ক্ষেত্রে কোনো রকমের বাধা বা আক্রোশে পড়েছিলেন।
হুম। আমাকে নিয়ে অনেক নোংরা পলিটিকস হয়েছিল। একজন ছিলেন এ ব্যাপারে এগিয়ে। আমি অবশ্য ওসবে মাথা ঘামাইনি। চলচ্চিত্র বাদ দিয়ে নাটকে অভিনয়ে ব্যস্ত হই। নিজের মতো করে কাজ করেছি। আজ আমি কোথায় আর তিনি কোথায়। এখন তো আমি চলচ্চিত্রে সমানতালে কাজ করছি।
প্রশ্ন :
করোনায় এখন সবকিছু স্বাভাবিক। কোথাও কি ঘুরতে গেছেন?
না, মন চাইছে ঘুরতে যাওয়ার। কিন্তু কাজের কারণে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তবে আগামী মাসে মায়ের চিকিৎসার জন্য ভারতে যাব। তখন হয়তো ঘোরাঘুরি করব।