
পয়লা বৈশাখে মুক্তি পাচ্ছে নতুন ঢালিউড ছবি ধ্যাততেরিকি। শুভ-ফারিয়া ছাড়াও এতে অভিনয় করেছেন ফারিন ও রোশান। সম্প্রতি নতুন ছবি পোড়ামন ২-এর নায়ক হয়েছেন রোশান। এত দিনে ঢাকাই ছবির জগৎটিকে কেমন দেখলেন, সে কথাই বললেন নতুন এই নায়ক।
‘ধ্যাততেরিকি’ ছবিতে দুই নায়ক। নিজেকে তুলে ধরার সুযোগ ছিল?
এটি একটি কমেডি ছবি। আমি শুভ ভাইয়ের বেস্ট ফ্রেন্ডের চরিত্রে কাজ করেছি। আমাদের সবার সিকোয়েন্স প্রায় সমান। আমার চরিত্রটি মজার। দেশি-বিদেশি নায়কের বেশ ধরেছি। আশা করি, দর্শকেরা পছন্দ করবেন। নিজেকে তুলে ধরার যথেষ্ট সুযোগ ছিল, সেটা কাজে লাগিয়েছি।
দুটি ছবিতে কাজ করলেন। অভিনয়ে অভিজ্ঞতা কেমন হলো?
আমার অভিনয়ের অভিজ্ঞতা ছিল না। হঠাৎ করেই প্রস্তাব পেয়ে রক্ত ছবিটি করেছি। কিন্তু ধ্যাততেরিকিতে আগের মতো অপ্রস্তুত মনে হয়নি। পরিচালক যেভাবে বলেছেন, সেভাবেই সবকিছু করার চেষ্টা করেছি। প্রথমটির অভিজ্ঞতা দ্বিতীয়টিতে কাজে লাগিয়েছি।
ইন্ডাস্ট্রিকে বুঝতে পারছেন কিছুটা?
এখনো ইন্ডাস্ট্রি বোঝার সময় আমার হয়নি। সবকিছু লক্ষ করছি, দেখছি, শিখছি। বড়রা যেসব পরামর্শ দিচ্ছেন, সে অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। আমাকে নিয়ে প্রযোজক-পরিচালকদের স্বপ্ন আছে। তাই এখন শুধু শ্রম দিয়ে যাচ্ছি। আমাকে যোগ্যতা প্রমাণ করে দেখাতে হবে।
কী কী করছেন?
নিয়মিত শরীরচর্চা করছি। ফিটনেসটা গুরুত্বপূর্ণ। অভিনয়ের জন্য গ্রুমিং করতে হচ্ছে। প্রথম ছবিতে নাচের জন্য কোনো প্রস্তুতিই ছিল না। কোরিওগ্রাফার কোনো রকমে চালিয়ে নিয়েছিলেন। এখন নাচ শিখতে হচ্ছে। নিয়মিত সিনেমাও দেখছি।
কোনো নায়িকার সঙ্গে জুটি বাঁধবেন?
বিষয়টি ভেবেছি, তবে এ জন্য আরও সময় দরকার। সবাই রক্ত দেখে বলেছেন, পরীমনির সঙ্গে নাকি আমার রসায়ন ভালো। কিন্তু তাঁর সঙ্গে আর কাজ করা হয়নি। পরে করলাম ফারিনের সঙ্গে, এবার আবার পূজা (পোড়ামন-২ ছবির নায়িকা)। আসলে কয়েকটি ছবি না করলে বোঝা মুশকিল, কার সঙ্গে জুটি করলে দর্শক পছন্দ করবেন।
ভালো লাগা কয়েকটি ছবির কথা বলুন।
বজরঙ্গি ভাইজান, রইস ভালো লেগেছে। অ্যাকশন ও রোমান্স আমার বেশি পছন্দ। সময় পেলেই সপ্তপদী ছবিটি দেখি। এটা আমাকে ভীষণ অনুপ্রাণিত করে। উত্তমকুমারের ভক্ত আমি। এ ছাড়া শাকিব ভাই, শুভ ভাইকে পছন্দ করি। আমি আসলে সব জায়গা থেকে শেখার চেষ্টা করছি।
কোথায় পৌঁছাতে চান?
সবাই সুপারস্টার হতে চান, আমিও চাই। আমাকে স্টার বানাবেন দর্শক। এখন যাঁরা সুপারস্টার, এগিয়ে যেতে তাঁদের সহযোগিতাও আমার দরকার।