আমাদের আসলে সে রকম প্রেম নয়...
অভিনয়ে আসবেন, সে ইচ্ছা কখনোই ছিল না। হঠাৎই মিডিয়ায় কাজ শুরু করেছিলেন। এখন তিনি ভক্তদের কাছে ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের ঝুমুর হয়ে আছেন। এই অভিনেত্রীর নাম সারিকা সাবাহ। গতকাল ছিল তাঁর জন্মদিন। ভালোবাসা দিবসের নাটক, ব্যস্ততা ও ব্যক্তিগত প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে।
প্রশ্ন :
শুভ জন্মদিন। খুব খুশি মনে হচ্ছে?
ধন্যবাদ। শুটিং নেই, বাসায় আছি। বাসায় আনন্দে থাকি।
প্রশ্ন :
দিনটি কি বাসাতেই কাটিয়ে দিলেন?
আমার জন্মদিন সব সময় বাসাতেই কাটে। মা–বাবার একমাত্র সন্তান। তাঁদের সঙ্গেই থাকি। তেমন আয়োজন থাকে না। আর প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা এসে সারপ্রাইজ দেয়।
প্রশ্ন :
জন্মদিনে আপনার কী ইচ্ছা করে?
আমার শুধু মা–বাবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ইচ্ছা করে। আর একটু মন খারাপ হয়। বয়স বেড়ে যাচ্ছে। পরে অবশ্য মনে হয়, একটা বছরে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। অনেক ভুল করেছি, সেগুলো ভবিষ্যতে শোধরাতে চাই।
প্রশ্ন :
ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে কটি নাটক প্রচার হয়েছে?
একটি শর্টফিল্ম ও দুটি নাটক। এবার একদমই কম কাজ করেছি। তবে এই সময়ে বেশ কিছু ঈদের কাজ করেছি। ভালোবাসা দিবসের দুটি নাটকও একদম শেষ মুহূর্তে শুটিং করা।
প্রশ্ন :
সম্প্রতি সময়ে কাজের সংখ্যা একটু কম কেন? কী নিয়ে ব্যস্ত? বিয়ে...
না না, বিয়ে করছি না। ঘরোয়া হোক আর প্রেম হোক, বিয়ে করলে জানিয়ে করব। আসলে আমার পড়াশোনার অনেকটা চাপ ছিল। তারপরে আমার বাবা কিছুটা অসুস্থ ছিলেন। সবকিছু মিলিয়ে শুটিং করা হয়নি। তিনটি কাজেই আমি খুশি।
প্রশ্ন :
বললেন জানিয়েই বিয়ে করবেন, এ বছর কি শুভ কোনো সংবাদ আসতে পারে?
বিয়ে নিয়ে বাসা থেকেও কোনো কথা হয় না। আমিও এখনই চাইছি না। ইনশা আল্লাহ এক–দুই বছরের মধ্যে বিয়ে করব।
প্রশ্ন :
প্রেম-ভালোবাসার মানুষ তো আছে?
প্রেম বলতে আমার কাছে মনে হয় ১৮–১৯ বছরের আবেগ। সেই সময় প্রেমের জন্য সবাই অনেক কিছুই করত বা করতে চাইত। আমিও সে রকম করেছি। এখন আসলে সে রকমভাবে প্রেম জিনিসটা আমার নেই। একজনের সঙ্গে আমার বন্ধুত্ব আছে। আমাদের আসলে সে রকম প্রেম নয়, বন্ধুতা। আমার ভালো একজন বন্ধু আছে। হয়তো বিয়ে করলে আমার সেই বেস্ট ফ্রেন্ডকেই করব।
প্রশ্ন :
কেন মনে হলো সেরা বন্ধুর সঙ্গেই ঘরসংসার করবেন?
সবার আগে সে আমার সেরা বন্ধু, তারপর ভালোবাসার মানুষ। আমাকে কেউ প্রশ্ন করলে সবার আগে পরিচয় দেব, সে আমার বেস্ট ফ্রেন্ড। যদি কখনো বিয়ের সিদ্ধান্তে আসতে হয়, তখন প্রিয় বন্ধুর সঙ্গে হবে। আমাদের সেভাবেই সম্পর্ক। এভাবে আমরা একে অন্যকে অনেক জানার সুযোগ পাচ্ছি।
প্রশ্ন :
এখন পর্যন্ত জন্মদিনের সেরা উপহার কী?
এখন পর্যন্ত অনেক উপহার পেয়েছি। কিন্তু এবারই জীবনের সেরা উপহার পেলাম বাবার কাছ থেকে। বাবা প্রতি জন্মদিনে ঢাকার বাইরে থাকেন, এবারও তা–ই। যেখানেই থাকেন, বাবা প্রতি জন্মদিনেই আমাকে খুদে বার্তা পাঠিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। এবার বাবা ফোন দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বাবার ফোনকলই আমার জীবনের সেরা উপহার।
প্রশ্ন :
ধারাবাহিক নাটকের কী অবস্থা? কাজ নিয়ে পরিকল্পনা?
এখন ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ নাটকের শুটিং চলছে, আরও কিছু কাজ করছি। মোস্তফা কামাল রাজ ভাইয়ের ‘ফ্যামিলি ক্রাইসিস’ অসাধারণ একটি কাজ। নাটকটিই আমাকে ঝুমুর নামে পরিচিত করেছে। নাটকের পাশাপাশি ওয়েবে কাজ করার খুব ইচ্ছা আছে।
প্রশ্ন :
নিজের অভিনয় নিয়ে কতটা খুশি?
আমার নিজের অভিনয় নিয়ে আমি সন্তুষ্ট নই। আমার অভিনয় দেখে শুটিং সেটে সিনিয়র অনেকেই বলেন ভালো হয়েছে। তখন ভালো লাগে কিন্তু পরে যখন দেখি, তখন আমার পছন্দ হয় না। মনে হয় আরও ভালো করা যেত। আসলে ভালো অভিনেত্রী পরিচয়ের জন্য আমি যোগ্য নই।
প্রশ্ন :
তাহলে অভিনয়ের প্রশংসা শুনলে কী মনে হয়?
বাইরে বের হলেই শুনতে হয়, জনপ্রিয় অভিনেত্রী, কখনো ভালো অভিনেত্রী। এই পরিচয়গুলোর সঙ্গে আমি মানানসই নই। সবাই ভালো অভিনেত্রী বললে আমার এথিকসে লাগে। নিজেকেই প্রশ্ন করি, আসলেই কি তা–ই? না। সবাই আমাকে অভিনেত্রী পরিচয় দিচ্ছেন, এটাকে আমি ডিজার্ব করতে চাই। আমি হঠাৎই অভিনয়ে এসেছিলাম। এখন অনেক কিছু শিখছি। আমার অভিনয়কে আরও ইম্প্রুভ করতে চাই। দর্শকদের কাছে একজন অভিনেত্রী হয়ে উঠতে চাই। এখন মোশাররফ করিমসহ সিনিয়রদের সঙ্গে কাজের সুযোগ হলেই অভিজ্ঞতা অর্জনকে প্রায়োরিটি দিই। আমি আহামরি কোনো সুন্দরী নই কিন্তু ভালো অভিনেত্রী হতে চাই।