আমাদের কাছে কাজটাই মুখ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রের নতুন ফোরামের সদস্য হয়েছেন শাকিব খান। গত বৃহস্পতিবার তিনি শেষ করলেন আমি নেতা হব ছবির শুটিং।  এখন বাকি কেবল গানগুলো। গতকাল শুক্রবার সকাল থেকে শুরু করেছেন বুবলীর সঙ্গে নতুন ছবি চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়ার শুটিং। আরও একটি ছবির কাজে শিগগিরই যাচ্ছেন কলকাতায়। এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বললেন তিনি।

শাকিব খান
শাকিব খান

‘আমি নেতা হব’ তো প্রায় শেষ, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ শুরু করলেন?
হ্যাঁ, গতকাল থেকে এফডিসিতে ছবিটির কাজ শুরু হয়েছে। পরিচালক উত্তম আকাশ, নায়িকা বুবলী। একটি ডিসকো বারে মারপিটের দৃশ্য দিয়ে ছবির কাজ শুরু হয়েছে। ১১ অক্টোবর পর্যন্ত ঢাকায় এর কাজ চলবে। ১২ তারিখ কলকাতায় যাচ্ছি।

কলকাতায় কী? নতুন ছবির কাজ?
সেখানে জয়দীপ মুখার্জির চালবাজ ছবির ভারতের অংশের শুটিং করার কথা আছে। তবে কবে থেকে শুটিং শুরু হবে, তা এখনো ঠিক হয়নি। একটু ঝামেলা আছে। কবে থেকে শুরু করা যায়, সেটা ওখানে গিয়েই সিদ্ধান্ত নেব। চালবাজ ছবির শেষাংশের কাজ হবে বাংলাদেশে।

‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির নাম শুনেই মনে হচ্ছে, আপনার ও বুবলীর একটি নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। তাই না?
হ্যাঁ। এর আগে আমি আর বুবলী একসঙ্গে চারটি ছবিতে কাজ করেছি। সব কটিই রোমান্টিক-অ্যাকশন ঘরানার শহুরে গল্পের ছবি। ছবিটি সম্পূর্ণ আঞ্চলিক ভাষার এবং কমেডি ধাঁচের। সংলাপ নিয়ে খেলার জায়গা আছে। ঠিকঠাকমতো কাজটি তুলে আনতে পারলে দুজনের জন্য বড় রকমের ধামাকা হতে পারে এই ছবি।

পর্দায় বুবলীর সঙ্গে আপনার রসায়নটা জমে উঠেছে বলে মনে করছেন?
হ্যাঁ, দর্শকেরা ভালোভাবেই নিয়েছেন আমাদের। আমাদের যে চারটি ছবি মুক্তি পেয়েছে, সেগুলো নিয়েই দর্শকেরা আলোচনা করেছেন। সবচেয়ে বড় কথা, বুবলীর প্রথম ছবি বসগিরি হিট হয়েছে। ছবির ‘দিল দিল’ গানটি দুই কোটিবারের বেশি দেখেছেন দর্শকেরা। এই গানটি বাংলাদেশের চলচ্চিত্রের গানে ইতিহাস সৃষ্টি করেছে।

বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম-এর সদস্য হলেন। এ নিয়ে কিছু বলবেন?
তেমন কিছু বলার নেই। এই স্বাধীন দেশে যে কেউ সংগঠন করতেই পারেন। এই ফোরামে চলচ্চিত্রের সব শাখার লোকেরা আছেন, এটাই বড় কথা। সবাই এক জায়গায় থেকে, একসঙ্গে মিলেমিশে চলচ্চিত্রকে এগিয়ে নিতে কাজ করতে পারবেন। চলচ্চিত্রের আরও সংগঠন আছে। তারা তাদের মতো কাজ করবে, আমরা আমাদের জায়গা থেকে কাজ করব। আমাদের কাছে কাজটাই মুখ্য।

সাক্ষাৎকার: শফিক আল মামুন