আমাদের চলচ্চিত্রের ভবিষ্যৎ তরুণদের ওপরই নির্ভর করছে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০–এ ১১টি বিভাগে পুরস্কৃত হয়েছে গাজী রাকায়েত এর চলচ্চিত্র ‘গোর’। সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবিটি এবারের অস্কার রিমাইন্ডার লিস্টেও জায়গা করে নিয়েছিল। ছবিটি ইংরেজি ভাষায়ও তৈরি হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তি, চলচ্চিত্র অঙ্গন নিয়ে তাঁর চিন্তাভাবনাসহ নানা প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে
প্রশ্ন :
অভিনন্দন, আপনার সিনেমাটি ১১টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে?
ধন্যবাদ। একটি চলচ্চিত্রের শ্রেষ্ঠ চলচ্চিত্র ওবং শ্রেষ্ঠ পরিচালক হওয়াটা একজন পরিচালকের জন্য ভীষণ আনন্দের। আমার ছবি হয়তো অন্য কোনো ডিপার্টমেন্টে পুরস্কৃত হলো, কিন্তু সেরা পরিচালক হলাম না, তাহলে কিন্তু আমি কষ্টই পেতাম। একজন পরিচালক একটি চলচ্চিত্রের ক্যাপ্টেন অব দ্য শিপ, এই ক্যাপ্টেন অব দ্য শিপকে যখন সম্মানিত করা হয়, তখন প্রতিটি বিভাগকেই কিন্তু সম্মানিত করা হয়। এই জায়গা আমার কাছে অনেক অনেক বেশি আনন্দের। চলচ্চিত্রের ক্ষেত্রে আমাদের দেশের সর্বোচ্চ স্থানে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমি এটা বিশ্বাস করি, যত দিন বাংলাদেশ থাকবে, এই চলচ্চিত্রের ইতিহাসও থাকবে। একজন পরিচালক হিসেবে আমাকে ইতিহাসের অংশ করে ফেলায় ভালো লাগছে। এই অ্যাওয়ার্ড অনেক অ্যাওয়ার্ডের বড়।
প্রশ্ন :
‘গোর’ তৈরির অভিজ্ঞতা একটু শেয়ার করেন?
আমার কাছে সব সময় চলচ্চিত্রকে মনে হয়, সব কলার একটি সমন্বয়। কাজেই এখানে শুধু অভিনয়ে আর গল্পে জোর দিলেও হবে না। সব ক্ষেত্রেই জোর দিতে হবে। ‘মৃত্তিকা মায়া’ শুটিং শুরু হয়েছিল অক্টোবরের ১ থেকে ১৬ তারিখ, এরপর আবার ১ নভেম্বর শুরু হয়ে ১০ তারিখ শেষ হয়েছে। ‘গোর’ চলচ্চিত্রের কাজও দুই লটে একই দিন–তারিখে শেষ হয়েছে। এটা কীভাবে হলো জানি না। তবে এটার কারণ হচ্ছে, প্রি–প্ল্যানিং। প্রি–প্রোডাকশন ডিজাইন এসব খুব গোছানো ছিল। যেহেতু আমি মেইন কাস্ট করছিলাম, ওই দিকটায় নজর দিতে বেশি হয়েছে। আমার কাছে এই সব মিলিয়ে অভিজ্ঞতাটা অসাধারণ।
প্রশ্ন :
বাংলাদেশের বর্তমান চলচ্চিত্রের সংকট কী বলে মনে হয় আপনার কাছে?
অনেক সংকট, আমি যদি বলি, চলচ্চিত্রটা এখন উল্টো স্রোতে চলছে। মূল শ্রোতে ফিরিয়ে আনতে সরকার এবং চলচ্চিত্রের সবাই মিলে এমন একটা মাস্টার প্ল্যান করতে হবে। এই মাস্টার প্ল্যান পাঁচ বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আমাদের দেশে ফিন্যান্সার এবং প্রডিউসারকে আলাদা করতে হবে। প্রডিউসার ইজ নট আ ফিন্যান্সার—এই কনসেপ্ট পরিষ্কার করতে হবে। ২ নম্বর হলো চিত্রনাট্য, এই দেশে চিত্রনাট্যকারের সম্মানী হতে হবে চলচ্চিত্রে অন্য সব ক্ষেত্রের চেয়ে অনেক বেশি। চিত্রনাট্যের দু–একটা কেস ছাড়া প্রতিটা ক্ষেত্রে চিত্রনাট্যকারের সম্মানী সবার ওপরে রাখতে হবে। হলিউড কিংবা বলিউডের ক্ষেত্রে আমরা এমনটা দেখি। ৩ নম্বর হচ্ছে আমাদের চলচ্চিত্রগুলো এখন সিনেপ্লেক্স বেইজড হচ্ছে। কিন্তু সিনেপ্লেক্সে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত যেতে পারছে না। প্রতিটি উপজেলায় সিনেমা কেন্দ্র তৈরি করতে হবে। আরেকটি কথা হচ্ছে, সরকারকে চলচ্চিত্রে বিনিয়োগ করতে হবে, তবে সেটা মোটেও অনুদান নয়। প্রতি মাসে একটি করে সিনেমা বানাতে হবে। অলরেডি এ নিয়ে আমার একটা রিসার্চ ওয়ার্ক তৈরি করা আছে, পরিচালক সমিতির সবাইও এটার অ্যাপ্রিশিয়েট করেছে।
প্রশ্ন :
বাংলাদেশের তরুণ নির্মাতাদের চলচ্চিত্র দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে? আপনি কীভাবে দেখছেন ব্যাপারটি?
সত্যিকার অর্থে, আমরা যতই হইচই করি না কেন, আমাদের চলচ্চিত্র গত ৫০ বছরে বিশাল কিছু করে ফেলেছি, এমনটা ভাবার কিছু নেই। চলচ্চিত্র নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গেলে আমার দৈন্য বোঝা যায়। তো এ রকম একটি জায়গায় দাঁড়িয়েও ‘রেহানা মরিয়ম নূর’–এর মতো একটি প্রোডাকশন কান চলচ্চিত্র উৎসবে গেছে, মোস্তফা সরয়ার ফারুকীর প্রোডাকশনগুলো আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হচ্ছে, অমিতাভ রেজার কাজগুলোও হচ্ছে। সামনে আরও অনেক তরুণ আসছে। পৃথিবীর শ্রেষ্ঠ ছবিগুলো তরুণদের হাতেই হয়েছে। কাজের তরুণদের বিষয়টি অনেক পজিটিভ। আরেকটি হচ্ছে, তারা অনেক আপডেটেড, প্রযুক্তিগতভাবেও। একজন তরুণ যখন চলচ্চিত্র নির্মাণে আসে, তখন সে সময়ের সঙ্গে প্রযুক্তিকে বুঝে কাজে হাত দেয়। যে কারণে তরুণদের ওপরই নির্ভর করে চলচ্চিত্রের ভবিষ্যৎ। তবে তরুণেরা চলবে পুরোনোদের অভিজ্ঞতার গাইডলাইনে।
প্রশ্ন :
মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রের শিল্পীদের সমিতির নির্বাচন নিয়ে এফডিসিতে বেশ শোরগোল হয়েছে। অথচ সিনেমা নিয়ে এফডিসিতে এমন উন্মাদনা দেখা যায় না। এ বিষয়ে আপনার মন্তব্য কী?
শিল্পী সমিতি নিয়ে যা হচ্ছে, এটা তো আমাদের বাংলাদেশের ওভারঅল চিত্র। একজন ভালো অভিনেতা বা নির্মাতা কখনোই সমিতিকেন্দ্রিক নন। সারা পৃথিবীর চিত্রই এটা। অভিনয়শিল্পীদের নেতা হতে হলে তাঁকে অবশ্যই গ্রহণযোগ্য এবং ভালো অভিনেতা হতে হবে। একই সঙ্গে সাংগঠনিক ক্ষমতা থাকতে হবে। এই যে সাংগঠনিক ক্ষমতা এবং যোগ্যতা, একসঙ্গে পাওয়াটা খুব দুষ্কর। যাঁর যোগ্যতা আছে, তিনি সংগঠক হতে চান না, আবার যিনি সংগঠন করেন, তাঁর অভিনয়ে যোগ্যতা নেই—দ্বন্দ্বটা কিন্তু এই জায়গায়। কোনো এক সময় একজন সংগঠক এবং যোগ্য ব্যক্তি এক হয়ে যাবেন। তাই এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই।
প্রশ্ন :
ভালো ছবি তৈরি হলেও দর্শক হলে যাওয়ার প্রবণতা ধীরে ধীরে কমছে। এর প্রতিকার কীভাবে হতে পারে বলে মনে হয়?
দর্শক কেন যাবেন, তাঁকে হলে নিতে তো একটা এনভায়রনমেনট দিতে হবে। বাংলাদেশের গড় দর্শক যাঁরা, তাঁরা তো এখন নেই। গড় দর্শকেরা কেন ৩০০–৫০০ টাকা খরচ করে সিনেপ্লেক্সে যাবেন। টিকেটের মূল্য কমাতে হবে। এমন চলচ্চিত্র তৈরি করতে হবে, যেন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত যেতে পারে। আমাদের দুই ধরনের চলচ্চিত্র আছে—একটি হচ্ছে গাননির্ভর, আরেকটি গান ছাড়া। কিন্তু আমাদের সবকিছুর প্রতি সুন্দর নজর দিতে হবে। গল্প ভালো হলেই শুধু হবে না, চিত্রনাট্যও ভালো হতে হবে, নির্মাণটা ভালো হতে হবে। সবকিছু মিলিয়ে একটা সুন্দর ছবি তৈরি হতে হবে। এই মুহূর্তে যদি ভালো ছবি তৈরি হওয়া শুরু করে, পুরোনো হলগুলোও ধুয়ে–মুছে সবাই চালু করে দেবে। তো, দর্শক যে যাচ্ছেন না, তার জন্য দায়ী আমরা। অনেকে বলতে পারেন, এখন তো সিনেমা দেখার জন্য অনেক মাধ্যম তৈরি হয়েছে। কিন্তু সিনেমা বড় পর্দায় দেখার যে আনন্দ, তা কোনো দিন মোবাইল বা কম্পিউটারে হবে না, হতে পারেও না। সিনেমা ও সিনেমা হলের মজা কখনো ছোট স্ক্রিনে হয় না, হতে পারে না। দর্শক যেতে পারছেন না কারণ, পরিবেশ নেই, হল নেই, কনটেন্ট নেই, ভালো নির্মাণ নেই, তাহলে দর্শক কেন যাবেন। আমরা কিন্তু ছোটবেলা থেকে দেখেছি, সিনেমার কিছু দর্শক ছিলেন, প্রতি সপ্তাহে প্রথম দিনে প্রথম শো দেখতেন। সেই দর্শক কী এখন বাংলাদেশে আছে। সেই দর্শককে প্রেক্ষাগৃহে ফেরাতে সবদিক থেকে নজর দিতে হবে।
প্রশ্ন :
নতুন ছবির কাজের খবর বলুন।
অনেকগুলো স্ক্রিপ্ট মাথায় গিজগিজ করছে। সামনে বছর একটা হয়তো অনুদানে জমা দেব। একটি গল্পের নাম এখন বলতে পারি, ‘একজন মানুষের কতটুকু জমির প্রয়োজন’।