আমাদের দুজনকে নাকি খুব ভালো মানিয়েছে
>কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত ছবি শিকারি। এটি পরিচালনা করেছেন বাংলাদেশের জাকির হোসেন ও ভারতের জয়দেব। শিকারিতে প্রথম একসঙ্গে অভিনয় করেছেন কলকাতার মেয়ে শ্রাবন্তী ও বাংলাদেশের অভিনেতা শাকিব খান। প্রচারের অংশ হিসেবে গত ২১ জুন ঢাকায় এসেছিলেন শ্রাবন্তী। মাঝে এক দিন থেকে ২৩ জুন কলকাতায় উড়াল দেন। ওই সময়ই কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।

বাংলাদেশ নিয়ে ভাবনাটা কেমন?
বাংলাদেশের সঙ্গে একটা নাড়ির টান তো আছেই। এ ছাড়া ফেসবুক ও টুইটারে এ দেশে আমার প্রচুর ভক্ত, দর্শক আছেন। তবে ঢাকায় আসার আগে ঢাকার যানজট নিয়ে ভয়ে ছিলাম।
তাই নাকি?
প্রথমবার যখন এক দিনের জন্য এখানে এসেছিলাম, তখন বিমান থেকে নেমে দুই ঘণ্টার ট্রাফিকে আটক হয়েছিলাম। এবার যখন বিমানে করে আসছিলাম, তখন মনে মনে যানজটের কথাই ভাবছিলাম। বিমান থেকে নেমে সেটা সত্যি হলো। এবারও প্রায় ঘণ্টা দেড়েক আটক ছিলাম।
ঢাকাতে নেমে ‘শিকারি’ ছবিটি নিয়ে কী শুনছেন?
খুব ভালো। ‘হারাব তোকে’ গানটি তো ইউটিউবে রীতিমতো ঝড় তুলেছে। কলকাতা বাদই দিলাম, আমার জানামতে হিন্দি ছবিতেও এত অল্প সময়ে ইউটিউবে একটি গানের এত দর্শক হয় কি না, আমার জানা নেই। এই অভূতপূর্ব সাড়া দেখে আমি আমার দিদিকে জিজ্ঞাসা করেছি, ইউটিউবের দর্শক সব সত্যি তো!
ছবিটি মুক্তির আগে গান দেখে শাকিব-শ্রাবন্তী জুটিকে কীভাবে দেখছেন?
কলকাতাতে তো আছেই, এখানে এসেও শুনছি আমাদের দুজনকে নাকি খুব ভালো মানিয়েছে। এমনকি কলকাতার জনপ্রিয় তারকা দেবও আমাকে এ কথা বলেছেন।
যৌথ প্রযোজনার ছবিটি তাহলে আপনাদের দুজনের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে?
নিশ্চয়ই হতে পারে। একটি বাণিজ্যিক ছবিতে হিরো-হিরোইন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার আর শাকিবের রসায়নটা এই এখানে ভালো মানিয়েছে।
অন্য প্রসঙ্গে যাই। বাংলাদেশের কোন নায়িকাকে আপনার ভালো লাগে?
অপু বিশ্বাসের কথা অনেক শুনেছি। ইউটিউবে তাঁর অভিনীত বেশ কিছু গানের দৃশ্য দেখেছি। ভালো লেগেছে।
এখানকার সংগীতশিল্পী?
আমি তো এখানকার তপুর ‘এক পায়ে নূপুর’ গানটি পাগলের মতো শুনি। হাবিবের ‘তোমাকে ছাড়া আমি কী নিয়ে বাঁচব’ গানটিও। এই গানটি এত ভালো লাগে যে আমার অভিনীত একটি ছবিতে প্রযোজককে বলে ব্যবহার করেছি। হৃদয় খানের গানও ভালো লাগে।
আবার অন্য প্রসঙ্গ। প্রথম প্রেমে পড়েছিলেন কবে?
যখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি, তখন পাড়ার একটি ছেলের প্রেমে পড়েছিলাম। ওকে আমার খুব ভালো লাগত। ছেলেটি তখন বিদ্যামন্দির স্কুলে দশম শ্রেণির ছাত্র। স্কুলটি আমার বাড়ির পাশেই। ছেলেটি বাড়ির সামনে প্রায়ই দাঁড়িয়ে থাকত। কিন্তু দুজনের খুব একটা কথা হতো না। একবার সে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি কার্ড উপহার দিয়েছিল। আমাদের এই ভালো লাগা, ভালোবাসা প্রায় দেড় বছরের মতো ছিল। একটা সময় শুটিংয়ে ব্যস্ত হয়ে গেলাম। দেখাদেখিও কমে এল। এভাবেই ছেদ পড়ে গেল। এখনো দেখা হয়, কিন্তু কথা হয় না। মাঝেমধ্যে মনে তো পড়ে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন