অভিনয় শিল্পী হিসেবে তখন একটু কষ্ট লাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়েন্ট ফ্যামিলি নাটকের টিনা ভাবি হিসেবে দর্শকদের কাছে পরিচিত সুষমা সরকার। রাফাত মজুমদার পরিচালিত নাটকটির ৫০তম পর্ব প্রচারিত হলো। নাটক, দেশের বাইরের ছবিতে অভিনয়, ক্যারিয়ার ও ব্যক্তিগত নানা প্রসঙ্গে কথা বললেন এই অভিনেত্রী।
জয়েন্ট ফ্যামিলি নাটকের টিনা ভাবি হিসেবে দর্শকদের কাছে পরিচিত সুষমা সরকার
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

‘জয়েন্ট ফ্যামিলি’র সাড়া কেমন?

নাটকের দর্শক ভাগ হয়ে যাচ্ছে। ইউটিউব, নেটফ্লিক্স, আমাজনসহ সব ওটিটির দর্শক আছে। দর্শকদের কাছে পৌঁছানো এখন মুশকিল। সরাসরি রেসপন্সও কমে গেছে। কিন্তু এই নাটক থেকে সাড়া পাচ্ছি। দর্শক হিসেবেও এটা আমার পছন্দের একটি কাজ। ফ্যামিলি ড্রামা মানেই অনেক ইমোশন, সিরিয়াস সব ব্যাপার—সেই বিষয়গুলো এখানে নেই। থাকলেও সেটাকে সহজভাবে তুলে ধরা হয়েছে।

প্রশ্ন :

আপনাকে প্রায়ই ‘ভাবি’ চরিত্রে পাওয়া যায়। কেন?

আমার অনেক অপ্রাপ্তি আছে। পড়াশোনা অনুযায়ী অভিনয়কেই পেশা হিসেবে নিয়েছি, কিন্তু ভালো চরিত্র পাই না। প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাই না, সেই আক্ষেপটা আছে। তবে অল্প কিছু নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছি।

অভিনয় নিয়ে অনেক অপ্রাপ্তি আছে তাঁর
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

প্রধান চরিত্রে কাজের সুযোগ পান না কেন বলে মনে করেন?

এটা আমাদের দেশের শিল্পীদের দুর্ভাগ্য। একবার একধরনের চরিত্র দর্শকপ্রিয়তা পেলে নির্মাতারা তাঁদের ওই একই চরিত্রের জন্য বারবার ডাকেন। কিন্তু এর বাইরেও যে অনেক চরিত্র আছে, সেটা কেউ আবিষ্কার করে না। অভিনয় শিল্পী হিসেবে তখন একটু কষ্ট লাগে। যিনি নোয়াখালীর ভাষা জানেন বা কমেডি চরিত্রে অভিনয় করেন, তাঁকে বারবার একই ধরনের কাজগুলো করতে হয়।

প্রশ্ন :

দেখলাম সুবর্ণা মুস্তাফা আপনার বাড়িতে। সেদিন বিশেষ কোনো আয়োজন ছিল?

আমার মেয়ে গল্প ভারতে পড়তে যাচ্ছে। সে বিভিন্ন রকম বেকারি খাবার বানায়। তাকে দেখার জন্যই সুবর্ণা আপা বাসায় এসেছিলেন। আপা আসবেন বলে অন্য সহকর্মীদেরও আসতে বলেছিলাম। আপার সঙ্গে অভিনয় করতে পারব—এটাই কখনো ভাবিনি, অথচ তিনিই আমার বাড়িতে এলেন। সুবর্ণা আপাকে রান্না করে খাইয়েছি, এটাই আমার কাছে অন্য রকম ভালো লাগার ব্যাপার।

সুষমাদের বাসায় সুবর্ণা মুস্তাফা, শাহেদ আলী, মমসহ অন্যান্যরা
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

সুবর্ণা মুস্তাফার সঙ্গে পরিচয় কীভাবে?

আপার সঙ্গে দুটি নাটকে অভিনয় করেছি। সেখান থেকেই ফিজিক্যাল পরিচয়। সে অনেক আগের কথা। আমার মেয়ে দুরন্ত টিভির একটি সিরিয়ালে অভিনয় করত, সেখানেই সুবর্ণা আপার সঙ্গে আমাদের ভালোভাবে পরিচয় হয়। এখন মেয়ের মাধ্যমেই সুবর্ণা আপার সঙ্গে সখ্য।

প্রশ্ন :

বিদেশি একটি সিনেমায় অভিনয়ের কথা শুনেছিলাম।

ব্রিটিশ–বাংলাদেশি পরিচালক সাদিক আহমেদের আ ব্লেসড ম্যান সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সেটার সবকিছুই চূড়ান্ত হয়ে আছে। কোভিডের কারণে শুটিং পিছিয়ে গিয়েছিল। ঈদের পর শুটিং হতে পারে।

প্রশ্ন :

আপনার পছন্দের চরিত্রের দেখা কি পেয়েছেন?

কিছু চরিত্র পেয়েছি। তার মধ্য নূরুল আলম আতিকের নোলক নাটকের ‘পদ্ম’ আমার পছন্দের চরিত্র ছিল। এখন ওটিটি প্ল্যাটফর্ম ও সিনেমায় অনেক গুরুত্ব দিয়ে কাজ করা হয়। এখানে আরও ভালো কাজের আশায় আছি। ওটিটি আমাদের মতো অভিনেত্রীদের আশার আলো দেখিয়েছে।

গল্প ভেবেই এখন শুটিং করেন সুষমা
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

এখন কী নিয়ে ব্যস্ততা?

শুটিং নেই। গড়পড়তায় কাজ করছি না। ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় আছি। পছন্দের কাজগুলোর জন্য তৈরি হচ্ছি। ইতিমধ্যে বিটিভির জন্য ১০–এ দশ নামে একটি মুক্তিযুদ্ধের সিরিয়াল করছি। নূরুল আলম আতিকের অ্যান্থলজি সিরিজে কাজ করব। জিফাইভের একটি কাজ করেছি। পেয়ারার সুবাস, গাঙকুমারীসহ চারটি সিনেমা মুক্তি অপেক্ষায়।

প্রশ্ন :

সংসার কেমন চলছে?

সংসার ভালোই চলছে। ঢাকা শহরে এই সময়েও এসে জয়েন্ট ফ্যামিলিতে বাস করি। শ্বশুর–শাশুড়ির সঙ্গেই থাকি।

জয়েন্ট ফ্যামিলী নাটকের শুটিংয়ে সহশিল্পীদের সঙ্গে সুষমা সরকার
ছবি: সংগৃহীত