আমাদেরও দায়িত্ব থাকে সেরা কাজটা দেওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সুবর্ণা মুস্তাফা l ছবি: সংগৃহীত
সুবর্ণা মুস্তাফা l ছবি: সংগৃহীত
মঞ্চ এবং টিভি নাটকের অন্যতম সেরা অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার চলচ্চিত্রে অভিষেক হয় সালাউদ্দিন জাকির ঘুড্ডি ছবিতে। নতুন বৌ ছবিতে অভিনয়ের জন্য পেয়েছেন শ্রেষ্ঠ পার্শ্ব–অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যদিও এই পুরস্কার তিনি গ্রহণ করেননি। তাঁর মতে, এটি পার্শ্ব–চরিত্র ছিল না, ছিল কেন্দ্রীয় চরিত্র। দীর্ঘ বিরতির পর আবার সুবর্ণা মুস্তাফা অভিনয় করলেন দুটি অনুদানের চলচ্চিত্রে। একটি বদরুল আনাম সৌদের গহীন বালুচর, দ্বিতীয়টি মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে মোরশেদুল ইসলামের আঁখি ও তার বন্ধুরা। দুটি চলচ্চিত্র নিয়েই কথা হয় তাঁর সঙ্গে।

কেমন ছিল এবারের অভিনয় পরিভ্রমণ?

দুটি দুই রকম গল্প। গহীন বালুচর-এ আমি আসমা চরিত্রে অভিনয় করেছি। চর দখল নিয়ে দুই গ্রামের মারামারিতে আঘাত পায় মেয়েটি। সেই থেকে সে হাঁটাচলা করতে পারে না, চেয়ারে বসে থাকে। কোথাও যেতে হলে চেয়ারটি বাঁশে ঝুলিয়ে নিয়ে যেতে হয় তাকে। এই ছবির শুটিং হয়েছে বরিশালের দপদপিয়ায়, আমার দাদাবাড়িতে। গত ২১ ডিসেম্বর শুটিং শুরু  হয়ে ২১ জানুয়ারি ক্যামেরা ক্লোজ করেন পরিচালক।

বদরুল আনাম সৌদের নাটকে অনেক কাজ করেছেন। তাঁর প্রথম চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা কেমন?

সৌদের ডলস হাউস নাটকে কাজ করতে গিয়ে দেখেছি, সে দায়িত্ব নিয়ে কাজ করে। তার সীমান্ত, গহীনে, পিঞ্জর, এলেবেলে, গ্রন্থিকগণ কহেন, উপসংহারসহ আরও বেশ কিছু নাটকে কাজ করেছি। সব নাটকেই চলচ্চিত্রের একটা স্বাদ পেয়েছি। সৌদ নিজের কাজটায় ভীষণভাবে মিশে যায়, সততার সঙ্গে করে। যে দৃশ্য সে ধারণ করতে চায়, অভিনয়শিল্পী যিনিই থাকুন, সৌদ তাঁর কাছ থেকে সেটি আদায় করে নেবেই। তো ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’ যখন তার দুই শ ভাগ শ্রম দিচ্ছে, তখন আমাদেরও দায়িত্ব থাকে সেরা কাজটা দেওয়ার।

‘গহীন বালুচর’ চলচ্চিত্রটিকে আমরা কেমন ছবি বলব?

এটি একটি প্রেমের গল্প। রোমিও-জুলিয়েটের মতোই। যে ছবিতে শেষ পর্যন্ত প্রেমিক-প্রেমিকার মিলন হয় না। পৃথিবীর সব প্রেমের গল্পের মতো এটিও বিয়োগান্ত। 

এবার ‘আঁখি ও তার বন্ধুরা’। এই ছবির গল্পটিও তো একটু অন্য রকম...

এই ছবিতে আমি একটি স্কুলের প্রিন্সিপাল। আগের প্রিন্সিপাল স্কুলে বাচ্চাদের কড়া শাসনে রাখতেন। তাদের খেলতে দিতেন না, বেত দিয়ে মারতেন। নতুন প্রিন্সিপাল হিসেবে যোগ দিয়ে সেই সব নিয়ম পাল্টে দিই আমি। মূলত একটি বিশেষ শিশুকে নিয়েই এই ছবির গল্প। মেয়েটি অন্ধ। ছবির প্রকৃত মেসেজ হচ্ছে, যদি কেউ মানসিক প্রতিবন্ধী না হয়, তবে তাকে আলাদা না করে সবার সঙ্গে মিশিয়ে দেওয়া।

অনুদানের ছবির জন্য যে অর্থ দেওয়া হয়, সেটি কি যথেষ্ট বলে আপনি মনে করেন?

যথেষ্ট বলে মনে হয় না। সৌদের সঙ্গে গহীন বালুচর-এ কাজ করতে গিয়ে দেখেছি, ছবির যে বাজেট, অনুদানের টাকায় তার অর্ধেকও হয় না। এই ছবিটির কাজ করাও কষ্টকর হতো যদি ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনালের কাছ থেকে আর্থিক সহযোগিতা না পেতাম, দীপ্ত টিভি এগিয়ে না আসত।

অতীতে অনুদান পাওয়া অনেক ছবি আজও আলোর মুখ দেখেনি। যেহেতু সরকার অনুদানের ছবি থেকে কোনো লাভ নিচ্ছে না, তাই আমি মনে করি, প্রতিবছর সাতটি ছবিকে (চারটি ফিচার ফিল্ম, তিনটি শিশুতোষ) অনুদান দেওয়ার প্রয়োজন নেই। বরং অনুদানের অঙ্ক বাড়িয়ে চারটি (তিনটি ফিচার ফিল্ম ও একটি শিশুতোষ) চলচ্চিত্রের জন্য অনুদান দিলে ছবিগুলোর কাজ আরও ভালোভাবে করা সম্ভব। 

সাক্ষাৎকার:কবির বকুল