আমার আরও সময় দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

আপাতত সিনেমায় অভিনয়ের শখ নেই অভিনেত্রী শখ–এর। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সে কথাই বললেন তিনি। সেই সঙ্গে বললেন আরও অনেক কথা। জানালেন গতকাল সোমবার থেকে বাংলাভিশনে সম্প্রচার শুরু হওয়া নতুন ধারাবাহিক মহাগুরুর খবর। এখন থেকে প্রতি রবি ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে দেখা যাবে নাটকটি।

শখ
শখ

কোথায় শুটিং করছেন আজ?

উত্তরায়। ধারাবাহিক নাটকটির নাম বউ বকা দেয়।

নতুন ধারাবাহিক ‘মহাগুরু’ শুরু হয়েছে। দর্শক কেন দেখবেন নাটকটি?

দেখবেন। কেননা, কাজ করার সময় আমি নিজেই খুব উপভোগ করেছি। দর্শকেরাও উপভোগ করবেন। আমি পুরান ঢাকার মেয়ে, গেন্ডারিয়ায় বড় হয়েছি। তবে নাটকে এবারই নিজের অঞ্চলের অর্থাৎ ঢাকাইয়া মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সংলাপ থেকে শুরু করে অভিব্যক্তি, সাজপোশাক সবকিছুতে আমার এলাকার ছাপ আছে। সেসব দর্শকদের চোখে পড়বে। নাটকে আমি এলাকার ‘গুন্ডা’ টাইপের একটা মেয়ে, কিন্তু মনটা অনেক ভালো। সবার বিপদে-আপদে সাহায্য করি। তা ছাড়া নাটকে এ টি এম শামসুজ্জামান, মোশাররফ করিম, নিলয় অভিনয় করছেন। তাঁদের কারণে নাটকটি আরও উপভোগ্য হয়ে উঠবে।

নাটকে নিলয় কি আপনার নায়ক? ঘরে-বাইরে সবখানে নিলয় কেন?

এই নাটকে নিলয় আমার পাশের এলাকার ছেলে। আমার মতো তারও এলাকায় দারুণ প্রভাব। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রতিবারের মতো এবারও ভালো লেগেছে। আসলে সে (নিলয়, শখের স্বামী) থাকলে কাজটা সহজ হয়ে যায়। বোঝাপড়ার বিষয় থাকে অনেক, সেগুলোতে সমস্যা হয় না। তাই ঘরে-বাইরে সবখানে নিলয় পাশে থাকলে আমার ভালোই লাগে।

সহশিল্পী হিসেবে মোশাররফ করিমকে পাশে পাওয়ার অভিজ্ঞতা কেমন?

এই নাটকের প্রথম ধাপের কাজ শেষ। এই ধাপে মোশাররফ ভাইয়ের সঙ্গে আমি নেই। তবে এ মাসেই সম্ভবত নতুন ধাপের কাজ শুরু হবে। সেখানে মোশাররফ ভাইয়ের সঙ্গে শুটিং আছে। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ মানে অন্য রকম আনন্দ। তিনি দারুণ হেল্পফুল আর কেয়ারিং। প্রথম ধাপের শুটিংয়ে যতটা মজা হয়েছে, সামনে এর থেকেও বেশি হবে।

ঢালিউডের ছবিতে নতুন ও ইতিবাচক অনেক পরিবর্তন আসছে। অনেক টিভি অভিনেত্রী সিনেমায় ঝুঁকছেন। আপনি কী ভাবছেন?

আপাতত সিনেমা নিয়ে ভাবছি না। আমি আসলে এখনো সিনেমার জন্য পুরোপুরি প্রস্তুত নই। মাঝে যেগুলোতে করেছি, সেসবে দর্শকদের ভালোবাসা পেয়েছি। কিন্তু আমার আরও সময় দরকার। নিজেকে যেদিন সিনেমার জন্য যথোপযুক্ত মনে করব, সেদিনই সিনেমায় অভিনয় করব।

শখের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ শোনা যায়। তাঁকে নাকি সহজে পাওয়া যায় না। ব্যাপারটি কি সত্যি?

আপনিই বলুন। আমাকে খুঁজে পেতে আপনার কোনো সমস্যা হয়েছে? আসল ব্যাপার হলো, যাঁদের সঙ্গে নিয়মিত কাজ করি, আমাকে খুঁজে পেতে তাঁদের কোনো সমস্যা হয় না। কোনো কারণে ফোন ধরতে না পারলে পাঠিয়ে রাখা খুদে বার্তা দেখে আমিই ফোন করি। অপরিচিত নম্বরের ফোন ধরি না। কারণ, আগে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে।

সাক্ষাৎকার: আদর রহমান